ভারত ও শ্রীলঙ্কা পৌঁছে গেল রাজকোটে, সিরিজ নির্ণায়ক ম্যাচের আগে একনজরে পরিসংখ্যান
মুম্বইয়ে ভারত ও পুনেতে শ্রীলঙ্কা জেতায় তিন ম্যাচের সিরিজ আপাতত ১-১। সিরিজ নির্ণায়ক তৃতীয় টি ২০ আন্তর্জাতিক খেলতে আজ দুই দলই পৌঁছে গিয়েছে রাজকোটে। নতুন বছরের প্রথম সিরিজ কারা জিতবে তা স্পষ্ট হয়ে যাবে কাল রাতেই। রাজকোটে ভারতের ট্র্যাক রেকর্ড যথেষ্ট ভালো, আবার ভারত থেকে কখনও টি ২০ সিরিজ জিতে ফেরেনি শ্রীলঙ্কা। এই বিষয়গুলি আত্মবিশ্বাস বাড়াবে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের।

রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে চারটি টি ২০ আন্তর্জাতিক হয়েছে। চারটিতেই খেলেছে ভারত। তার মধ্যে জিতেছে তিনটিতে। ২০১৩ সালের ১০ অক্টোবর রাজকোটে প্রথম টি ২০ আন্তর্জাতিক ম্যাচটি হয়েছিল। তাতে ভারত জিতেছিল ৬ উইকেটে। ২০১৭ সালের ৪ নভেম্বর এখানে নিউজিল্যান্ডের কাছে ভারত পরাস্ত হয়েছিল ৪০ রানে। ২০১৯ সালের ৭ নভেম্বর ভারতের কাছে বাংলাদেশ পরাজিত হয়েছিল ৮ উইকেটে। গত বছর ১৭ জুলাই রাজকোটে দক্ষিণ আফ্রিকাকে ভারত হারিয়েছিল ৮২ রানে।
এই স্টেডিয়ামে শেষ টি ২০ আন্তর্জাতিকে ঋষভ পন্থের অধিনায়কত্বে ভারত ৬ উইকেটে ১৬৯ রান তুলেছিল। ২৭ বলে ৫৫ রান করেছিলেন ম্যাচের সেরা দীনেশ কার্তিক। হার্দিক পাণ্ডিয়া ৩১ বলে ৪৬ রান করেছিলেন। জবাবে ১৬.৫ ওভারে ৮৭ রানে গুটিয়ে গিয়েছিল প্রোটিয়ারা। আবেশ খান ১৮ রানে চারটি, যুজবেন্দ্র চাহাল দুটি এবং হর্ষল ও অক্ষর প্যাটেল একটি করে উইকেট নিয়েছিলেন। এই মাঠে টি ২০ আন্তর্জাতিকে সেরা বোলিং ফিগার রয়েছে আবেশ খানেরই। ৪ ওভারে ১৮ রান দিয়ে ৪ উইকেট। চাহাল গত বছর প্রোটিয়াদের বিরুদ্ধে ২১ রানে ২ উইকেট নিয়েছিলেন।
রাজকোটে প্রথম যে টি ২০ আন্তর্জাতিকটি হয়েছিল তাতে অস্ট্রেলিয়া ৭ উইকেটে ২০১ রান করেছিল, ভারত দুই বল বাকি থাকতে ৬ উইকেটে জয় ছিনিয়ে নেয়। শ্রীলঙ্কা রাজকোটে কোনও টি ২০ ম্যাচ খেলেনি। এই মাঠে ভারতের সর্বনিম্ন স্কোর বাংলাদেশের বিরুদ্ধে ২ উইকেটে ১৫৪। নিউজিল্যান্ডের কলিন মুনরো ভারতের বিরুদ্ধে এখানে ১০৯ রান করে অপরাজিত ছিলেন। ব্যক্তিগত এটিই এখনও অবধি সর্বাধিক স্কোর। রোহিত শর্মা রাজকোটে তিনটি টি ২০ আন্তর্জাতিক খেলেছেন, মোট রান ৯৮। হার্দিক পাণ্ডিয়া ২ ম্যাচ খেলে এখানে ৪৭ রান করেছেন। রোহিত ছাড়াও বিরাট কোহলি, অ্যারন ফিঞ্চ ও যুবরাজ সিং এই স্টেডিয়ামে টি ২০ আন্তর্জাতিকে অর্ধশতরান পেয়েছেন। এখানে টি ২০ আন্তর্জাতিকে সবচেয়ে বেশি ৫টি উইকেট নিয়েছেন যুজবেন্দ্র চাহাল। তিনটি ম্যাচ খেলেছেন, সেরা বোলিং ২১ রানে ২ উইকেট।












Click it and Unblock the Notifications