Indian Cricket Team: থাকছেন না দ্রাবিড়! আয়ারল্যান্ড সফরে কোচ বদল ভারতীয় দলের?
Indian Cricket Team: ওয়েস্ট ইন্ডিজ সফরের পরই ভারতীয় দলের কোচ বদল ? আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের কোচের ভূমিকাতে দেখা যেতে চলেছে ভিভিএস লক্ষ্মণকে। এমনকি এনসিএ-র কোচিং স্টাফরাই আয়ারল্যান্ড সফরে লক্ষ্ণণের সহকারী হিসাবে যাবেন। এমনই তথ্য জানানো হয়েছে ক্রিজবাজের প্রতিবেদনে।
বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে ভারতীয় দল। এই সফর শেষ হলে টিম ইন্ডিয়া খেলতে যাবে আয়ারল্যান্ডে। সেই সফরে কোচ হিসাবে নাও থাকতে পারেন দ্রাবিড়। না, দ্রাবিড় সহ গোটা কোচিং স্টাফদের ছাঁটাই করা হচ্ছে না। মূলত এশিয়া কাপ এবং বিশ্বকাপের কথা মাথায় রেখে তাঁদের বিশ্রামে পাঠানো হচ্ছে।

ক্যারিবিয়ান সফরের পর হেড কোচ দ্রাবিড়সহ কোচিং স্টাফদের বিশ্রামে পাঠানোর চিন্তাভাবনা করছে বিসিসিআই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সিরিজের পর ভারতীয় দল যাবে আয়ারল্যান্ড সফরে। সেখানে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে মেন ইন ব্লু।
তবে মনে করা হচ্ছে এই সিরিজে বিশ্রাম দেওয়া হবে দলের একঝাঁক ক্রিকেটারদের । তাদের পরিবর্তে তরুণ ক্রিকেটারদের নিয়ে আয়ারল্যান্ড সফরে যাবেন অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। এর আগেও আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের নেতৃত্ব দিয়েছেন পাণ্ডিয়া। এবারও তারই পুনরাবৃত্তি হতে চলেছে।

শুধু ক্রিকেটারদেরই নয় একই সঙ্গে আয়ারল্যান্ড সফরে পুরো থিঙ্ক ট্যাঙ্ককেই চিন্তাভাবনা করেছে বিসিসিআই। আইরিশদের বিরুদ্ধে সিরিজের পরই শুরু হবে এশিয়া কাপ। তারপরেই ভারতে খেলতে আসবে অস্ট্রেলিয়া যা মূলত বিশ্বকাপের প্রস্তুতি সিরিজ।
তারপরে দেশের মাটিতে শুরু হবে একদিনের বিশ্বকাপ। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দ্রাবিড়, পরশ মামব্রে, বিক্রম রাঠোর সহ টিম ইন্ডিয়া সাপোর্ট স্টাফদের আয়ারল্যান্ড সফর থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁরা মূলত এশিয়া কাপ এবং বিশ্বকাপের পরিকল্পনা কাজের সেই সময় ব্যস্ত থাকবেন।
এই সফরে দলের কোচের ভূমিকায় দেখা যাবে লক্ষণকে। পাশাপাশি এনসিএতে তাঁর সহকারীরা টিম ইন্ডিয়া সাপোর্ট স্টাফ হিসাবে নিযুক্ত হবেন। সীতাংশু কোটাক, সাইরাজ বাহুতুলেরা যাবেন আয়ারল্যান্ড সফরে।
রবি শাস্ত্রীর পর ভারতীয় দলের হেড কোচ নিযুক্ত হন রাহুল দ্রাবিড়। কিন্তু তাঁর কোচিংয়ে এশিয়া কাপ টি-টোয়েন্টি বিশ্বকাপ এমনকি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেললেও ট্রফি জয় অধরাই থেকেছে টিম ইন্ডিয়ার।

এই পরিস্থিতিতে চাপ ক্রমশ বাড়ছে কোচ দ্রাবিড়ের উপরে। আগামী বিশ্বকাপই বড় পরীক্ষা দ্য ওয়ালের কাছে। সাফল্য দিতে না পারলে তার চাকরি নিয়ে অনিশ্চয়তা কিন্ত থাকছেই। এই পরিস্থিতিতে বিকল্প হিসেবে লক্ষণকে তৈরি রাখতে চাইছেন বিসিসিআইয়ের একাংশ। তাই এনসিএতে কোচিং করানোর পাশাপাশি কম গুরুত্বপূর্ণ আয়ারল্যান্ড সফরের তাঁকে কোচ করে পাঠানো হচ্ছে।












Click it and Unblock the Notifications