নিভৃতবাস কঠোর মনে হচ্ছে না মিতালির, আরও টেস্ট খেলতে চান হরমনপ্রীত
সাত বছর পর ফের টেস্ট ম্যাচ খেলতে নামবে মিতালি রাজের নেতৃত্বাধীন ভারতীয় দল। মিতালির ডেপুটি হরমনপ্রীত কৌর জানিয়েছেন, তিনি আরও অনেক টেস্ট খেলতে চান। এই মুহূর্তে সাউদাম্পটনে কঠোর নিভৃতবাসে রয়েছে ভারতীয় দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা।

আরও টেস্ট চান
সাউদাম্পটনের হিলটন হোটেল একেবারে রোজ বোল স্টেডিয়াম লাগোয়া। ব্যালকনিই যেন মাঠের গ্যালারি। পর্দা সরালেই নয়নাভিরাম দৃশ্য। আজ সকালে ব্যালকনিতে কফি কাপ নিয়ে বসে স্টেডিয়ামের দিকে তাকিয়ে থাকার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ভারতের টেস্ট ও একদিনের আন্তর্জাতিক দলের সহ অধিনায়ক এবং টি ২০ অধিনায়ক হরমনপ্রীত কৌর। ইতিমধ্যেই তিনি জানিয়েছেন, কেরিয়ারে আরও অনেক টেস্ট ম্যাচ খেলতে চান। বিসিসিআইয়ের ওয়েবসাইটে পোস্ট করা ভিডিওতে সতীর্থ জেমাইমা রডরিগেজকে হরমনপ্রীত বলেছেন, টেস্ট খেলতে পারা একটা দারুণ অনুভূতি। আমি আমার কেরিয়ারে অনেক টেস্ট খেলতে চাই এবং আশা রাখি সেই আশা পূরণ হবে।

চ্যালেঞ্জ নিতে প্রস্তুত
উল্লেখ্য, ১৬ জুন থেকে ব্রিস্টলে টেস্ট খেলার পর সেপ্টেম্বর-অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে গিয়ে দিন-রাতের টেস্ট খেলবে ভারত। হরমনপ্রীত বলেছেন, ইংল্যান্ডে লাল বলে খেলা খুব চ্যালেঞ্জিং। যদিও সেই চ্যালেঞ্জের মোকাবিলা করতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। হরমনপ্রীত ভারতের হয়ে ১০৪টি ওয়ান ডে ও ১১৪টি টি ২০ খেললেও টেস্ট খেলেছেন দুটি।

ফুরফুরে মেজাজে মিতালিরা
বিরাট কোহলিদের মতো মিতালি, হরমনপ্রীতরাও তিনদিন কঠোর নিভৃতবাসে কাটাচ্ছেন। অর্থাৎ একে অপরের সঙ্গে দেখা করা যাচ্ছে না। তবে কঠোর নিভৃতবাসকে কঠোর মনে হচ্ছে না মিতালির। ভারত অধিনায়ক আজ নিজের ঘর থেকে ব্যালকনি ও তার ওপারে স্টেডিয়ামের ছবি পোস্ট করে লিখেছেন, এমন দৃশ্য চোখের সামনে থাকায় মনে হচ্ছে হার্ড নয়, সফট কোয়ারান্টিনে রয়েছি।

প্রস্তুত রিচা
ইংল্যান্ডের মাটিতে ভালো খেলার জন্য নিজেকে প্রস্তুত রাখছেন শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষও। তিনিও ব্যালকনি থেকে ছবি পোস্ট করে টি এস এলিয়টের লেখা ধার করে বলেছেন, প্রতিটি মুহূর্তই একটি নতুন শুরু। রিচা শুধু টি ২০ দলে রয়েছেন। একদিনের আন্তর্জাতিক ও টেস্ট দলে বাঙালি হিসেবে রয়েছেন ঝুলন গোস্বামী ও ইন্দ্রাণী রায়। ইন্দ্রাণীকে টি ২০ দলেও রাখা হয়েছে। ইন্দ্রাণী লিলুয়ার মেয়ে, তবে খেলেন ঝাড়খণ্ডে। এ ছাড়া বাংলায় খেলা দীপ্তি শর্মাও রয়েছেন ভারতের তিন ফরম্যাটের দলেই। ব্রিস্টলে টেস্ট খেলার পাশাপাশি ২৭ জুন প্রথম একদিনের আন্তর্জাতিকও সেখানেই খেলবে ভারত। ৩০ জুন টনটনে দিন-রাতের দ্বিতীয় ওয়ান ডে। ওরস্টারে ৩ জুলাই তৃতীয় একদিনের আন্তর্জাতিক। ৯ জুলাই দিন-রাতের প্রথম টি ২০ নর্দান্টসে। হোভে দ্বিতীয় টি ২০ ১১ জুলাই। ১৪ জুলাই তৃতীয় টি ২০ দিন-রাতের, চেমসফোর্ডে।
ছবি- ইনস্টাগ্রাম ও টুইটার












Click it and Unblock the Notifications