শ্রীলঙ্কা সফরেই বোলার পাণ্ডিয়ার প্রত্যাবর্তন? লক্ষ্য স্থির করলেন ভারতীয় অল-রাউন্ডার
শ্রীলঙ্কা সফরেই বোলার পাণ্ডিয়ার প্রত্যাবর্তন? লক্ষ্য স্থির করলেন ভারতীয় অল-রাউন্ডার
শিখর ধাওয়ানের নেতৃত্বে আগামী জুলাইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদেরই মাটিতে তিন ম্যাচের টি২০ ও ওয়ান ডে ম্যাচের সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল। সেই সিরিজকে আগামী টি২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই দেখছে দুই দল। ওই টুর্নামেন্টকেই পাখির চোখ বানিয়েছেন হার্দিক পাণ্ডিয়াও। জানিয়েছেন যে তিনি খুব শীঘ্রই নিজের অল-রাউন্ড পারফরম্যান্সে ফিরে আসতে চান।

টি২০ বিশ্বকাপে বল করবেন পাণ্ডিয়া
২০১৯ সালের শেষে পিঠে অস্ত্রোপচার হয়েছিল হার্দিক পাণ্ডিয়ার। তারপর থেকে ভারতীয় অল-রাউন্ডারকে আইপিএল এবং দেশের হয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে আর বল করতে দেখাই যায়নি বলা চলে। কারণটা নিজেই জানালেন হার্দিক। বললেন ব্যাটিং করার অনুমতি থাকলেও বোলিং করতে নিষেধ করেছিলেন ডাক্তাররা। তবে তিনি যে ভারতের হয়ে ফের বল করতে মানসিকভাবে তৈরি, তাও জানাতে ভোলেননি পাণ্ডিয়া। বলেছেন আগামী টি২০ বিশ্বকাপেই তাঁর থেকে অল-রাউন্ড পারফরম্যান্স পাবে টিম ইন্ডিয়া।

শ্রীলঙ্কায় কি বল করবেন পাণ্ডিয়া
শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের জার্সিতে তাঁকে বল করতে দেখা যাবে কিনা প্রশ্নের উত্তর ধোঁয়াশার ছলেই দিয়েছেন হার্দিক পাণ্ডিয়া। এ ব্যাপারে সরাসরি হ্যাঁ কিংবা না বলেননি তিনি। কেবল বলেছেন, টি২০ বিশ্বকাপে ভারতের হয়ে বোলিং করার সুযোগ তিনি হাতছাড়া করতে চান না। পাণ্ডিয়ার ঘনিষ্ঠ মহলের তরফে জানানো হয়েছে, নেটে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও করছেন ভারতীয় অল-রাউন্ডার। তা বলে শ্রীলঙ্কা সফরেই যে তিনি বল করবেন, তার কোনও নিশ্চয়তা নেই বলেও জানানো হয়েছে।

১০০ শতাংশ দেওয়াই লক্ষ্য
হার্দিক পাণ্ডিয়া জানিয়েছেন, টি২০ বিশ্বকাপে তিনি বল করতে পারবেন কিনা, তা তাঁর ফিটনেসের ওপর নির্ভর করবে। ১০০ শতাংশ ফিট না হয়ে তিনি কোনও ম্যাচে বল করার পক্ষপাতি নন বলেও জানিয়েছেন হার্দিক। ফলে টি২০ বিশ্বকাপে তিনি পুরো ফিট হয়ে মাঠে নামতে চান বক্তব্য ভারতীয় অল রাউন্ডারের। জানিয়েছেন, টি২০ বিশ্বকাপে নিজের সর্বশক্তি দিয়ে পেস বোলিং করাও তাঁর লক্ষ্য।

পাণ্ডিয়ার কেরিয়ার
ভারতের হয়ে ৪৮টি টি২০ ম্যাচ খেলা হার্দিক পাণ্ডিয়া ৪৭৪ রান করার পাশাপাশি ৪১টি উইকেট নিয়েছেন। দেশের হয়ে ১১টি টেস্ট ও ৬০টি ওয়ান ডে ম্যাচও খেলেছেন হার্দিক। দুই ফর্ম্যাটে যথাক্রমে ৫৩২ ও ১২৬৭ রান করার পাশাপাশি ১৭ এবং ৫৫টি উইকেট নিয়েছেন ভারতীয় অল-রাউন্ডার।












Click it and Unblock the Notifications