এশিয়া কাপ খেলতে রওনা দিলেন সূর্য-হার্দিকরা, কাল থেকেই পুরোদমে অনুশীলন গম্ভীরের তত্ত্বাবধানে
এশিয়া কাপ খেলতে আজই দুবাই পৌঁছে গেলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। কাল সন্ধ্যায় পুরোদমে প্রস্তুতি সারবে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত।
মেন ইন ব্লু নামবে এশিয়া কাপ খেতাব ধরে রাখার লক্ষ্যে। এবারের এশিয়া কাপ হবে টি২০ ফরম্যাটে। রোহিত শর্মা, বিরাট কোহলিরা অবসর নিয়েছেন। সূর্যদের ভরসা তাই তরুণ তুর্কিদের ব্রিগেড।

এবার ভারতীয় দলের ক্রিকেটাররা একসঙ্গে রওনা হননি। বিভিন্ন শহর থেকে ক্রিকেটাররা দুবাই রওনা দেন। মুম্বই বিমানবন্দরে ফুরফুরে মেজাজে দেখা গেল অধিনায়ক সূর্যকুমার যাদব ও অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়াকে। হেড কোচ গৌতম গম্ভীরও আজই দুবাই পৌঁছেছেন। সহ অধিনায়ক শুভমান গিল বেঙ্গালুরু থেকে বিমান ধরেছেন বলে খবর।
এশিয়া কাপের আয়োজক ভারত। তবে সংযুক্ত আরব আমিরশাহীতে সব ম্যাচ হবে। টুর্নামেন্টের আগে ভারতে প্রস্তুতি শিবিরও হয়নি। যা হবে দুবাইয়েই। কাল স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে ঘণ্টা তিনেকের অনুশীলন রাখা হয়েছে আইসিসি আকাদেমিতে।
এশিয়া কাপ শুরু হচ্ছে সেপ্টেম্বরের ৯ তারিখ। ভারতের প্রথম ম্যাচ ১০ সেপ্টেম্বর দুবাইয়ে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে। ১৪ সেপ্টেম্বর রয়েছে ভারত-পাকিস্তান দ্বৈরথ। এই ম্যাচটিও হবে দুবাইয়ে। ১৯ সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে ভারত খেলবে আবু ধাবিতে। ২০ সেপ্টেম্বর থেকে শুরু সুপার ফোরের দ্বৈরথ।












Click it and Unblock the Notifications