ওভাল টেস্টের আগে বিরাটদের কঠিন কাজের নির্দেশ রবি শাস্ত্রীর, ভারতের প্রথম এগারো নিয়ে রইল ধোঁয়াশা
চতুর্থ টেস্ট শুরুর আগের দিন সাংবাদিক বৈঠক এড়িয়ে গেলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আজ ভার্চুয়াল প্রেস কনফারেন্সে পাঠানো হয়েছিল বোলিং কোচ ভরত অরুণকে। ভারতীয় দলের প্রথম একাদশ নিয়ে ধোঁয়াশা রেখেছেন তিনি। যদিও মনে করা হচ্ছে, ইংল্যান্ডের মধ্যে সবচেয়ে বেশি স্পিন-সহায়ক ওভালে রবিচন্দ্রন অশ্বিন ভারতের প্রথম একাদশে ফিরতে পারেন তিনটি টেস্টে বসে থাকার পর।

অশ্বিন কামব্যাকের অপেক্ষায়
এই মাঠেই সমারসেটের বিরুদ্ধে কাউন্টি ম্যাচে সারের হয়ে অশ্বিন ২৭ রানে ৬ উইকেট তুলে নিয়েছিলেন দ্বিতীয় ইনিংসে। ভরত অরুণ বিরাট কোহলির মতোই বলেছেন, কালই প্রথম একাদশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এটা অত্যন্ত দুর্ভাগ্যের যে অন্যতম সেরা বোলার অশ্বিনকে বাইরে রেখে আমাদের নামতে হচ্ছে। তবে সরাসরি না বললেও অনুকূল পরিস্থিতিতে ওভালে অশ্বিনকে খেলানোর ইঙ্গিত দিয়েই রেখেছেন ভারতের বোলিং কোচ। তিনি এটাও বলেন, পিচ থেকে সাহায্য পেলে বল হাতে অশ্বিন কতটা বিপজ্জনক হতে পারেন সে সম্পর্কে ওয়াকিবহাল ইংল্যান্ড শিবিরও। ভারতীয় বোলারদের পারফরম্যান্স নিয়েও উদ্বিগ্ন নন অরুণ। তিনি বলেন, কম রানের পুঁজি নিয়েও আমাদের বোলাররা ভালো বোলিং করেছেন। ফলে একটা ইনিংসে ইংল্যান্ড চারশো পেরিয়েছে বলে সেই প্রেক্ষিতে বোলিং শক্তিকে যাচাই করা ঠিক নয়। স্ট্যান্ডবাই ক্রিকেটার থেকে তড়িঘড়ি মূল দলে প্রসিদ্ধ কৃষ্ণকে নিয়ে আসা প্রসঙ্গে অরুণ বলেন, বোলারদের ওয়ার্কলোডের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ। জাদেজার ফিটনেস নিয়েও কোনও সংশয় নেই বলে দাবি ভরত অরুণের।

মধুর স্মৃতি থেকে মোটিভেশন
ভারতীয় কোচ রবি শাস্ত্রী থেকে বোলিং কোচ ভরত অরুণ সকলেই দলের সাফল্যের স্মৃতি স্মরণে রেখেই ওভালে দলকে ঝাঁপাতে বলছেন। শাস্ত্রী এক অনুষ্ঠানে বলেছেন, যদিও এটা বলার চেয়ে কাজে করা কঠিন তবু বলব লর্ডস টেস্টের কথাই মাথায় রেখে চতুর্থ টেস্টে নামতে হবে। লিডসের কথা মাথার বাইরে রাখতে হবে। লর্ডসে প্রথম থেকে চালকের আসনে ছিল ইংল্যান্ড। তা সত্ত্বেও শেষ পর্যন্ত লড়াই করে আমরা জয় ছিনিয়ে নিয়েছি। এই কথা মাথায় রেখেই পরের টেস্ট খেলতে হবে। প্রথম টেস্টে ৭৮ রানে অল আউট হওয়াতেই ইংল্যান্ড লিডসে জিতেছে। তবে সিরিজ এখনও যে কেউ জিততে পারে। বেশি চাপ থাকবে ইংল্যান্ডের উপরই। কারণ, ঘরের মাঠে সিরিজ জেতার ব্যাপারে প্রত্যাশার চাপ থাকবে। আমরা যেমন ঘরের মাঠে সিরিজ জিতে আমাদের কাজ সেরেছি। আমরা এখন ইংল্যান্ড সফরে এসেছি, সিরিজ ১-১, ফলে ইংল্যান্ডই বেশি চাপে। অস্ট্রেলিয়ায় ৩৬ রানে গুটিয়ে যাওয়ার পর ভারতের সিরিজ জয়ের উদাহরণ দিয়ে দলকে তাতাচ্ছেন বোলিং কোচ ভরত অরুণ। তিনি বলেন, সেবার যদি আমরা পেরে থাকি, এবারও আমরা ঘুরে দাঁড়াব। তাছাড়া এ বছরই চেন্নাইয়ে প্রথম টেস্টে হেরে গিয়েও আমরা ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতেছিলাম। ফলে এবারও তার পুনরাবৃত্তি ঘটতেই পারে।

