আলাদা ফরম্যাটে আলাদা দল নয় ভারতের! রাহুল-রোহিত জমানা শুরুর আগে ফ্ল্যাশব্যাকে কেন ২০০৭?

ভারতীয় দলের কোচ হিসেবে কাল জয়পুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নতুন ইনিংস শুরু করবেন রাহুল দ্রাবিড়। রোহিত শর্মাও এই ম্যাচ থেকেই পাকাপাকিভাবে দেশের টি ২০ অধিনায়ক। ২০০৭ সালের ২৩ জুন রোহিত শর্মা দেশের হয়ে প্রথম ম্যাচটি খেলেছিলেন বেলফাস্টে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। সেই ম্যাচে ভারত অধিনায়ক ছিলেন রাহুল দ্রাবিড়। ভারতীয় ক্রিকেটে রাহুল-রোহিত জুটি শুরুর আগে দুজনের কথোপকথনে উঠে এল সেই ম্যাচের কথা।

ফ্ল্যাশব্যাকে আয়ারল্যান্ড

রাহুল দ্রাবিড় আজ ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে জানান, গতকালই আমরা নিজেদের মধ্যে ওই ম্যাচের কথা বলছিলাম। সময় সত্যিই দ্রুত চলে যায়। আয়ারল্যান্ড সিরিজের আগে মাদ্রাজ (বর্তমানে চেন্নাই)-এ আমরা একসঙ্গে চ্যালেঞ্জার খেলেছিলাম। তখন থেকে রোহিতকে চিনি। তখনই বুঝতে পেরেছিলাম রোহিত নামি ক্রিকেটার হবেন। তাঁর বিশেষ কিছু দক্ষতা দেখেই তাঁর প্রতিভা সম্পর্কে নিশ্চিত হই। বিগত ১৪ বছরে মানুষ হিসেবে এবং একজন অধিনায়ক হিসেবে রোহিত নিজেকে যে উচ্চতায় নিয়ে গিয়েছেন, ভারতের হয়েই হোক বা মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে তা অসাধারণ। মুম্বই তথা ভারতীয় ক্রিকেটের ঐতিহ্য বজায় রাখা সহজ কাজ নয়। কিন্তু তা রোহিত অসাধারণ দক্ষতায় গৌরবের সঙ্গেই বহন করে চলেছেন। অভিষেক সিরিজ নিয়ে স্মৃতিমেদুর রোহিত বলেন, ২০০৭ সালে ভারতীয় দলে সুযোগ পেলেও দ্রাবিড়ের সঙ্গে প্রথম কথা বলেছিলাম বেঙ্গালুরুতে একটি শিবির চলাকালীন। অল্প কথা হয়েছিল। তবে বেশ নার্ভাসও ছিলাম। আয়ারল্যান্ডে রাহুল দ্রাবিড় যখন বললেন প্রথম একাদশে থাকার কথা, তখন তা ছিল চাঁদ পাওয়ার মতো। ভারতের ড্রেসিংরুম শেয়ার করা ছিল আমার কাছে স্বপ্নপূরণের সামিল। ভারতীয় দলের পাশাপাশি মুম্বই ইন্ডিয়ান্সের নানা মুহূর্ত আমার হৃদয়ে রয়েছে, আরও অনেক স্মরণীয় মুহূর্তের সাক্ষী থাকতে চাই।

পরিকল্পনা স্থির

অনূ্র্ধ্ব ১৯ বা ভারতীয় এ দলের কোচ হিসেবে সফল দ্রাবিড়। কোচ হিসেবে ভারতীয় দল নিয়ে শ্রীলঙ্কায় গিয়েও একদিনের সিরিজ জেতেন, টি ২০ সিরিজের প্রথম ম্যাচও জিতেছিল দ্রাবিড়ের প্রশিক্ষণাধীন ভারত। কিন্তু দলে করোনা থাবা বসানোয় ভারতের ভাঙাচোরা দল টি ২০ সিরিজ জিততে পারেনি, তবে ভালো লড়াই করেছিল। দ্রাবিড় বলেন, কোচিংয়ের কিছু বিষয় এক থাকে। তবে একেকটা দলে কোচিংয়ের ধরন ভিন্নরকমের হয়। আলাদা চ্যালেঞ্জ থাকে, কী প্রয়োজন সেই বুঝে রণকৌশল সাজাতে হয়। আমি নিজেও শিখতে চাই, বুঝতে চাই ক্রিকেটারদের। কোচ হিসেবে দ্রাবিড় যে ক্রিকেটারদের থেকে সেরাটা বের করে আনতে বদ্ধপরিকর সেটাও আজ বুঝিয়ে দিয়েছেন। জৈব সুরক্ষা বলয়ের মধ্যে ক্রিকেটারদের কেরিয়ার দীর্ঘমেয়াদি করার লক্ষ্যেই যাবতীয় পরিকল্পনা করবেন। প্রতিটি ম্যাচ জেতার যেমন লক্ষ্য থাকবে, তেমনই ক্রিকেটারদের স্বার্থের কথা মাথায় রেখেও তিন ফরম্যাটকেই সমান গুরুত্ব দিতে চান ভারতের নতুন কোচ। দ্রাবিড়ের কথায় স্পষ্ট হয়েছে, আগামী বছরের টি ২০ বিশ্বকাপ, দেশের মাটিতে ২০২৩ সালের বিশ্বকাপ ও আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সাফল্যের লক্ষ্যে শক্তিশালী কোর টিম গড়াই তাঁর পাখির চোখ।

ওয়ার্কলোড ম্যানেজমেন্ট

রাহুল দ্রাবিড় এদিন আরও যেটি স্পষ্ট করে দিয়েছেন সেটি হল তিন ফরম্যাটের জন্য আলাদা দল রাখবেন না। তবে জোর দিচ্ছেন ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দিকে। কিছু ক্রিকেটার থাকবেন যাঁরা তিন ফরম্যাটেই খেলবেন, কেউ আবার একটি বা দুটি ফরম্যাটেই। তবে শারীরিক ও মানসিকভাবে সকলে যাতে সুস্থ ও চাঙ্গা থাকেন সেদিকে খেয়াল রাখবেন দ্রাবিড়। তাঁর কথায়, দলে ভারসাম্য বিঘ্নিত হতে যেমন দেওয়া যাবে না, তেমনই প্রত্যেক ক্রিকেটারই যখন খেলবেন তাঁরা যাতে মানসিক ও শারীরিকভাবে খেলার জন্য ফিট থাকেন তা নিশ্চিত করা হবে। কঠিন সময়ে এটি কঠিন কাজ হলেও করতেই হবে। বিশেষ করে বড় টুর্নামেন্টের আগে শারীরিক ও মানসিক ক্লান্তি যাতে বাধা হয়ে না দাঁড়ায় সে বিষয়ে সতর্ক দ্রাবিড়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+