ওভাল টেস্টের চতুর্থ দিনে কেন ফিল্ডিংয়ে নামলেন না রোহিত ও পূজারা? কারণ জানাল বিসিসিআই
চোটের কারণে চতুর্থ দিনে ফিল্ডিং করতে নামলেন না ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মা ও চেতেশ্বর পূজারা।
ওভাল টেস্টে ভারতকে লড়াইয়ে ফেরানোর পিছনে যে যে ক্রিকেটারের অবদান রয়েছে, তাঁদের মধ্যে রোহিত শর্মা ও চেতেশ্বর পূজারা অন্যতম। দুই ব্যাটসম্যানের অনবদ্য পারফরম্যান্স যে ভিত তৈরি করে দেয়, তার ওপর দাঁড়িয়ে ম্যাচের চতুর্থ ইনিংসে ইংল্যান্ডের সামনে বড় রানের লক্ষ্য খাড়া করতে সক্ষম হয় টিম ইন্ডিয়া। অথচ ওই দুই ক্রিকেটারকেই ওভাল টেস্টের চতুর্থ দিনে ফিল্ডিংয়ে নামতে দেখা গেল না। পঞ্চম দিনেও রোহিত ও পূূজারা মাঠে নামবেন কিনা, তার কোনও পোক্ত খবর নেই। যার কারণ জানাল বিসিসিআই।

রবিবার অর্থাৎ ওভাল টেস্টের চতুর্থ দিনে ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় একটি উদ্বেগজনক খবরের আপডেট দেয় বিসিসিআই। যেখানে জানানো হয় বাঁ-পায়ের হাঁটুতে হালকা চোট পেয়েছেন রোহিত শর্মা। তৃতীয় দিনে ব্যাট করতে গিয়ে পাওয়া আঘাতের ব্যথা সারিয়ে উঠতে পারেননি ভারতীয় ওপেনার। অন্যদিকে তৃতীয় দিনে ব্যাট করতে গিয়ে বাঁ-পায়ের গোড়ালিতে যন্ত্রণা অনুভব করেছিলেন চেতেশ্বর পূজারা। ব্যথা না কমায় দুই ক্রিকেটারকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চায়নি ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
ইংল্যান্ডের বিরুদ্ধে ওভাল টেস্টের প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে নিজের সেরাটা উজাড় করে দেন রোহিত শর্মা। ২৫৬ বলে ১২৭ রানের অনবদ্য ইনিংস খেলেন হিটম্যান। ১৪টি চার ও একটি ছক্কা এসেছে রোহিতের ব্যাট থেকে। ওভার বাউন্ডারি হাঁকিয়েই শতরান পূর্ণ করেছেন ভয়ডরহীন ভারতীয় ওপেনার। যেটি তাঁর টেস্ট কেরিয়ারের প্রথম অ্যাওয়ে (বিদেশের মাটিতে) শতরান। চলতি সিরিজে এখনও পর্যন্ত ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রান এসেছে রোহিতের ব্যাট থেকে। চার ম্যাচ খেলে ৩৬৮ রান করা হিটম্যানের ব্যাট থেকে দুটি অর্ধশতরানও এসেছে।
UPDATE - Rohit Sharma and Cheteshwar Pujara will not take the field. Rohit has discomfort in his left knee while Pujara has pain in his left ankle. The BCCI Medical Team is assessing them. #ENGvIND pic.twitter.com/ihMSUPR7Im
— BCCI (@BCCI) September 5, 2021
অন্যদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত মেজাজে ব্যাটিং করেন চেতেশ্বর পূজারা। ১২৭ বলে ৬১ রানের লড়াকু ইনিংস আসে ভারতীয় ক্রিকেটারের ব্যাট থেকে। এই ইনিংসে ৯টি চার মেরেছেন পূজারা। রোহিত শর্মার সঙ্গে তাঁর ১৫৩ রানের পার্টনারশিপ ভারতকে শক্ত ভিতের ওপর দাঁড় করায়। চলতি সিরিজে এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলে ২২৭ রান করেছেন চেতেশ্বর পূজারা। দুটি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে।
ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ চলাকালীন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন হে়ড কোচ রবি শাস্ত্রী। তিনি ও দলের বাকি তিন সাপোর্ট স্টাফকে আইসোলেশনে রাখা হয়েছে। তারই মধ্যে রোহিত শর্মা ও চেতেশ্বর পূজারার চোটের খবর উদ্বেগ বাড়িয়েছে ভারতীয় ক্রিকেট প্রেমীদের।












Click it and Unblock the Notifications