পাঁচ বছর টিম ইন্ডিয়ার বাইরে থাকার পর ক্রিকেটকে বিদায় জানালেন স্টুয়ার্ট বিনি
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ভারতীয় অল রাউন্ডার স্টুয়ার্ট বিনি।
পাঁচ বছর টিম ইন্ডিয়ার জার্সি গায়ে চাপানোর সুযোগ পাননি। শেষবার আইপিএলও খেলেছেন তিন বছর আগে। সেই স্টুয়াট বিনি আন্তর্জাতিক ও প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় জানালেন। সোমবারই নিজের অবসর ঘোষণা করেছেন ভারতীয় ক্রিকেট দল তথা কর্ণাটকের প্রাক্তন অল রাউন্ডার। ওয়ান ডে ক্রিকেটে ভারতের হয়ে সেরা বোলিং স্পেলের অধিকারি তথা রজার বিনির পুত্রকে শুভেচ্ছা জনিয়েছে দেশের ক্রীড়া মহল।

স্টুয়ার্ট বিনির অবসর
আন্তর্জাতিক ও টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন রজার বিনি। সোমবার এক ঘোষণার মাধ্যমে তিনি নিজের বড় সিদ্ধান্তের কথা জানিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০-রও বেশি রানের মালিক লোয়ার মিডিল অর্ডার ব্যাটসম্যান বিনি, ভারতীয় দলের জার্সিতে বল হাতেও সফলতা অর্জন করেছেন। ২০১৬ সালে শেষবার দেশের হয়ে মাঠে নামা ৩৭ বছরের ক্রিকেটার ২০১৮-১৯ মরসুম পর্যন্ত আইপিএল খেলেন। নিজের রাজ্য কর্ণাটকের হয়ে আর সুযোগ না পেয়ে ২০১৯-২০২০ মরসুমের প্রথম শ্রেণির ক্রিকেট নাগাল্যান্ডের হয়ে খেলেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের সদস্য রজার বিনির পুত্র।

কী বললেন বিনি
সোমবার এক বিবৃতি জারি করে ক্রিকেট থেকে নিজের অবসরের কথা জানিয়েছেন স্টুয়ার্ট বিনি। বলেছেন, যে ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে আন্তর্জাতিক মঞ্চে খেলার সুযোগ পাওয়াটাই তাঁর জীবনের সবচেয়ে বড় অনুভূতি। গোটা যাত্রাপথে ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআইয়ের থেকে পাওয়া সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছেন বিনি। ধন্যবাদ জানিয়েছেন কর্ণাটকের ক্রিকেট সংস্থাকে। নিজের রাজ্যের ক্রিকেট দলকে নেতৃত্ব দেওয়া এবং ট্রফি জেতা তাঁর কাছে কম গর্বের নয় বলেও জানিয়েছেন স্টুয়ার্ট।

বিনির আন্তর্জাতিক কেরিয়ার
২০১৪ সালে ভারতীয় দলে প্রথম ডাক পেয়েছিলেন স্টুয়ার্ট বিনি। এরপর তিনি দেশের হয়ে ৬টি টেস্ট, ১৪টি ওয়ান ডে ও ৩টি টি২০ ম্যাচ খেলেন। তিন ফর্ম্যাটে তাঁর ব্যাট থেকে যথাক্রমে ১৯৪, ২৩০ ও ৩৫ রান এসেছে। টেস্ট, ওয়ান ডে ও টি২০তে যথাক্রমে ৩, ২০ ও ১ উইকেট নিয়েছেন ৩৭ বছরের ক্রিকেটার। তাঁর ৪ রান দিয়ে নেওয়া ৬ উইকেট এখনও পর্যন্ত ভারতীয়দের মধ্যে সেরা ওয়ান ডে বোলিং স্পেল। ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এত টি২০ ম্যাচে ভারতীয় দলের হয়ে শেষবার মাঠে নেমেছিলেন বিনি।

বিনির আইপিএল কেরিয়ার
প্রথম শ্রেণির ক্রিকেটে ৭৯টি ম্যাচ খেলে ৩৯৩৫ রান করার পাশাপাশি ১২৪টি উইকেট নিয়েছেন স্টুয়ার্ট বিনি। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে মোট ৯৫টি ম্যাচ খেলেছেন কর্ণাটকী ক্রিকেটার। ৮৮০ রান করার পাশাপাশি ২২টি উইকেট নিয়েছেন স্টুয়ার্ট।












Click it and Unblock the Notifications