রাহুল, অক্ষরের পর বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন ভারতের আরেক ক্রিকেটার, পাত্রী কে? দেখুন ভিডিও
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ ও আইপিএলের আগে বিয়ে সারছেন আরও এক ভারতীয় ক্রিকেটার। সোমবার মুম্বইয়ে হচ্ছে বিয়ের অনুষ্ঠান। হলদি অনুষ্ঠানে নাচতেও দেখা গেল তারকা ক্রিকেটারকে।
চলতি বছরেই বিয়ে সেরে ফেলেছেন লোকেশ রাহুল ও অক্ষর প্যাটেল। এবার ব্যাচেলর তকমা ঘোচাতে চলেছেন ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার শার্দুল ঠাকুর (Shardul Thakur)। বাগদান হয়ে গিয়েছিল আগেই। এবার সোমবার তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হতে টলেছেন মিতালি পারুলকর (Mittali Parulkar)-এর সঙ্গে।

শার্দুলের বিয়ে
রীতি মেনে বিয়ের আচার-অনুষ্ঠান ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছিল। গতকাল ছিল হলদি। সেই অনুষ্ঠানেরই কিছু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। শার্দুল ঠাকুরকে ক্রিকেটভক্তরা লর্ড শার্দুল বলেও ডাকেন। হলদি অনুষ্ঠানে শার্দুলকে পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবদের সঙ্গে নাচতেও দেখা গিয়েছে। দীর্ঘদিনের বান্ধবী মিতালির সঙ্গে বাগদান হয়েছিল শার্দুলের। টি ২০ বিশ্বকাপের পর তিনি মুম্বইয়ে ফিরেই আংটি বদল সেরে ফেলেছিলেন।
পাত্রী পরিচিতি
শার্দুলের হবু স্ত্রী মিতালি মহারাষ্ট্রের কোলাপুরের বাসিন্দা। অল দ্য জ্যাজ- লাক্সারি বেকারস নামে একটি সংস্থাও তিনি চালান। কেক, কুকিজ, ব্রেড, বান ইত্যাদি প্রস্তুত করে থাকে এই সংস্থা। ২০১৪ সালে মিঠিভাই কলেজ থেকে স্নাতক হন মিতালি। এরপর ২০১৫ সালে জেএসডব্লুতে ইনটার্ন হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন। ২০২০ সালে তিনি নিজের বেকারি সংস্থা খোলেন। মিতালির সংস্থা মুম্বই, ঠানেতে রীতিমতো জনপ্রিয়।
হলদিতে নাচ লর্ড শার্দুলের
শার্দুলের এনগেজমেন্টের অনুষ্ঠানটি হয়েছিল মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে। ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বাগদানের অনুষ্ঠানে সাকুল্যে ৫৭ জন উপস্থিত ছিলেন। ভারতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি তিনি আইপিএলে যে দলগুলির হয়ে খেলেছেন তাদের তরফেও শুভেচ্ছা জানানো হয়েছিল। হলদি অনুষ্ঠানে শার্দুলকে দেখা গিয়েছে হলুদ কুর্তা পরে বলিউডের জনপ্রিয় হিন্দি গানের তালে কোমর দোলাতে। হাতে মেহেন্দি পরিহিত মিতালির ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ইন্দোরে বুধবার থেকে তৃতীয় টেস্ট শুরু। এই পরিস্থিতিতে টেস্ট দলে থাকা ক্রিকেটাররা শার্দুলের বিয়ের অনুষ্ঠানে হাজির থাকতে পারবেন কিনা তা স্পষ্ট নয়। যদিও সম্ভাবনা কম।
একদিনের সিরিজের দলে রয়েছেন
শার্দুল ঠাকুর টেস্ট দলে নেই। তবে টেস্ট সিরিজের পর ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজ খেলবে। সেই দলে রাখা হয়েছে শার্দুলকে। এই তিনটি ম্যাচ খেলে শার্দুল যোগ দেবেন কলকাতা নাইট রাইডার্স শিবিরে। কেকেআর এই মুহূর্তে মুম্বইয়েই প্রি সিজন ক্যাম্প চালাচ্ছে। যদিও বিয়ের কারণে সেখানে থাকতে পারছেন না শার্দুল। দিল্লি ক্যাপিটালস থেকে শার্দুলকে দলে নিয়েছে কেকেআর।












Click it and Unblock the Notifications