ভারত ও অস্ট্রেলিয়ার প্রথম একাদশ কেমন হতে পারে? নজরে টি ২০ আন্তর্জাতিকে দ্বৈরথের পরিসংখ্যান, পিচ ও আবহাওয়া
কাল মোহালির পিসিএ আইএস বিন্দ্রা স্টেডিয়ামে প্রথম টি ২০ আন্তর্জাতিকে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামছে ভারত। সিরিজের সব ম্যাচই সন্ধ্যা সাতটায় শুরু হবে বিসিসিআই জানিয়েছে। মোহালিতে ভারত টি ২০ আন্তর্জাতিকে একবারও হারেনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একমাত্র সাক্ষাতেও জিতেছিল ২০১৬ সালের টি ২০ বিশ্বকাপে। কাল রোহিতদের হারিয়ে মোহালিতে মেন ইন ব্লুর বিরুদ্ধে জয়ের খরা কাটাতে বদ্ধপরিকর অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া।

হাড্ডাহাড্ডি টক্করের অপেক্ষা
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ দ্বৈরথের পরিসংখ্যানে এগিয়ে রয়েছে ভারত। ২৩টি টি ২০ আন্তর্জাতিকের মধ্যে ভারত জিতেছে ১৩টিতে। অস্ট্রেলিয়া ৯টিতে। একটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায়। ভারতের মাটিতে এই দুই দেশের মধ্যে যে ৯টি টি ২০ আন্তর্জাতিক খেলা হয়েছে তাতে ভারত এগিয়ে ৫-৪ ব্যবধানে। শেষ তিনটি দ্বৈরথ অবশ্য অস্ট্রেলিয়া জিতে রয়েছে। ২০১৭ সালের ৭ অক্টোবর ভারত দেশের মাটিতে অস্ট্রেলিয়াকে শেষবার টি ২০ আন্তর্জাতিকে হারিয়েছিল। ওই বছর ১০ অক্টোবর গুয়াহাটিতে ভারতকে ৮ উইকেটে হারায় অজিরা। পরের ম্যাচটি হায়দরাবাদে বৃষ্টিতে ভেস্তে যায়। এরপর ২০১৯ সালে ২৪ ও ২৭ ফেব্রুয়ারি যথাক্রমে বিশাখাপত্তনম ও বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়া যথাক্রমে ৩ উইকেট ও ৭ উইকেটে ভারতকে হারিয়ে দিয়েছিল।

ভারতের সম্ভাব্য একাদশ
ভারত এই সিরিজ খেলতে নামবে নতুন জার্সি পরেই। এশিয়া কাপের দলের কম্বিনেশনে কেমন পরিবর্তন আসেন সেটার দিকে থাকবে নজর। কোয়াড ইনজুরির জেরে কাউন্টি দল ছেড়ে ভারতে রিহ্যাবের জন্য ফিরেছিলেন উমেশ যাদব। মহম্মদ শামি করোনা আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে যাওয়ায় ডেকে নেওয়া হয়েছে উমেশ যাদবকে। তবে জসপ্রীত বুমরাহ ও হর্ষল প্যাটেল ফেরায় উমেশের একাদশে আসার সম্ভাবনা কম।
ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, ঋষভ পন্থ বা দীনেশ কার্তিক(উইকেটকিপার), অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার বা দীপক চাহার, হর্ষল প্যাটেল, যুজবেন্দ্র চাহাল ও জসপ্রীত বুমরাহ।

তৈরি অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার টি ২০ বিশ্বকাপ দলের বেশ কয়েকজন তারকা ভারত সফরে আসেননি। ফলে অ্যারন ফিঞ্চরা পূর্ণশক্তির দল পাচ্ছেন না। টিম ডেভিড কাল অস্ট্রেলিয়ার হয়ে প্রথমবার মাঠে নামতে পারেন। তিনি আগে সিঙ্গাপুরের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। ম্যাথু ওয়েডকে ব্যাটিং অর্ডারে নামিয়ে জশ ইনগ্লিসকে ওপেনার হিসেবে খেলানো হতে পারে। স্টিভ স্মিথ খেলবেন তিনে। ক্যামেরন গ্রিনও একাদশে থাকতে পারেন।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ- অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), জশ ইনগ্লিস, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড (উইকেটকিপার), টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, অ্যাডাম জাম্পা, প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, সিন অ্যাবট
|
পিচ ও আবহাওয়া
ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে অ্যারন ফিঞ্চ বলেছেন, পিচে ঘাস রয়েছে। বল স্যুইং ও ক্যারি করবে। মনে করা হচ্ছে, অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপের জন্য উপযুক্ত পিচেই এই সিরিজ এবং দক্ষিণ আফ্রিকা সিরিজে প্রস্তুতি সেরে নিতে চাইবে ভারত। কাল মোহালিতে আংশিক মেঘলা আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। আপেক্ষিক আর্দ্রতার চ্যালেঞ্জও সামলাতে হবে দলগুলিকে। বৃষ্টির ২৫ শতাংশ সম্ভাবনা রয়েছে। মোহালিতে ২০১৮ সাল থেক পরিসংখ্যান ধরলে ১১টির মধ্যে ৭টিতেই বিভিন্ন দল জিতেছে রান তাড়া করে। এদিকে, আজকের অনুশীলনে বিরাট কোহলিকে বল করতেও দেখা গিয়েছে। গত টি ২০ বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে কিং কোহলি বোলিং করেছিলেন।












Click it and Unblock the Notifications