Indian Team: পাকিস্তানে যাওয়ার অনুমতি দিল না কেন্দ্র, টুর্নামেন্ট থেকেই সরে দাঁড়াল ভারত
Indian Team: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশগ্রহণ নিয়ে যখন টানাপোড়েন অব্যাহত, পাকিস্তান ক্রিকেট বোর্ডকে হাইব্রিড মডেল মানতে বোঝাচ্ছে আইসিসি, তখন পাকিস্তানকে কড়া বার্তা দিল ভারত।
বিদেশ মন্ত্রক ভারতীয় দলকে পাকিস্তানে যাওয়ার অনুমতি দিল না। ফলে দৃষ্টিহীনদের টি২০ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিল ভারত।

পাকিস্তানে লাহোরে হবে দৃষ্টিহীনদের টি২০ বিশ্বকাপ। ভারত অংশ না নিলেও টুর্নামেন্ট চলবে বলে জানানো হয় আয়োজকদের তরফে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক থেকে নো অবজেকশন সার্টিফিকেট পেয়েছিল ভারতীয় দল। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বিদেশ মন্ত্রকের দিকে তাকিয়ে ছিলেন সকলেই।
শেষমেশ বিদেশ মন্ত্রকের তরফেই জানিয়ে দেওয়া হয়েছে, দৃষ্টিহীনদের বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ভারতীয় দলকে পাকিস্তানে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত মোতাবেকই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল ভারত।
ইন্ডিয়ান ব্লাইন্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব শৈলেন্দ্র যাদব ওই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মৌখিকভাবে তাঁদের বলা হয়েছে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে। পাকিস্তানে দল না পাঠানো সংক্রান্ত নির্দেশ লিখিতভাবে কেন্দ্র পাঠায়নি। নভেম্বরের ২৩ থেকে ডিসেম্বরের ৩ তারিখ অবধি চলার কথা এই বিশ্বকাপ।
শৈলেন্দ্র যাদব সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, পাকিস্তানে যাওয়ার ব্যাপারে কেন্দ্রের মতামতের জন্য আমরা ২৫ দিন ধরে অপেক্ষা করেছি। টুর্নামেন্ট শুরুর দিন এগিয়ে আসছে। বিদেশ মন্ত্রকে ফোনে যোগাযোগ করা হলে আমাদের বলা হয়েছে দল না পাঠাতে। এ সংক্রান্ত চিঠি দেওয়া হবে বলেও আশ্বাস মিলেছে।
তবে ওই ফোনে হওয়া কথার ভিত্তিতেই ভারত ওই টুর্নামেন্টে অংশ নিচ্ছে না। যাদবের দাবি, ভারতের পাশাপাশি পাকিস্তানে দৃষ্টিহীনদের বিশ্বকাপে অংশ নেবে না ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। একইসঙ্গে যাদব বলেন, এই সিদ্ধান্তে ক্রিকেটারদের কঠোর পরিশ্রম জলে গেল। ভারত-পাকিস্তান ম্যাচ না হওয়ায় পাকিস্তান ওয়াকওভার পাবে।
লাহোরে বিশ্বকাপ খেলতে ভারতীয় দলের কালই রওনা হওয়ার কথা ছিল। পাকিস্তান ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান সৈয়দ সুলতান শাহ দাবি করেছিলেন, ভারতীয় দলকে পাকিস্তানে দৃষ্টিহীনদের টি২০ বিশ্বকাপ খেলার জন্য ভিসাও অনুমোদন করেছিল পাকিস্তান। ২০১২, ২০১২ ও ২০১৭- তিনবারই দৃষ্টিহীনদের টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।
২০২২ সালে ভারত দৃষ্টিহীনদের টি২০ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশকে হারিয়ে। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ২ উইকেটে ২৭৭ রান তোলার পর প্রতিপক্ষতে ৩ উইকেটে ১৫৭ রানেই থামিয়ে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল অপরাজেয় থেকেই।












Click it and Unblock the Notifications