আইপিএলের পাঁচটি অনন্য রেকর্ড যা না জানলে পিছিয়ে পড়বেন
গত দশ বছরে কিছু অনন্য আইপিএল রেকর্ড তৈরি হয়েছে যা ক্রিকেটপ্রেমী হিসাবে না জানলে পিছিয়ে পড়বেন। আইপিএলের সেই অনন্য কয়েকটি রেকর্ড দেখে নিন একনজরে।
আইপিএল ক্রিকেট নিয়ে আগ্রহ ও উন্মাদনা ভারত ছাড়িয়ে সারা ক্রিকেট বিশ্বে ছড়িয়ে পড়েছে। প্রতিবছর নতুন নতুন তারার জন্ম হচ্ছে আইপিএলে। তারপরে সেই ক্রিকেটাররাই বিশ্ব ক্রিকেট শাসন করছে। দশ বছরে আইপিএল বদলেছে অনেকটাই। বদলে গিয়েছে অনেক পুরনো মুখ। নতুনরা সেই ভিড়ে জায়গা করে নিয়েছেন। তবে গত দশ বছরে কিছু অনন্য আইপিএল রেকর্ড তৈরি হয়েছে যা ক্রিকেটপ্রেমী হিসাবে না জানলে পিছিয়ে পড়বেন। আইপিএলের সেই অনন্য কয়েকটি রেকর্ড দেখে নিন একনজরে।

বিরাট কোহলির চার শতরান
২০১৬ আইপিএলে অনবদ্য খেলে টুর্নামেন্টের সেরা হয়েছেন বিরাট কোহলি। মোট চারটি শতরান করেছিলেন সেবছর। এক মরশুমে এতগুলি শতরান করা এক রেকর্ড হয়ে রয়েছে। সেবছর মোট ৯৭৩ রান করেন বিরাট। এটাও এক অনন্য রেরর্ড হয়ে রয়েছে।
[আরও পড়ুন:প্রথম দশটি আইপিএল সিজনে কোন দলের পারফরম্যান্স গ্রাফ কেমন ছিল ]

অ্যারন ফিঞ্চের দলবদল
ফিঞ্চ আইপিএলে অনন্য রেকর্ড গড়েছেন। একমাত্র খেলোয়াড় হিসাবে এই নিয়ে সাতটি ফ্র্যাঞ্চাইজিতে খেলছেন তিনি। শুরু করেছিলেন রাজস্থান রয়্যালস দিয়ে। তারপরে দিল্লি ডেয়ারডেভিলস, পুনে ওয়ারিয়র্স, সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাত লায়ন্সে খেলার পরে এবছর কিংস ইলেভেন পাঞ্জাবে খেলছেন ফিঞ্চ।

প্রতিবার প্লে অফে চেন্নাই
২০০৮ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত পরপর আটবার আইপিএল খেলে আটবারই শেষ চারে জায়গা করেছে চেন্নাই। আর কোনও দলের এই কৃতিত্ব নেই। ২০১৬-১৭ এই দুবছর চেন্নাই সাসপেন্ড ছিল। প্রতিবারই অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি।

মিশ্রর তিনটি হ্যাটট্রিক
একমাত্র বোলার হিসাবে আইপিএলে তিনবার হ্যাটট্রিক করেছেন অমিত মিশ্র। ডেকান চার্জার্স, পুনে ওয়ারিয়র্স ও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অমিত মিশ্র হ্যাটট্রিক করেন। মোট তিনবার তিনি চার উইকেট নিয়েছেন। একবার নিয়েছেন পাঁচ উইকেট।

গেইলের ছক্কা বৃষ্টি
ক্রিস গেইল ২০১৭ সাল পর্যন্ত ১০০টি ইনিংসে ২৬৫টি ছক্কা হাঁকিয়েছেন। তার অনেক পরে রয়েছেন সুরেশ রায়না। তিনি এই আইপিএলের আগে পর্যন্ত প্রথম দশ বছরে ১৫৭টি ইনিংসে ১৭৩টি ছক্কা হাঁকিয়েছেন। গেইলের এই রেকর্ড আদৌও ভাঙা যাবে বলে মনে হয় না।












Click it and Unblock the Notifications