BAN vs IND: ভারত যাচ্ছে বাংলাদেশ সফরে! সাদা বলের সিরিজে এমন ঘটনা ঘটবে যা আগে কখনও হয়নি
BAN vs IND: আইপিএল চলছে। তারপরই ভারতীয় দলের ঠাসা আন্তর্জাতিক ক্রীড়াসূচি। জুনে পাঁচ টেস্টের সিরিজ খেলতে ভারত যাবে ইংল্যান্ডে।
এরপর অনেকগুলি সাদা বলের ম্যাচ খেলবে মেন ইন ব্লু। আজ ঘোষিত হলো ভারতের বাংলাদেশ সফরের ক্রীড়াসূচি।

অগাস্টে ভারত ৬টি সাদা বলের আন্তর্জাতিক সিরিজ খেলতে যাবে বাংলাদেশে। তিনটি করে একদিনের ও টি২০ আন্তর্জাতিক ম্যাচ থাকছে এই সিরিজে। ভারত ও বাংলাদেশের কূটনৈতিক তথা বৈদেশিক সম্পর্কের আবহে এই সিরিজ যথেষ্টই তাৎপর্যপূর্ণ।
এর আগে ভারত কখনও বাংলাদেশে গিয়ে দ্বিপাক্ষিক টি২০ সিরিজ খেলেনি। এই প্রথমবার বাংলাদেশে ভারত কোনও টি২০ সিরিজ খেলবে। ২০১৪ সালে ভারত বাংলাদেশে গিয়ে তিনটি ওডিআই খেলেছিল। তার ১১ বছর পর ভারতীয় দল বাংলাদেশে যাচ্ছে শুধু সাদা বলের কোনও সিরিজ খেলতে।
মীরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে হবে প্রথম ২টি ওডিআই এবং শেষ দুটি টি২০ আন্তর্জাতিক। তৃতীয় ওডিআই ও টি২০ সিরিজের প্রথম ম্যাচটি হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহিদ ফ্লাইট লেফটেন্যান্স মোতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। এই স্টেডিয়ামের আগে নাম ছিল জাহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর অন্তর্বর্তী সরকার বিভিন্ন স্টেডিয়ামের নাম পরিবর্তন করেছে। তার মধ্যে রয়েছে চট্টগ্রামের স্টেডিয়ামও। এমনকী গত বছর শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর এই প্রথম ভারতের পুরুষ ক্রিকেট দল বাংলাদেশে কোনও সিরিজ খেলতে যাচ্ছে।
চলতি বছর এশিয়া কাপের আয়োজক দেশ ভারত। তারই প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে ভারত-বাংলাদেশ সিরিজটিকে। জানা যাচ্ছে, ভারত ঢাকায় পৌঁছবে ১৩ অগাস্ট। অগাস্টের ১৭ ও ২০ তারিখ দুটি ওডিআই হবে। চট্টগ্রামে তৃতীয় ওডিআই ও প্রথম টি২০ আন্তর্জাতিক হবে যথাক্রমে অগাস্টের ২৩ ও ২৬ তারিখ।
এরপর ফের ভারত ও বাংলাদেশ দল যাবে ঢাকায়। সেখানে টি২০ সিরিজের বাকি ম্যাচগুলি হবে ২৯ ও ৩১ তারিখ। অগাস্ট মাস বাংলাদেশের ক্রিকেট মরশুমের মধ্যে পড়ে না। ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট বাংলাদেশ খেলেছিল অগাস্টে। এরপর ২০২১ সালে অজিদের বিরুদ্ধেই খেলেছিল পাঁচটি টি২০ আন্তর্জাতিক। ভারত ২০১৪ সালে বাংলাদেশে গিয়ে তিনটি ওডিআই খেলেছিল জুন মাসে।












Click it and Unblock the Notifications