আমেদাবাদে ভারতীয় ক্রিকেটাররা দেখে নিলেন 'পাঠান', শাহরুখে মজেছেন ডেভিড ওয়ার্নারও
আমেদাবাদে ভারতীয় ক্রিকেটারদের জন্য শাহরুখ খানের পাঠান ছবির বিশেষ স্ক্রিনিং, হাজির শুভমান গিলরা। ডেভিড ওয়ার্নারও পাঠান ছবি দেখে শেয়ার করলেন মজাদার ভিডিও।
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কাল সিরিজ নির্ণায়ক তৃতীয় টি ২০ আন্তর্জাতিকে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। গতকালই আমেদাবাদে পৌঁছে গিয়েছিল ভারতীয় দল। সেখানে ভারতীয় ক্রিকেটারদের জন্য পাঠান ছবির বিশেষ স্ক্রিনিংয়ের বন্দোবস্ত ছিল। ভারতে আসার আগে পাঠানে মজেছেন অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার।

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে আমেদাবাদের কিং খানের ফিল্ম পাঠান দেখতে ভারতীয় ক্রিকেটারদের উপস্থিতি। দেখা গিয়েছে ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, শুভমান গিল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল দেখতে গিয়েছিলেন পাঠান ছবি। সেই ছবি শেয়ার করা হয়েছে শাহরুখ খানের আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। সন্ধ্যার পরই স্ক্রিনিংয়ের ব্যবস্থা হয়েছিল বলে ছবি দেখে আঁচ করা যাচ্ছে।
Pathaan, Men in Blue ki bhi jaan 💙
— KolkataKnightRiders (@KKRiders) January 31, 2023
📸: Ahmedabad Live | #TeamIndia #Pathaan pic.twitter.com/eUl4q0tSC9
শুধু ভারতীয় ক্রিকেটররাই নন, অজি ওপেনার ডেভিড ওয়ার্নারও দেখে নিয়েছেন পাঠান। একটি মজাদার ভিডিও শেয়ার করেছেন যেখানে তাঁকে দেখা যাচ্ছে পাঠান অবতারে। পাঠান যে তাঁর ভালো লেগেছে সেটাও জানিয়েছেন ওয়ার্নার। আগেই ভারতীয় অনেক ছবি দেখেছেন ওয়ার্নার।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় নিশ্চিত করার আগে আজ স্টেডিয়ামে ভারতীয় অনুশীলন করেছে। এখানেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল সূর্যকুমার যাদবের। সেখানে ফিরে স্বাভাবিকভাবেই আবেগপ্রবণ সূর্য। ফিরে যাচ্ছিলেন ২০২১ সালের দিনটিতে। দর্শকঠাসা বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে আরও একবার মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন সূর্য। তাঁর দায়িত্বশীল ইনিংসই ভারতকে লখনউয়ে লো স্কোরিং ম্যাচ জেতাতে সাহায্য করেছে। সূর্যকুমার যাদব এদিন বলেন, ভবিষ্যতে যেমন উইকেটই পাব আমরা সেই অনুযায়ী খেলার চেষ্টা করব। হার্দিকের সঙ্গে এ নিয়ে কথা হয়েছে। কোন পিচে খেলা হচ্ছে বড় কথা নয়। যা আমাদের নিয়ন্ত্রণে রয়েছে সে বিষয়ে সজাগ থেকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াই লক্ষ্য। যে কোনও ফরম্যাটে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে চ্যালেঞ্জ গ্রহণ করেই যে তাঁরা খেলতে চান তা স্পষ্ট করেছেন সূর্য। ঘরোয়া ক্রিকেটে খেলার অভিজ্ঞতা এবং দলের সিনিয়রদের সঙ্গে পরামর্শ নিয়েই যে কোনও পিচে খেলার চ্যালেঞ্জ গ্রহণ করেন সূর্য।












Click it and Unblock the Notifications