Womens Asia Cup: বাংলাদেশের বিরুদ্ধে দাপুটে জয়, এশিয়া কাপের ফাইনালে ভারতীয় মহিলা ক্রিকেট দল
মহিলাদের এশিয়া কাপের ফাইনালে ভারত। শুক্রবার বাংলাদেশকে হেলায় হারিয়ে কাপ জয়ের দুয়ারে পৌঁছে গেল হরমনপ্রীত কৌরের দল। পদ্মাপারের দেশকে ১০ উইকেটে হারিয়ে ফাইনারলে জায়গা করে নিল ভারতীয় মহিলা দল।
মহিলাদের এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কিন্তু নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ৮০ রান তুলল বাংলাদেশে। ওপার বাংলার দেশটি ভারতের বিরুদ্ধে বড় রান তুলতে ব্যর্থ হল। ব্যাট করতে নেমে ৭ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ। রেণুকা সিংয়ের বলে ৬ রানে আউট হন দিলারা আখতার।

ভারতীয় দলের হয়ে রেণুকা সিং ও রাধা যাদব তিনটি করে উইকেট নেন। পূজা বস্ত্রকার এবং দীপ্তি শর্মা ১টি করে উইকেট নেন।
৮১ রানের লক্ষ্য যে ভারতের কাছে খুব একটা কঠিন হবে না তা জানা ছিল। সেটাই হল। ভারতের দুই ওপেনার মন্ধানা ও শেফালি হাত খুলে মারা শুরু করেন। জবাবে ব্যাট করতে নেমে ১০ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত। স্মৃতি মান্ধানা ৫৫ এবং শেফালি ভার্মা ২৬ রানে অপরাজিত থাকেন। স্মৃতির ৩৯ বলে ৫৫ রানের ইনিংসে ছিল ৯টি চার এবং একটি ছক্কা। অন্যদিকে ২টি চারের সাহায্যে ২৮ বলে ২৬ রান করেন শেফালি। ১১ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত।
এই নিয়ে মোট ৯ বার বসছে মেয়েদের এশিয়া কাপ ক্রিকেটের আসর। এর আগের ৮টি এশিয়া কাপের মধ্যে ভারত ৭ বার চ্যাম্পিয়ন হয়েছে এবং একবার রানার্সের ট্রফি হাতে তুলেছে তারা। এশিয়া কাপে গতবারের চ্যাম্পিয়ন ভারতীয় মহিলা দল। এবারও টুর্নামেন্ট জেতার অন্যতম দাবিদার। প্রথম ম্যাচেই পাকিস্তানের মতো চির প্রতিপক্ষ দেশকে হারিয়ে দিয়ে যাত্রা শুরু করে ভারত। এরফলে ভারতীয় দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়ে। অষ্টমবার চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি ভারতের সামনে।
রেকর্ড সংখ্যক, মোট ৯ বার এশিয়া কাপের ফাইনালে খেলবে ভারতের মহিলা দল। যে কৃতিত্ব এশিয়ার আর কোনও দলের নেই। ফাইনালে পাকিস্তান ও শ্রীলঙ্কা ম্যাচের বিজয়ীর সঙ্গে খেলবেন হরমনপ্রীত কৌররা।ভারতের মহিলা ব্রিগেড খেলছেন, তাতে এশিয়া কাপ জয় সময়ের অপেক্ষা ছাড়া আর কিছুই নয়।












Click it and Unblock the Notifications