Indian Cricket Team: বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়ার অধিনায়কত্বের দায়িত্বে ফিরছেন ধাওয়ান
বিশ্বকাপের বছরে ভারতীয় দলের অধিনায়কত্বে ফেরানো হচ্ছে শিখর ধাওয়ানকে? কিছুটা অবাক করা হলেও এটাই হতে চলেছে।তবে অবশ্যই টিম ইন্ডিয়ার প্রধান দলের নয়। 'বি' দলের অধিনায়ক হয়েই মেন ইন ব্লুর জার্সি ফের গায়ে তুলতে চলেছেন গব্বর। সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর অনুসারে, এশিয়ান গেমসে পুরুষদের যে ভারতীয় দল পাঠানো হবে, তার অধিনায়ক করা হতে পারে ধাওয়ানকে । সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৭ জুলাই বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে ।
পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী, বিশ্বকাপের কথা মাথায় রেখে রোহিত শর্মা, বিরাট কোহলিদের পাঠাবে না বোর্ড। ভারতের দ্বিতীয় সারির দল পাঠানো হতে পারে এশিয়ান গেমসে। সেই দলের অধিনায়ক করা হতে পারে ধাওয়ানকে। অর্থ্যাত ধাওয়ানের নেতৃত্বেই এশিয়ান গেমসেই প্রথমবার অংশ নিতে চলেছে টিম ইন্ডিয়া। শুধু তাই নয়, ফের একবার জাতীয় দলকে নেতৃত্বও দিতে চলেছেন ধাওয়ান।

২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর অবধি চিনের হাংঝাওতে হবে এশিয়ান গেমস। যেহেতু ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর অবধি হবে ওডিআই বিশ্বকাপ, তাই বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে পুরুষ ক্রিকেট দল হিসেবে ভারতীয় 'বি' টিম পাঠানো হবে। আর সেই দলের নেতৃত্বের ভার থাকবে ধাওয়ানের উপর।
এই বারই প্রথম নয়, এর আগেও ভারতীয় দলের হয়ে ক্যাপ্টেন্সি সামলেছেন শিখর। ২০২১ সালের জুনে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ও টি-২০ সিরিজে ভারতীয় দলকে প্রথম বার নেতৃত্ব দিয়েছিলেন। এরপর ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও তিনি ভারতীয় দলকে নতৃত্ব দিয়েছিলেন।

যদিও ২০২২ সালের ডিসেম্বর মাসে শেষবার দেশের জার্সিতে খেলেন ধাওয়ান। বাংলাদেশের বিরুদ্ধে সেই ম্যাচে রান পাননি। তারপর টিম ইন্ডিয়ার হয়ে খেলার জন্য ডাক পাননি। ২০২৩ সালের আইপিএলে পাঞ্জাব সুপার কিংসেরও অধিনায়ক ছিলেন। যদিও আইপিএলে বিশেষ সাফল্য পায়নি ধাওয়ানের দল।
শিখর ধাওয়ানের মত অভিজ্ঞ ক্রিকেটারকে অধিনায়ক করার পাশাপাশি এশিয়া কাপ ও বিশ্বকাপে যে সকল তরুণ ক্রিকেটাররা সুযোগ পাবেন না, তাদেরও এশিয়ান গেমসের দলে রাখা হবে বলেই খবর বিসিসিআই সূত্রে।

অবশ্য পুরুষ দল দ্বিতীয় সারির পাঠালেও, এশিয়ান গেমসের জন্য বিসিসিআই শক্তিশালী মহিলা দলই পাঠাবে বলে শোনা যাচ্ছে। সেই দলে হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানার মতো প্রথম সারির সকল তারকারাই থাকবেন বলে শোনা যাচ্ছে। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে মহিলা দল ২০২২ সালে কমনওয়েলথ গেমসেও অংশ নিয়েছিল যেখানে তারা ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্স আপ হয়েছিল।
৭ জুলাই বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের সভায় এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।












Click it and Unblock the Notifications