Modi Met Indian Team: রোহিতকে কোন প্রশ্ন মোদীর? বিরাট-বুমরাহর কাছে কী জানতে চাইলেন প্রধানমন্ত্রী?
Modi Met Indian Team: টি২০ বিশ্বকাপজয়ী দল আজ বিকেলে পৌঁছে গেল মুম্বইয়ে। বিমানবন্দর থেকে মেরিন ড্রাইভ- কয়েক হাজার মানুষ বিশ্বজয়ীদের স্বাগত জানাতে হাজির।
তার আগে আজ সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ সারল ভারতীয় দল। ছিলেন বিসিসিআই কর্তারাও।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিসিসিআই, ভারতীয় ক্রিকেটারদের সোশ্যাল মিডিয়ায় সেই সাক্ষাতের ছবি পোস্ট করা হয়েছে। সংবাদমাধ্যমের কাছে এসে ৭, লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে টি২০ বিশ্বকাপজয়ী দলের সঙ্গে প্রধানমন্ত্রীর আলাপচারিতার ভিডিও।
সেই ভিডিওতেই দেখা গিয়েছে একপাশে টি২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদ্যপ্রাক্তন হেড কোচ রাহুল দ্রাবিড় ও অপর পাশে অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে চেয়ারে বসে গল্প করছেন প্রধানমন্ত্রী। ক্রিকেটারদের সঙ্গে হাজির বিসিসিআই সভাপতি রজার বিনি, সচিব জয় শাহ।
রবীন্দ্র জাদেজার স্ত্রী তথা বিজেপি বিধায়ক রিভাবা, জসপ্রীত বুমরাহ স্ত্রী সঞ্জনাও গিয়েছিলেন প্রধানমন্ত্রীর বাসভবনে। বুমরাহর পুত্রকে কোলে নিয়েছিলেন প্রধানমন্ত্রী। সকলেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়ে আপ্লুত। তবে যে ভিডিও প্রকাশ করা হয়েছে তাতে অডিও না থাকায় শোনা যায়নি মোদী বিশ্বজয়ীদের কী বললেন।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ, রোহিত শর্মার কাছে প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন, টি২০ বিশ্বকাপ জেতার মাটির স্বাদ কেমন লেগেছিল? উল্লেখ্য, ভারতের বিশ্বজয়ের পরই রোহিত চলে গিয়েছিলেন পিচে। পিচ থেকে মাটি নিয়ে মুখে দিয়েছিলেন। এই ছবি ভাইরাল হয়। উইম্বলডনের ফেসবুকে তা শেয়ার করে মনে করানো হয়, উইম্বলডন জেতার পর একইভাবে কোর্টের ঘাস মুখে দিয়েছিলেন নোভাক জকোভিচ।
বিরাট কোহলির ব্যাটে ফাইনালে দায়িত্বশীল অর্ধশতরান এসেছে। কিন্তু গোটা টুর্নামেন্টে রান পাচ্ছিলেন না। ব্যর্থতাই সঙ্গী হচ্ছিল বারবার। এমনকী ভালো শুরুর পরেও বড় রান পাননি। সেই সময় বিরাট ফাইনাল নিয়ে কী ভাবছিলেন, তা জানতে চান মোদী।
ফাইনালে কয়েকটি উইকেট পড়তেই অক্ষর প্যাটেলকে ব্যাটিং অর্ডারে উপরে নিয়ে আসা হয়েছিল। সেই সময় তাঁর মনের মধ্যে কোন ভাবনা চলছিল সে সম্পর্কেও জিজ্ঞাসা করেন প্রধানমন্ত্রী। দক্ষিণ আফ্রিকার হেইনরিখ ক্লাসেন ও ডেভিড মিলার যখন ম্যাচ প্রায় বের করে ফেলছিলেন, তখন বুমরাহর মনে কোন ভাবনা এসেছিল, সেটাই জানতে চান মোদী।
টি২০ বিশ্বকাপে সামগ্রিক পারফরম্যান্স এবং বিশেষ করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালে শেষ ওভার করতে যাওয়ার সময় তাঁর মনে কী কী ভাবনা ছিল সে সম্পর্কে প্রধানমন্ত্রী জানতে চান হার্দিক পাণ্ডিয়ার কাছে। সূর্যকুমার যাদব বাউন্ডারি লাইনে দারুণভাবে তালুবন্দি করেন মিলারের ক্যাচ। ওই ৭ সেকেন্ডের অভিজ্ঞতা সূর্যর কাছে জানতে চান প্রধানমন্ত্রী।












Click it and Unblock the Notifications