ভারতীয় দলে ফের সুযোগ ১৩ বছরের বৈভবকে, বাংলা থেকে যুধাজিৎও, চলতি মাসেই ভারত-পাকিস্তান দ্বৈরথ
ACC Men's U19 Asia Cup 2024: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতার মধ্যেই চলতি মাসে ভারত-পাকিস্তান দ্বৈরথ। ম্যাচটি হবে সংযুক্ত আরব আমিরশাহীতে।
দুবাইয়ে ৩০ নভেম্বর অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে ভারত অভিযান শুরুই করবে চিরপ্রতিদ্বন্দ্বী দেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। আজ ভারতীয় দল ঘোষণা করা হয়েছে।

জুনিয়র সিলেকশন কমিটি আজ ১৫ সদস্যের ভারতীয় অনূর্ধ্ব ১৯ দল বেছে নিয়েছেন। এই টুর্নামেন্ট ভারত জিতেছে ৮ বার। এবার এ গ্রুপে ভারতের সঙ্গেই রয়েছে পাকিস্তান, জাপান ও আয়োজক সংযুক্ত আরব আমিরশাহী। গ্রুপ বি-তে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা।
এই টুর্নামেন্ট শুরুর আগে ২৬ নভেম্বর ভারতের অনূর্ধ্ব ১৯ দল বাংলাদেশের অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে শারজায়। ৩০ নভেম্বর ভারতীয় সময় সকাল সাড়ে ১০টা থেকে ভারত অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ অভিযান শুরু করবে পাকিস্তান ম্যাচ দিয়ে।
দুবাইয়ে পাকিস্তান ম্যাচ খেলে ভারত যাবে শারজায়। ডিসেম্বরের ২ ও ৪ তারিখ সেখানে খেলবে জাপান ও সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে। ৬ ডিসেম্বর দুটি সেমিফাইনাল রয়েছে দুবাই ও শারজায়। দুবাইয়ে ফাইনাল হবে ৮ ডিসেম্বর।
ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন মহম্মদ আম্মান। দলে রয়েছেন বাংলার যুধাজিৎ গুহ। সুযোগ দেওয়া হয়েছে ১৩ বছরের বৈভব সূর্যবংশীকে। বিহারের বৈভব ইতিমধ্যেই ৫টি রঞ্জি ম্যাচ খেলে ফেলেছে। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে ১০৪ রানের ইনিংসও খেলেছিল বৈভব। তবে পাঞ্জাবের বিরুদ্ধে আজ বৈভব ১৩ রানে আউট হয়ে যায়।
ভারতের অনূর্ধ্ব ১৯ দল- আয়ুষ মাত্রে, বৈভব সূর্যবংশী, সি আন্দ্রে সিদ্ধার্থ, মহম্মদ আম্মান (অধিনায়ক), কিরণ চরমালে (সহ অধিনায়ক), প্রণব পন্থ, হরবংশ সিং পাঙ্গালিয়া (উইকেটকিপার), অনুরাগ কাওডে (উইকেটকিপার), হার্দিক রাজ, মহম্মদ এন্নান, কেপি কার্তিকেয়, সমর্থ নাগরাজ, যুধাজিৎ গুহ, চেতন শর্মা, নিখিল কুমার।
নন ট্রাভেলিং রিজার্ভ- সাহিল পারেখ, নমন পুষ্পক, আনমোলজিৎ সিং, প্রণব রাঘবেন্দ্র, ডি দীপেশ।












Click it and Unblock the Notifications