লিডস টেস্টের প্রথম দিবসে ৭৮ রানে অল আউট হওয়া ভারত চতুর্থ দিনেও লজ্জার মুখোমুখি
লিডস টেস্টে ৭৮ রানে অল আউট হওয়া ভারত চতুর্থ দিনের সকালে ৬৩ রানে ৮ উইকেট হারাল।
লর্ডস টেস্ট হারের বদলা লিডসে নিয়েই ফেলল ইংল্যান্ড। তৃতীয় টেস্ট ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাল জো রুট শিবির। অন্যদিকে ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের শোচনীয় পরাজয়ে কিছুটা হলেও হতাশ দেশের ক্রিকেট প্রেমীরা। হে়ডিংলেতে জিতে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জয়ের দিকে আরও খানিকটা এগিয়ে যেত পারত টিম ইন্ডিয়া। উল্টে প্রথম দিনই ৭৮ রানে অল আউট হয়ে প্রতিপক্ষের হাতে ম্যাচ কার্যত তুলে দেন বিরাট কোহলিরা। আবার চতুর্থ দিনের সকালেই পরপর উইকেট হারিয়ে হতাশা ও লজ্জা সঙ্গে নিয়েই মাঠ ছাড়তে হল ভারতীয় ক্রিকেট দলকে।

চতুর্থ দিনের সকালের ব্যাটিং বিপর্যয়
লিডস টেস্টের তৃতীয় দিনে রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা এবং বিরাট কোহলিরা যেভাবে ব্যাটিং করেছিলেন, তাতে ভারত অন্তত ম্যাচ ড্র করতে সক্ষম হবে বলে ভেবেছিলেন দেশের ক্রিকেট প্রেমীরা। কিন্তু চতুর্থ দিনে সে আশায় জল ঢেলে দেন ইংল্যান্ডের বোলাররা। হেডিংলের পিচে সকালের জড়তাকে দুর্দান্তভাবে কাজে লাগালেন অলি রবিনসন, জেমস অ্যান্ডারসনরা। ২৭৮ রানেই অল আউট হয়ে যায় ভারত। এক ইনিংস ও ৭৬ রানে ম্যাচ হারার থেকেও যে বিষয়টি ভারতীয় ক্রিকেট প্রেমীদের বেশি আঘাত করছে, তা হল চতুর্থ দিনে ভারতীয় ব্যাটসম্যানদের আত্মসমর্পণ। এদিন মাত্র ৬৩ রানে ৮ উইকেট হারায় ভারত। আরও একবার ব্যর্থ হল টিম ইন্ডিয়ার ব্যাটিং বিভাগের লোয়ার অর্ডার।

প্রথম ইনিংসের ব্যর্থতা
লর্ডস টেস্ট জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি লিডসে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু তাঁর সেই পদক্ষেপের বিরুদ্ধেই যায় ফলাফল। প্রথম ইনিংসে মাত্র ৭৮ রানে অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। ব্যর্থ হন কেএল রাহুল, বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানের মতো ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে টিম ইন্ডিয়ার হয়ে সর্বোচ্চ ১৯ রান করেছিলেন রোহিত শর্মা। রাহানের ১৮ রান ছিল দ্বিতীয় সর্বোচ্চ। মাত্র ৭ রান করে টেস্টে সপ্তম বারের জন্য জেমস অ্যান্ডারসনের শিকার হয়েছিলেন বিরাট কোহলি। টানা ৫০টি আন্তর্জাতিক ইনিংসে শতরান না করে সাজঘরে ফিরেছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

তৃতীয় দিনে লড়াই
প্রথম ইনিংসে ভারতের ৭৮ রানের জবাবে বড় স্কোর খাড়া করেছিল ইংল্যান্ড। জো রুটের শতরানের দৌলতে বিরাট কোহলিদের বিরুদ্ধে ব্রিটিশদের রানের লিড ৩০০ ছাড়িয়ে যায়। ম্যাচে ভারতের হার যখন সময়ের অপেক্ষা বলে ভাবতে শুরু করেন ক্রিকেট প্রেমীরা, তখন দুর্দান্তভাবে লড়াইয়ে ফিরে আসে সফরকারী দল। ওপেন করতে নেমে আরও একটি দুর্দান্ত অর্ধশতরান আসে রোহিতের ব্যাট থেকে। ব্যাড প্যাচ কাটিয়ে শতরানের কাছাকাছি পৌঁছে যান চেতেশ্বর পূজারা। দুর্দান্ত ছন্দে ব্যাটিং করেন বিরাট কোহলিও।

চতুর্থ দিনে কোনও রান না করেই আউট পূজারা
লিডস টেস্টের তৃতীয় দিনে যখন খেলা শেষ হয়, তখন ৯১ রানে খেলছিলেন চেতেশ্বর পূজারা। অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে তাঁর ৯৯ রানের পার্টনারশিপ হয়ে গিয়েছিল। চতুর্থ দিনে নিজের স্কোর এবং ওই পার্টনারশিপে আর কোনও রানই যোগ করতে পারেননি ভারতীয় ব্যাটসম্যান। অন্যদিকে অর্ধশতরান করেও ফের শতরান পর্যন্ত পৌঁছতে ব্যর্থ হন বিরাট কোহলি। ১২৫ বলে ৫৫ রান করেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।












Click it and Unblock the Notifications