India vs Sri Lanka: টি ২০ বিশ্বকাপের পরই ভারত যাচ্ছে শ্রীলঙ্কায়, সাদা বলের সিরিজ শুরু কোন মাসে?
India vs Sri Lanka: ভারতীয় ক্রিকেট দলের জন্য আগামী কয়েক মাস ঠাসা ক্রীড়াসূচি। ডিসেম্বরেই দক্ষিণ আফ্রিকায় পূর্ণাঙ্গ সিরিজ। দেশে ফিরেই আফগানিস্তানের বিরুদ্ধে তিনটি টি ২০ আন্তর্জাতিক।
জানুয়ারিতে শুরু ভারত-ইংল্যান্ড পাঁচ টেস্টের সিরিজ। এরপর আইপিএল। আইপিএলের পর টি ২০ বিশ্বকাপ। টি ২০ বিশ্বকাপের পর ভারত প্রথম সিরিজটি খেলবে শ্রীলঙ্কায়।

শ্রীলঙ্কাকে আইসিসি সাসপেন্ড করে রেখেছে। সরিয়ে নিয়ে গিয়েছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। তবে শ্রীলঙ্কা ক্রিকেট দলের খেলার উপর কোনও নিষেধাজ্ঞা জারি হয়নি। ঘরোয়া টুর্নামেন্ট থেকে দ্বিপাক্ষিক সিরিজ, আইসিসি ইভেন্টে অংশ নেবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। ২০২৪ সালে শ্রীলঙ্কা কাদের বিরুদ্ধে খেলবে সেটাও আজ জানিয়ে দিল শ্রীলঙ্কা ক্রিকেট।
শ্রীলঙ্কার সিনিয়র পুরুষ দল আগামী বছর ৫২টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে দেশ ও বিদেশের মাটিতে। তার মধ্যে রয়েছে ১০টি টেস্ট, ২১টি একদিনের আন্তর্জাতিক, ২১টি টি ২০ আন্তর্জাতিক। তবে টি ২০ আন্তর্জাতিকের এই সংখ্যা দ্বিপাক্ষিক সিরিজের। টি ২০ বিশ্বকাপের ম্যাচগুলি ধরলে সেই সংখ্যা আরও বেশিই হবে।
ভারতীয় ক্রিকেট দল জুলাই মাসে শ্রীলঙ্কায় যাবে তিনটি করে টি ২০ ও একদিনের আন্তর্জাতিক খেলতে। এই ম্যাচগুলি কোথায় কবে হবে তা জানানো হয়নি। জানুয়ারিতে শ্রীলঙ্কা জিম্বাবোয়ের বিরুদ্ধে তিনটি করে টি ২০ ও একদিনের আন্তর্জাতিক খেলবে। জানুয়ারি-ফেব্রুয়ারিতে আফগানিস্তানের বিরুদ্ধে ১টি টেস্ট এবং তিনটি করে টি ২০ ও ওডিআই রয়েছে।
ফেব্রুয়ারি-মার্চে বাংলাদেশের বিরুদ্ধে ২টি টেস্ট ও তিনটি করে ওডিআই এবং টি ২০ আন্তর্জাতিক খেলবে শ্রীলঙ্কা। জুন-জুলাইয়ে টি ২০ বিশ্বকাপ। এরপর ভারত-শ্রীলঙ্কা সিরিজ। অগাস্ট-সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ রয়েছে শ্রীলঙ্কার। সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২টি টেস্ট। অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজ ও নভেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি করে টি ২০ ও ওডিআই।
নভেম্বর-ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২টি টেস্ট। ডিসেম্বর থেকে ২০২৫ সালের জানুয়ারি অবধি নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি করে ওডিআই ও টি ২০ খেলবে শ্রীলঙ্কা।












Click it and Unblock the Notifications