Gautam Gambhir: বেতন ঠিক হওয়ার আগেই ভারতের হেড কোচ গম্ভীর! জাহির খান কি থাকবেন রোহিতদের ড্রেসিংরুমে?
Gautam Gambhir: ভারতীয় দলের হেড কোচ হিসেবে গৌতম গম্ভীরের নাম ঘোষণা করেছে বিসিসিআই। শ্রীলঙ্কা সফরে টি২০ আন্তর্জাতিক সিরিজ দিয়ে ভারতীয় দলে গম্ভীরের নয়া ইনিংস শুরু হচ্ছে।
সংবাদসংস্থা পিটিআইয়ের দাবি, বেতন চূড়ান্ত হওয়ার আগেই হেড কোচ হওয়ার ক্ষেত্রে সম্মতি দিয়েছেন গম্ভীর। যা মনে করাচ্ছে রবি শাস্ত্রীর সময়কালকে।

গম্ভীর কোচ হওয়ার আগে থেকেই জল্পনা ছিল তিনি রাহুল দ্রাবিড়ের থেকে অনেক বেশি বেতন পাবেন। সূত্রের খবর, দ্রাবিড় বার্ষিক ১২ কোটি টাকা বেতন পেতেন। বেতন নিয়ে দর কষাকষিতেই গম্ভীরকে ভারতের হেড কোচ হিসেবে ঘোষণায় বিসিসিআইয়ের দেরি হচ্ছিল বলেও জানা যায়।
তবে বিসিসিআই সূত্রে খবর, ব্যাপারটা তেমন কিছু নয়। গম্ভীর বেতনের বিষয়টি চূড়ান্ত হওয়ার আগে দলের দায়িত্ব নেওয়াকেই অগ্রাধিকার দিয়েছেন। কেন না, বেতন-সহ অন্যান্য বিষয় পরেও চূড়ান্ত করা যাবে। সেই সঙ্গে দ্রুত সাপোর্ট স্টাফ চূড়ান্ত করে দলের প্রস্তুতি শুরু করায় গুরুত্ব দিচ্ছেন।
জানা যাচ্ছে, ২০১৪ সালে চুক্তি চূড়ান্ত হওয়ার আগেই রবি শাস্ত্রী ভারতীয় দলের ডিরেক্টর অব ক্রিকেটের দায়িত্ব নিয়েছিলেন। গম্ভীরের ক্ষেত্রেও ব্যাপারটা তেমনই। বিসিসিআই সূত্রে দাবি, দ্রাবিড় যেমন বেতন পেতেন তার আশেপাশেই থাকবে গম্ভীরের বেতন। কয়েকটি ছোটখাটো বিষয় ঠিক হয়ে গেলেই যা চূড়ান্ত হয়ে যাবে।
সাপোর্ট স্টাফ নিয়োগের ক্ষেত্রে গম্ভীরের পছন্দকেই অগ্রাধিকার দেওয়া হবে। তিনি ন্যাশনাল ক্রিকেট আকাদেমির কোচেদের সঙ্গেও যোগাযোগ রাখবেন। এনসিএ ডিরেক্টর ভিভিএস লক্ষ্মণ ভারতের হেড কোচ হিসেবে এখন জিম্বাবোয়ে সফরে রয়েছেন। লক্ষ্মণ ফিরলেই গম্ভীর ভারতীয় দলের সাপোর্ট স্টাফ, এনসিএর কোচিং স্টাফদের সঙ্গে বসে রোডম্যাপ ঠিক করবেন। সেখানে থাকবেন রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়া এবং নির্বাচক প্রধান অজিত আগরকর।
ভারতীয় দলের ব্যাটিং কোচ হওয়ার দৌড়ে কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ অভিষেক নায়ার। মুম্বইয়ের প্রাক্তন ক্রিকেটার কেকেআরে যেমন প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন, তেমনই অনেক ক্রিকেটারকে ছন্দে ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। রোহিত শর্মার ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে নায়ার একজন। ফলে তিনিই এগিয়ে।
বোলিং কোচ হিসেবে তিনটি নাম উঠে আসছে। লক্ষ্মীপতি বালাজির সঙ্গে নাম ভাসছে জাহির খানের। আবার কিছু সংবাদমাধ্যমের দাবি, গৌতম গম্ভীরের পছন্দ নাকি বিনয় কুমার। যদিও এ সম্পর্কে কোনও কিছুই সরকারিভাবে জানায়নি বিসিসিআই।
ভারতীয় দলের পরবর্তী ফিল্ডিং কোচ হিসেবে জল্পনায় রয়েছে জন্টি রোডসের নাম। যদিও রবি শাস্ত্রী কিংবা রাহুল দ্রাবিড়ের সময় বিদেশি নয়, দেশীয় কোচদের উপরই সাপোর্ট স্টাফ হিসেবে ভরসা রেখেছে বিসিসিআই। শাস্ত্রীর সময় ছিলেন আর শ্রীধর। এনসিএতে কোচিংয়ের পাশাপাশি ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের সাপোর্ট স্টাফ হিসেবে দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা ছিল। একইভাবে টি দিলীপ এনসিএ থেকে ঢুকে পড়েছিলেন দ্রাবিড়ের কোর টিমে। সেক্ষেত্রে মুনীশ বালিকে গম্ভীর-জমানায় ভারতের ফিল্ডিং কোচ হিসেবে দেখা যেতে পারে।












Click it and Unblock the Notifications