তৈরি ইংল্যান্ড
১৯৭১ সালে ওভালে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর আর এখানে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের মুখ দেখেনি। তারপর থেকে পাঁচটি টেস্ট ড্র হয়েছিল। শেষ তিন সাক্ষাতে বড় পরাজয়। তবে ওভালে ব্যাটসম্যানরা যেমন বড় রান করে থাকেন, তেমনই স্পিনারদের সাফল্যও রয়েছে। জস বাটলার না থাকায় ইংল্যান্ড সহ অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে মঈন আলির নাম। মঈন বলেন, শুধু ওভালেই স্পিনাররা সাহায্য পান এমনটা নয়। বিভিন্ন মাঠে বিভিন্নরকমভাবে সাহায্য মেলে। তবে সাধারণত ওভালের উইকেট যেমন হয় এবার তার চেয়ে বেশি ঘাস রয়েছে। ফলে স্পিনারদের শেষের দিকে সহযোগিতা পাবেন বলেই মনে করা হচ্ছে। ভারতের স্পিনারদের সম্পর্কে মঈন বলেন, অশ্বিনকে না খেলানো আমাদের অবাক করেছে। তবে রবীন্দ্র জাদেজা চার পেসারের সঙ্গেই ভালো বোলিং করেছেন, তিনি ভালো ব্যাটসম্যানও। ফলে আমার দলে জাদেজা সব সময় থাকবেন। কিন্তু আমাদের ধারণা ভারত এই টেস্টে অশ্বিনকে খেলাবে। বিরাট কোহলিরা যে প্রত্যাঘাত করবেন সে ব্যাপারে সতর্ক রয়েছে ইংল্যান্ড শিবির। চলতি সিরিজে লর্ডস টেস্টে সুযোগ পেয়েছিলেন টেস্ট দলে, দুই বছর পর। এবার তিনি সহ অধিনায়ক। রুটচের অধিনায়কত্বে নিজের দায়িত্ব পালনেই বেশি মনোযোগী মঈন।

প্রথম একাদশ নিয়ে জল্পনা
ভারতীয় দলের প্রথম একাদশ নিয়ে ধোঁয়াশা রয়েছে। ভরত অরুণ ওয়ার্কলোডের যে কথা বলেছেন তাতেও বড় পরিবর্তনের ইঙ্গিত রয়েছে বোলিং বিভাগে। ইশান্ত শর্মার বাদ পড়া নিশ্চিত। তবে ভারত এই টেস্টে তিন পেসার ও দুই স্পিনারে যেতে পারে। দুই স্পিনারে গেলে অশ্বিন ও জাদেজা থাকছেন। তিন পেসার হিসেবে মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরাহ পাকা। আইপিএল ও টি ২০ বিশ্বকাপের কথা ভেবে মহম্মদ শামির জায়গায় উমেশ যাদবকে খেলানো হতে পারে। এক স্পিনারে ভারত খেললে অশ্বিনই খেলবেন। সেক্ষেত্রে ইশান্তের জায়গায় আসবেন শার্দুল। উমেশ শামির জায়গায়। প্রসিদ্ধ কৃষ্ণকে ওয়ার্কলোডের কথা ভেবে কভার হিসেবে রাখা হলেও তাঁর টেস্ট অভিষেক ঘটিয়েও চমক দিতে পারে ভারত। সবমিলিয়ে টেস্টের আগের দিন ভারতের প্রথম একাদশ নিয়ে নানা জল্পনা চলছে। অশ্বিন এই টেস্টে খেললে এবং চার উইকেট পেলে টেস্টে ভারতের তৃতীয় সর্বাধিক উইকেটশিকারী হিসেবে হরভজন সিংয়ের ৪১৭টি উইকেটের রেকর্ড স্পর্শ করতে পারবেন।

ইংল্যান্ড দলেও পরিবর্তন
ইংল্যান্ডকেও উইনিং কম্বিনেশন ভাঙতে হচ্ছে। জস বাটলার না থাকায় তাঁর জায়গায় দলে আসবেন অলি পোপ। উইকেটকিপিং করবেন জনি বেয়ারস্টো। ক্রিস ওকস গত বছরের পর ফের টেস্ট ম্যাচ খেলতে চলেছেন। লিডসের বাকি ক্রিকেটাররা সকলেই দলে থাকবেন। বিশ্বের ১ নম্বর টেস্ট ব্যাটম্যান হিসেবে নামবেন জো রুট। তাঁকে এই ম্যাচে সহজে প্রথমদিকে রান করতে দিতে চাইছে না ভারত। শেষ তিনটি টেস্টে শতরান করেছেন। ভারতীয় বোলিং কোচ ভরত অরুণের দাবি, ব্যাটিংয়ের শুরুতে সহজে রান করতে পেরেই বড় ইনিংস খেলেছেন ইংল্যান্ড অধিনায়ক। এটা আটকাতে হবে। তবে আর ৮৪ রান করলেই এক ক্যালেন্ডার ইয়ারে ইংল্যান্ডের হয়ে সর্বাধিক টেস্ট রানের রেকর্ড ভেঙে দেবেন রুট। সেটা হতেই পারে ওভালে। আর একটি উইকেট পেলেই জিম লেকারকে টপকে যাবেন মঈন খান এবং সাত উইকেট পেলে ইংল্যান্ডের দ্বিতীয় স্পিনার হিসেবে টেস্টে তাঁর ২০০ উইকেট হবে।
💬 We are ready to bounce back in the next Test: B Arun 🗣️#TeamIndia looking positive ahead of The Oval Test 💪🏻#ENGvIND pic.twitter.com/81KGyU8nqN
— BCCI (@BCCI) September 1, 2021












Click it and Unblock the Notifications