"মাঠে ভারতীয় অধিনায়কের বাঁদরের মতো আচরণ শোভা পায় না"
বেঙ্গালুরু, ২৬ জুন : এম এস ধোনি "আদর্শ অধিনায়ক"। এমনটাই বিশ্বাস ভারতের প্রাক্তন উইকেটকিপার-ব্যাটসম্যান সঈদ কিরমানির। একইসঙ্গে ভারতের ভবিষ্যৎ অধিনায়কের উদ্দেশ্যে তাঁর কড়া বার্তা, ভদ্রলোকেরদের খেলায় মাঠে "বাঁদর"-এর মতো আচরণ না করে বর্তমান অধিনায়ককে অণুসরণ করাই উচিত।
১৯৮৩ সালে বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন কিরমানি। মাঠে ভারতের নয়া টেস্ট অধিনায়ক বিরাট কোহলির আক্রমণাত্মক আচরণ প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, অধিনায়ক দেশের প্রতিনিধিত্ব করেন। এবং তাঁর আচরণ সর্বদা মর্যাদাপূর্ণ হওয়া উচিত। যেটা ধোনি সবসময় বজায় রেখে এসেছেন।

তিনি আরও বলেন, ভারতের ভবিষ্যৎ অধিনায়কদেরও উচিত ধোনিরই পথ অনুসরণ করা।
পাশাপাশি এই প্রজন্মের বেশ কিছু খেলোয়াড়ে ভাবভঙ্গিতে যে তিনি মোটেই খুশি নন তাও স্পষ্ট করে দেন। ওয়ানইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, "অধিনায়ক হয়ে কেউ মাঠে বাঁদরের মতো আচরণ করতে পারে না। ক্যাচ বা একটা উইকেট নেওয়ার পর লাফানো, চেঁচানো বা আক্রোশ দেখানো ঠিক নয়।
এই ধরনের আচরণ ফুটবলের ম্যাচে ভাল দেখায়। কিন্তু ক্রিকেটের ক্ষেত্রে নয়। ক্রিকেট ভদ্রলোকের খেলা। ক্রিকেটকে কখনওই ফুটবলে পরিণত করা উচিত নয়।"
কিরমানির ধারণা, মাঠে এত টেলিভিশন ক্যামেরা থাকে, তার জন্যই খেলার মাঠে এত অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায় খেলোয়াড়রা। এই কারণেই মাঠের এই নয়া আক্রমণাত্মক প্রবণতাও বাড়ছে।
কিরমানির মতে, ধোনি আদর্শ অধিনায়ক। মনসুর আলি খান পতৌডির পর ভারত এত ভদ্র স্বভাবের অধিনায়ক পেয়েছে।












Click it and Unblock the Notifications