এশিয়া কাপে জয় দিয়েই অভিযান শুরু করল হরমনপ্রীতের ভারত, শ্রীলঙ্কা পরাস্ত ৪১ রানে

মহিলাদের এশিয়া কাপে জয় দিয়েই অভিযান শুরু করল ভারত। আজ সিলেটে শ্রীলঙ্কাকে ৪১ রানে হারালেন হরমনপ্রীত কৌররা। জেমাইমা রডরিগেজের ঝোড়ো ব্যাটিং ভারতকে চ্যালেঞ্জিং স্কোরে পৌঁছে দেয়। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার পর বল হাতে তিনটি উইকেট তুলে নিলেন দয়ালান হেমলতা। বাংলার দীপ্তি শর্মাও পেয়েছেন ২টি উইকেট।

মহিলাদের এশিয়া কাপে সহজ জয় ভারতের

টস জিতে শ্রীলঙ্কা ফিল্ডিং নিয়েছিল। ভারতের প্রমীলা বাহিনী ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫০ রান তোলে। শেফালি ভার্মা ১০ ও স্মৃতি মান্ধানা ৬ রানের বেশি করতে পারেননি। তিনে নেমে ঝোড়ো ইনিংস খেলেন জেমাইমা রডরিগেজ। ১১টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৫৩ বলে ৭৬ রানের ইনিংস খেলেন তিনি। ২টি চার ও একটি ছয়ের সাহায্যে হরমনপ্রীত কৌরের সংগ্রহ ৩০ বলে ৩৩। ১০ বলে ১৩ রানে অপরাজিত থাকেন হেমলতা। রিচা ঘোষ ৬ বলে ৯ রান করে আউট হন। ২৩ রানে দ্বিতীয় উইকেট পড়ার পর হরমনপ্রীত ও জেমাইমা দলকে নিয়ে যান ১১৫ অবধি। ওশাডি রণসিংঘে ৩২ রানের বিনিময়ে তিনটি উইকেট দখল করেন।

জবাবে খেলতে নেমে ১৮.২ ওভারে ১০৯ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। হাসিনি পেরেরা ৩২ বলে সর্বাধিক ৩০ রান করেন। হেমলতা ২.২ ওভার হাত ঘুরিয়ে ১৫ রানের বিনিময়ে তিনটি উইকেট নেন। দীপ্তি শর্মা ৪ ওভারে ১৫ রান খরচ করে ২টি উইকেট নেন। পূজা বস্ত্রকার ৩ ওভারে ১২ রান দিয়ে ২টি উইকেট দখল করেন। রাধা যাদব ৩ ওভারে খরচ করেন ১৫ রান, পেয়েছেন ১টি উইকেট। রেণুকা সিং কোনও উইকেট পাননি, ২ ওভারে ২০ রান খরচ করেন। ম্যাচের সেরা হয়েছেন জেমাইমা। চোট সারিয়ে মাঠে ফিরে কেরিয়ারের সেরা ইনিংস খেলে তিনি বলেন, ছয় সপ্তাহ ব্যাট স্পর্শ করতে পারিনি। খেলার জন্য মুখিয়ে ছিলাম। বাবা-মা, কোচ ও সাপোর্ট স্টাফরা খুব সাহায্য করেছেন সেরে উঠতে। মুম্বইয়ের গরমে খেলে মানিয়ে নিয়েছি। মন্থর ও ঘূর্ণি পিচে খেলার চ্যালেঞ্জ নেওয়ার ক্ষেত্রে এদিনের ইনিংস আত্নবিশ্বাস বাড়াল রডরিগেজের। বোলারদের প্রশংসা করে তিনি আরও জানান, গোটা দল খেলার মানকে আরও উন্নত জায়গায় নিয়ে যেতে বদ্ধপরিকর।

হরমনপ্রীত কৌরের কথায়, বোলিংয়ে আমাদের শুরুটা ভালো হয়নি। কিন্তু রান আউট ও পরের দিকে ভালো বোলিংয়ের সুবাদে জয় এসেছে। দীপ্তি অসাধারণ খেলেছেন। দুটি উইকেট হারানোর পর জেমাইমার সঙ্গে আমার পার্টনারশিপটিও ভালো হয়েছে। জেমাইমা ফিরে এসে যেভাবে খেললেন তা সত্যিই ভালো লাগার মতোই। তবে আমাদের আরও ১০-২০ রান বেশি তোলা উচিত ছিল। জেমির সঙ্গে তিনি আরও কিছুক্ষণ থাকতে পারলে ভারত ২০০-র কাছাকাছি যেতে পারতো বলেই মনে করেন হরমনপ্রীত। এই ম্যাচের শিক্ষা নিয়ে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চাইছেন ভারত অধিনায়ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+