করোনা আক্রান্ত রবি শাস্ত্রী নেই পঞ্চম টেস্টের ড্রেসিংরুমে, বিরাট কোহলিরা কার্যত অভিভাবকহীন
আশঙ্কাটা ছিল। সেটাই সত্যি হল। ল্যাটেরাল (Lateral) ফ্লো টেস্টে ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রীর করোনা পজিটিভ রিপোর্ট এসেছিল। পুরোপুরি নিশ্চিত হতে ভারতীয় দল অপেক্ষায় ছিল আরটি-পিসিআর রিপোর্টের। সেই টেস্টেও দেখা গিয়েছে ৫৯ বছরের রবি শাস্ত্রী করোনা আক্রান্ত। ফলে তাঁকে অন্তত ১০ দিন আইসোলেশনে থাকতে হবে। সে কারণে বিরাট কোহলিরা শেষ টেস্টের আগে কার্যত অভিভাবকহীন হয়ে পড়লেন।

করোনা পজিটিভ শাস্ত্রী
ঋষভ পন্থ করোনা আক্রান্ত হওয়ার পর থেকে প্রতিদিন ল্যাটেরাল ফ্লো টেস্ট চলছে ভারতীয় দলের। সকলকে সেল্ফ টেস্টিং কিট দেওয়া হয়েছে। ল্যাটেরাল ফ্লো টেস্ট আসলে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। তাতে সব সময় যে সঠিক রিপোর্ট আসে তা নয়। এই পরীক্ষার রিপোর্ট পজিটিভ এলে তখন কেউ করোনা আক্রান্ত কিনা তা নিশ্চিত হতে আরটি-পিসিআর টেস্ট হয়। রবি শাস্ত্রীর দুটি ল্যাটেরাল ফ্লো টেস্টের রিপোর্টই পজিটিভ আসায় আরটি-পিসিআর পরীক্ষা করানো হয়। সেই রিপোর্টেও দেখা গিয়েছে ভারতীয় দলের হেড কোচ করোনা আক্রান্ত। ভারতীয় দলের কাল ম্যাঞ্চেস্টার যাওয়ার কথা। শাস্ত্রীকে লন্ডনের হোটেলেই থাকতে হবে। ফলে পঞ্চম টেস্টে দলের সঙ্গে তাঁর থাকার প্রশ্নই নেই। নিয়ম অনুযায়ী, ১০ দিনের আইসোলেশনে থাকার পাশাপাশি দুটি আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট আসার পরই নিভৃতবাস থেকে বেরোতে পারবেন শাস্ত্রী।

তিন সাপোর্ট স্টাফও আইসোলেশনে
শাস্ত্রীর করোনা পরীক্ষার প্রাথমিক রিপোর্ট পজিটিভ আসার পর শনিবার সন্ধ্যা ও রবিবার সকালে ভারতীয় দলের সকলেরই ল্যাটেরাল ফ্লো টেস্ট হয়েছিল। কিন্তু তাতে কারও রিপোর্টই পজিটিভ না আসায় স্বস্তি মেলে। নাহলে ওভাল টেস্ট সম্পূর্ণ করা নিয়েই সমস্যা তৈরি হত। ক্রিকেটাররা কেউ করোনা আক্রান্ত না হওয়ায় তাঁদের মাঠে যাওয়ার অনুমতি দেওয়া হয়। কিন্তু শাস্ত্রীর সংস্পর্শে আসা বোলিং কোচ ভরত অরুণ, ফিজিও নীতীন প্যাটেল ও ফিল্ডিং কোচ আর শ্রীধরকেও আইসোলেশনে রাখা হয়। আরটি-পিসিআর টেস্টে ভরত অরুণ ও আর শ্রীধরের নমুনা পজিটিভ এসেছে। তবে প্যাটেলের রিপোর্ট নেগেটিভই এসেছে। উল্লেখ্য, শ্রীলঙ্কায় দেখা গিয়েছিল ক্রুণাল পাণ্ডিয়া করোনা আক্রান্ত হওয়ার পর যাঁরা আইসোলেশনে ছিলেন তাঁদের মধ্যে আবার দুই ক্রিকেটারের করোনা ধরা পড়েছিল। এক্ষেত্রে ভরত অরুণ ও শ্রীধর করোনা পজিটিভ আসায় তাঁদের ১০ দিন আইসোলেশনে থাকতে হবে। দুটি আরটি-পিসিআর রিপোর্ট নেগেটিভ এলে তবেই তাঁরা নিভৃতবাস থেকে মুক্ত হতে পারবেন। শাস্ত্রী মতো বোলিং ও ফিল্ডিং কোচও তাই বিরাটদের সঙ্গে থাকতে পারছেন না। দায়িত্ব সামলাবেন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর।
|
মৃদু উপসর্গ
আজও ভারতীয় দলের টিম হাডলে প্রয়োজনীয় নির্দেশ দিতে দেখা গিয়েছে ব্যাটিং কোচ বিক্রম রাঠোরকে। বিসিসিআই সূত্রে খবর, রবি শাস্ত্রীর গলা ব্যথা-সহ মৃদু করোনা উপসর্গ রয়েছে। জৈব সুরক্ষা বলয়ে থেকেই ভারত ও ইংল্যান্ড টেস্ট সিরিজ খেলছে। ভারতীয় দলের প্রত্যেকেই করোনা ভ্যাকসিনের দুটি করে ডোজ নিয়েছেন। তারপরও শাস্ত্রী কীভাবে করোনার কবলে পড়লেন তা নিয়ে প্রশ্ন উঠছে। মনে করা হচ্ছে, টিম হোটেলে ওভাল টেস্ট শুরুর আগের দিন রবি শাস্ত্রীর বই প্রকাশ অনুষ্ঠান ছিল। সেখানে বাইরের অনেক অতিথিই এসেছিলেন, তাঁরা শাস্ত্রীর কাছাকাছিও পৌঁছে কথা বলেছিলেন। ওই অনুষ্ঠানে ভরত অরুণ, শ্রীধর ও প্যাটেল শাস্ত্রীর কাছাকাছিই ছিলেন। ওই অনুষ্ঠান থেকেই সংক্রমণ ছড়িয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এর আগে, থ্রোডাউন স্পেশ্যালিট দয়ানন্দ গরানি করোনা আক্রান্ত হওয়ায় ভরত অরুণ, ঋদ্ধিমান সাহা ও অভিমন্যু ঈশ্বরনকে দশ দিনের আইসোলেশনে থাকতে হয়েছিল। সে কারণে ঋদ্ধিরা কাউন্টি একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেও খেলতে পারেননি। এবার অরুণকে করোনা পজিটিভ হয়ে আইসোলেশনে থাকতে হচ্ছে।












Click it and Unblock the Notifications