রোহিত শর্মার ভারত হতে পারে বিশ্বের ১ নম্বর ওডিআই দল, নিউজিল্যান্ড সিরিজ কোন ব্যবধানে জিতলেই বাজিমাত?
টি ২০ আন্তর্জাতিকে এই মুহূর্তে বিশ্বের ১ নম্বর দল ভারত। এবার একদিনের আন্তর্জাতিকেও এক নম্বর দল হওয়ার জোরালো সম্ভাবনা মেন ইন ব্লুর। তবে তার জন্য আসন্ন তিন ম্যাচের ওডিআই সিরিজে নিউজিল্যান্ডকে হারাতে হবে ৩-০ ব্যবধানে। কিউয়িরা সেক্ষেত্রে এক থেকে সটান নেমে আসবে চতুর্থ স্থানে।

শ্রীলঙ্কাকে রোহিত শর্মার ভারত একদিনের সিরিজে হোয়াইটওয়াশ করেছে। গুয়াহাটি, কলকাতার পর গতকাল তিরুবনন্তপুরমে শ্রীলঙ্কাকে চূর্ণ করেছে টিম ইন্ডিয়া। ৩১৭ রানে ম্যাচ জিতেছে, যা ওডিআই ইতিহাসে সর্বাধিক ব্যবধানে জয়। এই সিরিজ জয়ের সুবাদে ভারতের রেটিং পয়েন্ট পৌঁছে গিয়েছে ১১০-এ। নিউজিল্যান্ড ভারত সফরে এসেছে পাকিস্তানকে হারিয়ে। তাদের রেটিং পয়েন্ট ১১৫।
ভারত রয়েছে চতুর্থ স্থানে। ভারতের উপরে রয়েছে অস্ট্রেলিয়া, তাদের পয়েন্ট ১১২। দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। বিশ্বচ্যাম্পিয়নদের ঝুলিতে রয়েছে ১১৩ রেটিং পয়েন্ট। ভারত যদি কিউয়িদের বিরুদ্ধে ক্লিন স্যুইপ নিশ্চিত করতে পারে তাহলে ভারত পৌঁছে যাবে ১১৪ পয়েন্টে। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার অবস্থানগত পরিবর্তন হবে না। নিউজিল্যান্ড এক থেকে নেমে আসবে চারে। ভারত সেক্ষেত্রে ১ দল হয়ে যাবে একদিনের আন্তর্জাতিকে। সেটা হলেই টি ২০ ও একদিনের আন্তর্জাতিকে এক নম্বর দল হয়ে সাদা বলের ক্রিকেটে বিশ্বে অনন্য নজির তৈরি করবে টিম ইন্ডিয়া।
এখানেই শেষ নয়। আন্তর্জাতিক ক্রিকেটের তিনটি ফরম্যাটেই বিশ্বের ১ নম্বর দল হতে পারে ভারত। তবে সেজন্য অপেক্ষা করতে হবে মার্চ মাস পর্যন্ত। মার্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ রয়েছে ভারতের। তার আগে চার টেস্টের বর্ডার-গাভাসকর ট্রফি। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার ক্ষেত্রে অজিদের বিরুদ্ধে টেস্ট সিরিজ জেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ গতবারের ফাইনালিস্টদের কাছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত যদি ১-০ বা ৩-১ ব্যবধানে টেস্ট সিরিজ জেতে, তাহলেই বিশ্বের ১ নম্বর টেস্ট দলও হয়ে যাবে ভারত। আইসিসি টেস্ট দলগত র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়া রয়েছে শীর্ষে। তাদের রেটিং পয়েন্ট ১১৬, ভারত রয়েছে দ্বিতীয় স্থানে ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে। যা পরিস্থিতি, তাতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথের সম্ভাবনা বেশি।












Click it and Unblock the Notifications