বিরাটদের মহড়া শুরু কেপ টাউনের নিউল্যান্ডসে, বিসিসিআইয়ের পোস্টেই কি প্রথম একাদশের ইঙ্গিত?
সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে গিয়েছিলেন বিরাট কোহলিরা। জোহানেসবার্গে কোহলি খেলতে পারেননি পিঠের চোটের কারণে। লোকেশ রাহুলের নেতৃত্বে সেই টেস্টে পরাস্ত হয় টিম ইন্ডিয়া। কেপ টাউনে সিরিজ জয়ের হাতছানি রয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা দুই দলের কাছেই। পরিসংখ্যান প্রোটিয়াদের পক্ষে থাকলেও, শক্তির নিরিখে ফেভারিট ভারতই।
|
বিরাট স্বস্তি
ভারতীয় শিবিরে স্বস্তি এনে দিয়েছে বিরাট কোহলির ফিটনেস। গতকাল কেপ টাউনে পৌঁছানোর পর আজ থেকেই নিউল্যান্ডসে অনুশীলন শুরু করল ভারত। পুরোদমে ব্যাটিং অনুশীলন করতে দেখা গেল বিরাট কোহলিকে। ভারতের টেস্ট দলের অধিনায়ককে দেখা যায় অনুশীলন শুরুর আগে সতীর্থদের উদ্বুদ্ধ করতেও। কেপ টাউনের পিচ বরাবরই পেস সহায়ক হয়। এবারও তার ব্যতিক্রম হবে না।
— BCCI (@BCCI) January 9, 2022 |
পেসেই বাজিমাত?
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার বুঝিয়ে দিয়েছেন, ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপে আঘাত হানতে পেস আক্রমণের উপরই নির্ভর করবে তাঁর দল। হবে নাই বা কেন, প্রথম দুই টেস্টেই দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ সুবিধা করতে পারেননি। তবে একইসঙ্গে ভারতের পেস আক্রমণের সামনেও নিউল্যান্ডসের পিচে কঠিন পরীক্ষা দিতে হবে প্রোটিয়া ব্যাটারদের। দক্ষিণ আফ্রিকার বর্তমান দলটি আগেকার দলগুলির তুলনায় দুর্বলতম। সেই সঙ্গে ভারতীয় পেস আক্রমণেও বদল আসার কথা। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পাশাপাশি চলতি সিরিজে চেনা ফর্মের ধারেকাছেও নেই মহম্মদ সিরাজ। তাঁর জায়গায় উমেশ যাদব বা ইশান্ত শর্মা প্রথম একাদশে আসবেন। অভিজ্ঞতার নিরিখে ইশান্ত এগিয়ে থাকলেও ফর্মের নিরিখে উমেশই শেষ হাসি হাসতে পারেন।
— BCCI (@BCCI) January 9, 2022 |
মহড়া জোরকদমে
ভারতীয় দলের অনুশীলনে দেখা গিয়েছে, চেতেশ্বর পূজারাকে পরামর্শ দিচ্ছেন হেড কোচ রাহুল দ্রাবিড়। অজিঙ্ক রাহানেও নেটে অনেকক্ষণ ব্যাট করেছেন। জোহানেসবার্গ টেস্টে দ্বিতীয় ইনিংসের হাফ সেঞ্চুরি তাঁর আত্মবিশ্বাস যে বাড়িয়েছে তা তাঁর বডি ল্যাঙ্গুয়েজে স্পষ্ট। ঋষভ পন্থের জায়গায় নির্ণায়ক তৃতীয় টেস্টে ঋদ্ধিমান সাহাকে খেলানোর পরামর্শও দিয়েছেন অনেকে। কিপিংয়ের দক্ষতায় অনেক এগিয়ে ঋদ্ধি। ব্যাট হাতে পন্থের ব্যর্থতা ঋদ্ধিকে নিয়ে ভাবতে বাধ্য করছে।
— Newlands Cricket (@NewlandsCricket) January 9, 2022 |
প্রথম একাদশ নিয়ে জল্পনা
বিরাট আসায় বাদ পড়ছেন হনুমা বিহারী। বিসিসিআই আজ সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটারদের অনুশীলনের যে ছবি পোস্ট করেছে তাতে পন্থ বা বিহারীকে দেখা যায়নি। বরং পোস্ট করা হয়েছে ঋদ্ধির প্র্যাকটিসের ছবি। রয়েছে ইশান্ত শর্মার ক্লোজ ছবিও। তা দেখে অনেকে বলছেন, বোর্ডের সোশ্যাল মিডিয়ার পোস্টেই কি প্রথম একাদশের ইঙ্গিত দিল বিসিসিআই। যদিও এটা ভেবে নেওয়ার কোনও কারণই নেই। কেন না, উমেশ বা ইশান্ত- দুই দিনের অনুশীলনে যিনি বেশি ছন্দে থাকবেন তিনিই আসবেন প্রথম একাদশে। ভারতীয় দলের অনুশীলন দেখে প্রথম একাদশ সম্পর্কে আঁচ পাওয়ার বিষয়টিও দীর্ঘদিন ধরে উঠেই গিয়েছে। তবে এতদিন টেস্টের দুই দিন আগে দুজন সাংবাদিক বৈঠক করতেন। বোর্ডের তরফে তা জানানো হতো। আজ কেউ সাংবাদিক বৈঠক করেননি। হেড কোচ দ্রাবিড় বলেছিলেন, শততম টেস্টের আগে কেপ টাউনে কথা বলবেন বিরাট। কিন্তু এটি তাঁর শততম টেস্ট হচ্ছে না। ফলে কাল সাংবাদিক বৈঠকে কে আসেন সেটাই দেখার।












Click it and Unblock the Notifications