টি২০ বিশ্বকাপ শেষের পর দক্ষিণ আফ্রিকা ছুটবেন বিরাট কোহলিরা, প্রকাশিত সম্পূ্র্ণ সূচি
২০২১ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের জানুয়ারির মধ্য দক্ষিণ আফ্রিকায় তিনটি টেস্ট, তিনটি ওয়ান ডে ও চারটি টি২০ ম্যাচ খেলবে ভারত।
টি২০ বিশ্বকাপ শেষ হতেই দক্ষিণ আফ্রিকা সফরের জন্য তোরজোর শুরু করে দেবে ভারতীয় ক্রিকেট দল। মেগা টুর্নামেন্ট শেষ হওয়ার পর প্রোটিয়াদের বিরুদ্ধে মোকাবিলা দিয়েই দ্বিপাক্ষিক অভিযান শুরু হবে বিরাট কোহলিদের। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের তরফে এই মোকাবিলার সম্পূর্ণ সূচি প্রকাশ করা হয়েছে। প্রোটিয়াদের বিরুদ্ধে কবে থেকে অভিযান শুরু করবেন বিরাট কোহলিরা, তা জেনে নিন।

প্রকাশিত সূচি অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা যাবে ভারতীয় ক্রিকেট দল। প্রোটিয়াদের বিরুদ্ধে তাদেরই মাটিতে তিনটি টেস্ট, তিনটি ওয়ান ডে ও চারটি টি২০ ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। ১৭ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে ভারত। জোহানেসবার্গে হবে এই টেস্ট। দুই দলের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ সেঞ্চুরিয়ানে অনুষ্ঠিত হবে। বক্সিং ডে-র এই ম্যাচ ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে। ৩ জানুয়ারি থেকে দুই দলের মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচ শুরু হবে। জোহানেসবার্গে হবে এই ম্যাচ।
টেস্ট সিরিজ শেষ হওয়ার পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদেরই মাটিতে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত। ১১ জানুয়ারি পার্লে দুই দলের মধ্যে প্রথম ৫০ ওভারের মোকাবিলা হবে। ১৪ জানুয়ারি কেপ টাউনে ভারত ও দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় ওয়ান ডে-তে মুখোমুখি হবে। একই মাঠে তৃতীয় ওয়ান ডে ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ১৬ জানুয়ারি থেকে শুরু হবে মোকাবিলা।
পরিশেষে ঘরের মাটিতে ভারতের বিরুদ্ধে চারটি টি২০ ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। ১৯ জানুয়ারি কেপ টাউনে দুই দলের মধ্যে প্রথম ২০ ওভারের ম্যাচ হওয়ার কথা। একই মাঠে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে হবে দ্বিতীয় টি২০। ২১ জানুয়ারি হবে ওই মোকাবিলা। ২৩ ও ২৬ জানুয়ারি পার্লে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ টি২০ ম্যাচ খেলা হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য চলতি বছরের সেপ্টেম্বরেই দক্ষিণ আফ্রিকাার সঙ্গে তিন ম্যাচের টি২০ মোকাবিলায় অংশ নেওয়ার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। কিন্তু করোনা ভাইরাসের জেরে চলতি বছরের আইপিএল স্থগিত হয়ে ফের এই মাসেই শুরু হওয়ার জন্য নির্ধারিত হওয়ায় ভারত বনাম প্রোটিয়া শিবিরের টি২০ মোকাবিলা স্থগিত করে দেওয়া হয়। ২০১৯ সালে ভারত সফরে এসেছিল দক্ষিণ আফ্রিকা। দুই দলের মধ্যে তিনটি টি২০ ও তিনটি টেস্ট ম্যাত হয়েছিল। টি২০ সিরিজ ড্র হলেও ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হতে হয়েছিল প্রোটিয়াদের। ২০২০-র মার্চে ভারতে তিনটি ওয়ান ডে ম্যাচ খেলার কথা ছিল দক্ষিণ আফ্রিকার। বৃষ্টির জন্য প্রথম ম্যাচ ভেস্তে যাওয়ার পর করোনা ভাইরাসে গোটা সিরিজই মুলতুবি করে দেওয়া হয়েছিল।












Click it and Unblock the Notifications