আন্তর্জাতিক নারী দিবসে ভারতীয় মহিলা ক্রিকেট দলের পক্ষে বড় ঘোষণা বোর্ডের
আজ আন্তর্জাতিক নারী দিবসে। এই বিশেষ দিনে ভারতীয় মহিলা ক্রিকেট দলের জন্য বড় ঘোষণা করল বিসিসিআই।

মিতালি রাজ, হরমনপ্রীত কউর, ঝুলন গোস্বামীরা এখন লখনউয়ে ওয়ান ডে সিরিজ খেলছেন। এক বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটা অবশ্য ভারতীয় মহিলা দলের পক্ষে সুখকর হয়নি। প্রথম ম্যাচে প্রোটিয়াদের কাছে ৮ উইকেটে হারতে হয়েছে মিতালি রাজের দলকে। আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে ওই হারের মুখোমুখি হতে হলেও নারী দিবসে বোর্ডের ঘোষণা দলের মধ্যে খুশির হাওয়া বয়ে আনল।
বিসিসিআই সচিব জয় শাহ এদিন টুইটে জানান, আন্তর্জাতিক নারী দিবসে এই ঘোষণা করতে পেরে ভালো লাগছে যে, চলতি বছরের শেষের দিকে ইংল্যান্ড সফরে গিয়ে ভারতের মহিলা ক্রিকেট দল ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচ খেলবে। নীল জার্সির পর সাদা জার্সিতেও খেলার জন্য ভারতীয় মহিলা দলকে শুভেচ্ছা জানিয়েছেন বোর্ড সচিব।
উল্লেখ্য, ২০১৪ সালের নভেম্বরে শেষবার ভারতীয় মহিলা ক্রিকেট দল টেস্ট ম্যাচ খেলেছিল। মাইসোরে সেই টেস্টে ভারত দক্ষিণ আফ্রিকাকে ইনিংস ও ৩৪ রানে হারিয়েছিল। ঝুলন গোস্বামী ও মিতালি রাজ এখনও অবধি ১০টি টেস্ট খেলেছেন। হরমনপ্রীত কউর, স্মৃতি মান্ধানা খেলেছেন মাত্র ২টি টেস্ট ম্যাচ। ২০০৬ সালের পর ভারত ফের টেস্ট খেলেছিল ২০১৪ সালে। সেই বছর দুটি টেস্ট খেলার পর ফের আবার টেস্টে ভারতের মহিলা দল নামবে এই বছর। ১৯৭৬ সাল থেকে আজ অবধি ভারতীয় মহিলা ক্রিকেট দল টেস্ট খেলেছে মোট ৩৬টি, ২০০২ সালে একটি টেস্ট পরিত্যক্ত হয়েছিল।
ছবি- বিসিসিআই মহিলা ক্রিকেট দল টুইটার












Click it and Unblock the Notifications