এশিয়া কাপে ভারতের জার্সিতে থাকবে না স্পনসরের লোগো! কোন কোন সংস্থাকে প্রবেশে মানা বিসিসিআইয়ের?
এশিয়া কাপে ভারতীয় দলের জার্সিতে থাকবে না লিড স্পনসরের লোগো। হতে পারে তা কয়েকটি ম্যাচের জন্য, কিংবা গোটা টুর্নামেন্টের জন্যেই। তেমন সম্ভাবনাই জোরালো হলো। অবশ্য এশিয়া কাপ চলার মধ্যে বিসিসিআই চূড়ান্ত করে ফেলতেই পারে নতুন স্পনসরের নাম।
আজ থেকে দরপত্র জমা দেওয়ার প্রয়োজনীয় নথি সংগ্রহের প্রক্রিয়া শুরু করে দিল বিসিসিআই। আইইওআই বা ইনভিটেশন ফর এক্সপ্রেশন অব ইন্টারেস্ট পাঁচ লক্ষ টাকা (জিএসটি বাদে) জমা দিয়ে সংগ্রহ করা যাবে। দরপত্র জমা দেওয়ার বা বিড করার শেষ দিন ধার্য হয়েছে সেপ্টেম্বরের ১৬ তারিখ।

এশিয়া কাপ শুরু হয়ে যাচ্ছে ৯ সেপ্টেম্বর, চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। ভারতীয় দল রওনা হবে ৪ সেপ্টেম্বর। সেপ্টেম্বরের ১০ ও ১৪ তারিখ দুবাইয়ে যথাক্রমে সংযুক্ত আরব আমিরশাহী ও পাকিস্তানের বিরুদ্ধে খেলা রয়েছে। ১৯ সেপ্টেম্বর আবু ধাবিতে ভারত-ওমান ম্যাচ। এরপর থাকবে সুপার ফোর পর্ব। এই পর্বে প্রথম স্থানাধিকারী দল খেলবে ফাইনাল।
প্রোমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল সংসদে পাস হয়ে যাওয়ার পরেই সরে দাঁড়িয়েছে স্পনসর ড্রিম ১১। বিসিসিআইয়ের সঙ্গে তাদের চুক্তি ছিল ২০২৬ অবধি, যার পরিমাণ ৩৫৮ কোটি টাকা। বিসিসিআই এবার স্পনসর চূড়ান্ত করার বিষয়ে বেশ সতর্ক। জানিয়ে দেওয়া হয়েছে, অ্যালকোহল ব্র্যান্ড, বেটিং বা জুয়া চালায় এমন সংস্থা, ক্রিপ্টোকারেন্সি, অনলাইন মানি গেমিং, তামাকজাত সামগ্রীর ব্র্যান্ড, পর্নোগ্রাফি-সহ নাগরিকদের আদর্শ ও ভাবাবেগে আঘাত করা এমন কোনও সংস্থা স্পনসর হওয়ার আবেদন করতে পারবে না।












Click it and Unblock the Notifications