নিউজিল্যান্ডের কাছে পরাস্ত শ্রীলঙ্কা, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছে গেল ভারত। জুনে ওভালে খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ক্রাইস্টচার্চ টেস্টে নিউজিল্যান্ডের কাছে প্রথম টেস্টে শ্রীলঙ্কা হেরে দৌড় থেকে ছিটকে গেল।
জুনে ওভালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেল ভারত। আমেদাবাদ টেস্ট ড্রয়ের দিকে এগোচ্ছে। তবে তার আগেই ভারতীয় শিবিরে স্বস্তি। ক্রাইস্টচার্চে প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়ে দিয়েছে নিউজিল্যান্ড। ফলে ফাইনালে ওঠার দৌড় থেকে ছিটকে গেল শ্রীলঙ্কা।

ভারত ফাইনালে
ভারত টানা দ্বিতীয়বার আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে। গতবার খেলেছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে, এবার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টেস্ট ড্র হলেও ভারত সিরিজ জিতবে ২-১ ব্যবধানে। সেক্ষেত্রে শ্রীলঙ্কা ফাইনালে যেতে পারতো, তবে নিউজিল্যান্ড সফরে দুটি টেস্টই জিততে হতো। কিউয়িদের সামনে জয়ের লক্ষ্যমাত্রা ছিল ২৮৫ রানের। ৯০ রানে তিন উইকেট পড়ে গিয়েছিল। এরপর কেন উইলিয়ামসন ও ড্যারিল মিচেল চতুর্থ উইকেট জুটিতে ১৪২ রান যোগ করেন। ৮৬ বলে ৮১ রানের ইনিংস খেলেন মিচেল।
|
উইলিয়ামসনের শতরানে হার মানল শ্রীলঙ্কা
১১টি চার ও একটি ছয়ের সাহায্যে ১৯৪ বলে ১২১ রান করে অপরাজিত থাকেন কেন উইলিয়ামসন। ২৩২ রানে চতুর্থ উইকেট পড়ার পর ২৮০ রানের মাথায় অষ্টম উইকেট হারায় টিম সাউদির নেতৃত্বাধীন দল। শেষ অবধি নিল ওয়াগনারকে নিয়ে দলকে টার্গেটে পৌঁছে দেন প্রাক্তন কিউয়ি অধিনায়ক। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উইলিয়ামসনের নেতৃত্বেই নিউজিল্যান্ড বৃষ্টিবিঘ্নিত ম্যাচে হারিয়েছিল ভারতকে। নিজেরা ফাইনালে উঠতে না পারলেও এবার রোহিত শর্মার দলকে আমেদাবাদ টেস্ট শেষ হওয়ার আগেই ফাইনালে পৌঁছে দিলেন উইলিয়ামসন। টেস্ট ম্যাচের শেষ বলে এদিন জয় নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। যার ফলে জুনের ৭ তারিখ থেকে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ পাকা হয়ে গেল।

ওভালে ভারত-অস্ট্রেলিয়া
শ্রীলঙ্কা যদি পরের টেস্টে নিউজিল্যান্ডকে হারিয়েও দেয় তাহলেও সাফল্যের নিরিখে ভারতকে টপকাতে পারবে না। কারণ, আমেদাবাদ টেস্ট ড্র হলে ভারত শেষ করবে ৫৮.৮০ শতাংশ সাফল্যের হার নিয়ে। শেষ টেস্টে জিতলে শ্রীলঙ্কার সাফল্যের শতকরা হার হবে ৫২.৭৮ শতাংশ, যা ভারতের অনেকটাই নীচে। এমনকী সেক্ষেত্রে আমেদাবাদ টেস্টে ভারত যদি হেরেও যেত তাহলেও রোহিতদের ফাইনালে ওঠার ক্ষেত্রে সমস্যা হতো না।

দুই ফাইনালিস্টের খতিয়ান
আমেদাবাদে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ড্র হলে অস্ট্রেলিয়া এবারের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রে ১১টি জয় ও তিনটি পরাজয় দিয়ে শেষ করবে। ভারত জিতেছে ১০টিতে, হেরেছে ৫টিতে। অস্ট্রেলিয়া দেশের মাটিতে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে সিরিজে হারিয়েছে এবং পাকিস্তানে গিয়ে সিরিজ জিতেছে। শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ ১-১ ড্র করে ফিরেছিল অজিরা। একমাত্র টেস্ট সিরিজ হার ভারতের মাটিতেই। অন্যদিকে, ভারত দেশের মাটিতে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে হারিয়েছে। বাংলাদেশে গিয়ে সিরিজ জিতেছে। ইংল্যান্ডে টেস্ট সিরিজ ২-২ ড্র করেছে, দক্ষিণ আফ্রিকায় গিয়ে ১-২ ব্যবধানে পরাস্ত হয়েছে।












Click it and Unblock the Notifications