বক্সিং ডে টেস্টে ঝকঝকে পারফরম্যান্সের পুরস্কার অশ্বিন-বুমরাহকে! কম যান না স্টার্কও!
বক্সিং ডে টেস্টে ঝকঝকে পারফরম্যান্সের পুরস্কার অশ্বিন-বুমরাহকে! কম যান না স্টার্কও!
২০২০-এর শেষলগ্নে আইসিসি প্রকাশিত টেস্ট ক্রম তালিকার বোলিং বিভাগে বেশ খানিকটা ওঠানামা পরিলক্ষিত হয়েছে। তালিকার প্রথম চারটি স্থান বাদ দিয়ে যে পরিবর্তন সাধিত হয়েছে তাতে লাভ হয়েছে ভারত এবং অস্ট্রেলিয়ার। প্রথম দশে জাঁকিয়ে বসেছেন টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ ও স্পিনার রবিচন্দ্রণ অশ্বিন। অনেকটা উঠেছেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি ফাস্ট বোলার মিচেল স্টার্কও।

অশ্বিন ও জাদেজার উত্তরণ
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টের দুই ইনিংস মিলিয়ে ৬১.১ ওভার বল করে ১৩টি মেডেন সহ ১০৬ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন রবিচন্দ্রণ অশ্বিন। তারই সৌজন্যে ৭৯৩ রেটিং নিয়ে তিনি আইসিসি টেস্ট ক্রম তালিকার সপ্তম স্থানে উঠে এসেছেন। মেলবোর্ন টেস্টে ৬ উইকেট নেওয়ার সৌজন্যে টেস্ট ক্রম তালিকার নবম স্থানে উঠে এসেছেন ভারতীয় ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ। তাঁর রেটিং ৭৮৩।

প্রথম পাঁচে মিচেল স্টার্ক
মেলবোর্ন টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৪ উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক। ফলে আইসিসি টেস্ট ক্রম তালিকার প্রথম পাঁচে জায়গা করে নিয়েছেন অজি ফাস্ট বোলার। ৮০৪ রেটিং নিয়ে ঠিক পঞ্চম স্থানেই অবস্থান করছেন স্টার্ক।

প্রথম স্থানে কে
৯০৬ রেটিং নিয়ে বছর শেষে আইসিসি টেস্ট তালিকার শীর্ষ স্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন প্যাট কামিন্স। ভারতের বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে ৩ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয় ফাস্ট বোলার। গত দুই বছর ধরে একই জায়গা ধরে রেখেছেন কামিন্স।

তালিকার কে কোথায়
৮৪৫ রেটিং নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছেন ইংল্যান্ডের ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রড। তৃতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের নিল ওয়াগনারের রেটিং ৮৩৩। ৮২৬ রেটিম নিয়ে তালিকার চতুর্থ স্থানে অবস্থান টিম সাউদি। তালিকার ৬, ৮ ও ১০ নম্বর স্থানে দাঁড়িয়ে রয়েছেন যথাক্রমে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা, অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউড ও ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন।












Click it and Unblock the Notifications