গোলাপি বলের টেস্টে অনন্য রেকর্ড গড়লেন ভারতীয় পেসাররা, বিস্তারিত জেনে নিন
ইডেন গার্ডেন্সে দেশের প্রথম গোলাপি বলের টেস্টে বাংলাদেশকে এক ইনিংস ও ৪৬ রানে হারিয়েছে ভারত।
ইডেন গার্ডেন্সে দেশের প্রথম গোলাপি বলের টেস্টে বাংলাদেশকে এক ইনিংস ও ৪৬ রানে হারিয়েছে ভারত। গোলাপি বল, টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির শতরান ও ভারতীয় পেসারদের দাপটে কার্যত আত্মসমর্পণ করেন বাংলাদেশী ব্যাটসম্যানরা। এই ম্যাচেই এক অনন্য নজির গড়েছেন টিম ইন্ডিয়ার তিন পেসার। জেনে নিন পরিসংখ্যান।

ভারতীয় পেসারদের ১৯
ইডেন গার্ডেন্স টেস্ট দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের মোট ১৯ জন ব্যাটসম্যান আউট হন। ১৯টি উইকেটই নেন ভারতীয় পেসাররা। ম্যাচে ৯টি উইকেট নেন ইশান্ত শর্মা। ৮ ও ২ উইকেট নেন যথাক্রমে উমেশ যাদব ও মহম্মদ শামি।

ভারতীয় পেসারদের রেকর্ড
দেশের মাটিতে একই টেস্টে প্রতিপক্ষের সব ব্যাটসম্যানকে আউট (একজন অবসৃত) করার নজির এই প্রথম গড়ল ভারতীয় পেসাররা। তাঁদের পারফরম্য়ান্সে উচ্ছ্বসিত দেশের ক্রীড়া মহল।

তালিকায় আর কোন টেস্ট
২০১৭ সালে ইডেন গার্ডেন্সেই শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে ১৭ উইকেট নিয়েছিলেন ভারতীয় পেসাররা। ১৯৩৪ সালে চেন্নাইয়ে ইংল্যান্ডের ১৬ জন ব্যাটসম্যানকে আউট করেছিলেন ভারতীয় ফাস্ট বোলাররা। সম সংখ্যক উইকেট ১৯৭৯ ও ১৯৯৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে যথাক্রমে দিল্লি ও কলকাতা টেস্টে নেন ভারতীয় পেসাররা।

স্মরণীয় ইশান্ত
দেশের মাটিতে প্রথম গোলাপি বলের ম্যাচের প্রথম ওভার বল করে এবং প্রথম উইকেট নিয়ে নজির গড়েন ভারতীয় পেসার ইশান্ত শর্মা। ম্যাচে ৯ উইকেট (প্রথম ইনিংসে ৫ উইকেট সহ) নেন ইশান্ত। তাঁকে ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা করা হয়। দেশের প্রথম গোলাপি বলের টেস্টে ম্যাচের সেরা হওয়ায়ও কম গর্বের নয়।












Click it and Unblock the Notifications