মিতালির পর দায়িত্বে মান্ধানা? অধিনায়কত্ব বদলের পরিকল্পনা শুরু ভারতীয় মহিলা ক্রিকেট দলেও
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজে পরাস্ত হয়েছে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় মহিলা দল। সামনের বছর মার্চ-এপ্রিলে মহিলাদের ৫০ ওভারের বিশ্বকাপ রয়েছে। ভারতের মহিলা দলকে এই মুহূর্তে টেস্ট ও একদিনের আন্তর্জাতিকে নেতৃত্ব দেন মিতালি রাজ। টি ২০ দলকে নেতৃত্ব দেন হরমনপ্রীত কৌর। এরই মধ্যে ভারতীয় মহিলা দলের কোচ রমেশ পওয়ার বিশ্বকাপের পর ভারতের নেতৃত্বে বদলের ইঙ্গিত দিলেন।

বিরাট কোহলি ভারতীয় দলকে টি ২০-তে আর নেতৃত্ব দিতে চান না। একদিনের আন্তর্জাতিকে অধিনায়ক থাকতে তার আপত্তি না থাকলেও নির্বাচকরা এখনও এ বিষয়ে কিছু মুখ খোলেননি। ফলে টি ২০ বিশ্বকাপের পর ভারতের পুরুষ দলে যেমন অধিনায়ক বদল হবে, তেমনই ৫০ ওভারের বিশ্বকাপের পর নেতৃত্বে রদবদল হবে আগামী বছরের বিশ্বকাপের পর। স্মৃতি মান্ধানা ভারতের টি ২০ দলের সহ অধিনায়ক। হরমনপ্রীত অস্ট্রেলিয়া সফরে একদিনের সিরিজ ও টেস্ট খেলতে পারেননি। তাতে ভাইস ক্যাপ্টেন্সির ভার সামলেছেন স্মৃতিই।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ শেষে ভারতীয় মহিলা দলের কোচ রমেশ পওয়ার বলেছেন, একটা পর্যায়ে তো ভবিষ্যতের নতুন অধিনায়ক বেছে নিতেই হবে। আগামী বিশ্বকাপের পরই আমরা ঠিক করব কী করা উচিত। ভেবেচিন্তেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে, কোনও তাড়়াহুড়ো করা হবে না। যাঁরা নেতৃত্ব দিতে পারেন এমন ক্রিকেটারের মধ্যে আমরা স্মৃতি মান্ধানার কথা অনেক দিন ধরেই ভাবনায় রেখেছি। তিনি সহ অধিনায়কের দায়িত্ব সামলেছেন। নিশ্চিতভাবে তিনিও ভারতকে নেতৃত্ব দিতেই পারেন। কোন ফরম্যাটে তা এখনই বলা সম্ভব নয়। তবে বিসিসিআই, নির্বাচকমণ্ডলীর সঙ্গে আমিও বৈঠকে থাকব। তাতেই পরবর্তী পন্থা সুনিশ্চিত করা হবে।

স্মৃতি মান্ধানা ওপেন করতে নেমে যেভাবে খেলছেন তাতে খুশি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। দীর্ঘক্ষণ উইকেটে থেকে বড় ইনিংসও খেলছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকে তিনি ৮৬ রান করেছিলেন। শেফালি ভার্মাও তিন ফরম্যাটেই স্মৃতির সঙ্গে ভালো শুরু করায় ভারতের ওপেনিং জুটি বিপক্ষের সমীহও আদায় করে নিচ্ছে। পওয়ারের কথায়, বিগত দু-তিন বছর ধরে স্মৃতি ধারাবাহিকভাবে ভালো খেলছেন। বিশ্বকাপের আগে তাঁর অধিনায়ক হওয়ার সম্ভাবনা নিয়ে মশলা তৈরির দরকার নেই। আপাতত আমরা চাই স্মৃতি দীর্ঘক্ষণ ক্রিজে কাটান। ব্যাটার হিসেবে তাঁর ভূমিকারও সামান্য পরিবর্তন করা হয়েছে। বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট খেলেও স্মৃতির খেলার উন্নতি হয়েছে বলে মন্তব্য করেন পওয়ার। স্মৃতি এবারও মহিলাদের বিগ ব্যাশে খেলবেন। আট বছরের আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা থাকায় স্মৃতি যে ভারতকে নেতৃত্ব দিতে তৈরি সে কথা জানিয়েছেন ভারতীয় মহিলা দলের প্রাক্তন কোচ ডব্লু ভি রামনও।












Click it and Unblock the Notifications