বিশ্বকাপ ৫০ দিন দূরে! খেতাবের খরা মেটাতে আত্মবিশ্বাসী হরমনপ্রীত-মান্ধানারা
ভারতের মাটিতে মহিলাদের ওডিআই বিশ্বকাপ শুরু ৩০ সেপ্টেম্বর। খেলা হবে শ্রীলঙ্কাতেও। বিশ্বকাপ শুরুর ৫০ দিন আগে মুম্বই থেকে শুরু হয়ে গেল ট্রফি ট্যুর। এই অনুষ্ঠানে ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ, বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং, ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ, ভারতের বর্তমান অধিনায়ক হরমনপ্রীত কৌর, সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা, জেমাইমা রডরিগেজ।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত উদ্বোধনী ম্যাচ খেলবে। দেশের মাটিতে প্রথমবার বিশ্বকাপ জিতে ইতিহাস গড়াটাই সবচেয়ে বড় মোটিভেশন হরমনপ্রীতদের। উল্লেখ্য, ২০০৫ ও ২০১৭ সালে ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনালে উঠেও খেতাব জিততে পারেনি মিতালি রাজের নেতৃত্বাধীন ভারত। সর্বশেষ বিশ্বকাপ হয়েছিল ২০২২ সালে, যাতে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয় ভারতের প্রমীলা বাহিনী।

চলতি বছর ভারতীয় মহিলা দল ১১টির মধ্যে ৯টি ওডিআই জিতেছে। সম্প্রতি বিশ্বের ২ নম্বর দল ইংল্যান্ডকে তাদের দেশে গিয়ে ২-১ ব্যবধানে হারিয়েছে ভারত। এ ছাড়া আয়ারল্যান্ডে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে। শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজেও (এই টুর্নামেন্টে খেলে দক্ষিণ আফ্রিকাও) জিতেছে। হরমনপ্রীত এদিন বলেন, দেশের মাটিতে সমর্থকদের সামনে খেলতে নামা বরাবর স্পেশ্যাল। আমরা ১০০ শতাংশ উজাড় করে দিতে প্রস্তুত। টুর্নামেন্টের অপেক্ষায় রয়েছি। আশা করি বাধা অতিক্রম করে খেতাব সুনিশ্চিত করতে পারব। বিগত কয়েক বছরে যে নির্ভীক ক্রিকেট আমরা খেলছি তা আত্মবিশ্বাস বাড়িয়েছে। সেই মানসিকতা নিয়ে ধারাবাহিকতা দেখালেই সাফল্য আসবে বলে আশা হরমনপ্রীতের। ইংল্যান্ডে ওডিআইয়ের পাশাপাশি টি২০ সিরিজেও জিতেছে ভারতের মহিলা দল, বিলেত সফরে দুই ফরম্যাটেই চ্যাম্পিয়ন হওয়া এই প্রথম। তবে এই সাফল্যে অবাক নন হরমনপ্রীত। যথাযথ প্রস্তুতি ও সব স্বাভাবিক রেখে পরিকল্পনার বাস্তবায়নেই এসেছে সাফল্য।
ভারতের মহিলা দলের সাদা বলের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা বলেন, যেভাবে আমরা প্রস্তুতি নিয়ে থাকি তার ইতিবাচক ফল মিলতে শুরু করেছে। আশা করি, আসন্ন বিশ্বকাপ আমাদের কাছে খুব স্পেশ্যাল হতে চলেছে। মাঠের বাইরেও দলের মধ্যে যা পরিবেশ তার সুফল প্রতিফলিত হচ্ছে মাঠে। দলগত সংহতির কথাও উল্লেখ করেন স্মৃতি। তাঁর দাবি, ইংল্যান্ড সফর থেকেও অনেক কিছু শিখেছি। প্রতিদিন সকলেই নিজেদের উন্নত করতে কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছেন।
বিশ্বকাপ শুরুর আগে দেশের মাটিতে ভারত বিশ্বের ১ নম্বর দল তথা গতবারের বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলবে। যা খুব কার্যকরী হতে চলেছে বলে মনে করেন হরমনপ্রীত। তাঁর মতে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা সব সময়েই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। ফলে আমরা বিশ্বকাপের আগে কোথায় কোন খামতি আছে তা ওই সিরিজে যাচাই করে নিতে পারব। সেই মোমেন্টাম বজায় রাখতে হবে বিশ্বকাপেও।












Click it and Unblock the Notifications