India vs Australia T20Is: ফোকাসে বিশ্বকাপ! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচের টি ২০ সিরিজ খেলার পরিকল্পনা ভারতের
India vs Australia T20Is: অক্টোবর-নভেম্বর ৫০ ওভারের বিশ্বকাপ। তার কয়েক মাস পরেই টি ২০ বিশ্বকাপের আসর বসবে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে। ২০০৭ সালের পর টি ২০ বিশ্বকাপ জিততে পারেনি ভারত।
যদিও এবার মূলত তারুণ্য নির্ভর দল গড়েই টি ২০ বিশ্বকাপে বাজিমাত করতে বদ্ধপরিকর ভারত। সেই কারণেই ৫০ ওভার বিশ্বকাপের পর কয়েক মাস গুরুত্ব দেওয়া হবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও টি ২০ আন্তর্জাতিকেই।

টি ২০ বিশ্বকাপের দলে ভারতের কতজন সিনিয়র থাকবেন তা এখনই বলা যাচ্ছে না। অজিত আগরকার জাতীয় নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান হওয়ার দৌড়ে এগিয়ে। বিসিসিআই সূত্রকে উদ্ধৃত করে একটি ওয়েবসাইটের দাবি, ৫০ ওভারের বিশ্বকাপের পরই রোহিত শর্মা, বিরাট কোহলিদের টি ২০ ভবিষ্যৎ নিয়ে তাঁদের সঙ্গে কথা বলবেন জাতীয় নির্বাচকমণ্ডলীর নতুন চেয়ারম্যান।
বিরাট কোহলি এবার আইপিএলে যে ছন্দে ছিলেন তাতে তিনি রাজি থাকলে টি ২০ বিশ্বকাপের দলে থাকতেই পারেন। রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার ও লোকেশ রাহুলকে নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে। তবে বিসিসিআইয়ের আধিকারিকরা মনে করছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিন ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল খেলা কঠিন।

ভারতের ঠাসা ক্রীড়াসূচিতে গুরুত্বপূর্ণ হতে চলেছে ওয়ার্কলোডের বিষয়টিও। কেন না, যেখানেই সূচিতে কিছুটা সময় ফাঁকা থাকছে সেখানেই ভারতের সিরিজ আয়োজনের পরিকল্পনা চলছে। যেমন- ভারতের দক্ষিণ আফ্রিকা সফরের পরই দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি ২০ সিরিজ আয়োজনের পরিকল্পনা হচ্ছে।

বিশ্বকাপের পর আফগানিস্তানের বিরুদ্ধে ভারত দেশের মাটিতে তিন ম্যাচের টি ২০ সিরিজ খেলবে। এরপর ২টি টেস্ট এবং তিনটি করে ওডিআই ও টি ২০ আন্তর্জাতিক খেলতে ভারত ডিসেম্বরে যাবে দক্ষিণ আফ্রিকায়, ফিরবে জানুয়ারিতে। দেশে ফেরার পর ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ শুরুর আগেই অজিদের বিরুদ্ধে ৫টি টি ২০ আন্তর্জাতিক খেলতে পারে ভারত।
আইপিএলের পর জুলাইয়ে তিনটি করে ওডিআই ও টি ২০ আন্তর্জাতিক খেলতে ভারতের শ্রীলঙ্কা যাওয়ার কথা রয়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বর-অক্টোবরে ২টি টেস্ট ও তিনটি টি ২০ আন্তর্জাতিক খেলতে ভারতে আসবে বাংলাদেশ। অক্টোবর-নভেম্বরে তিনটি টেস্ট খেলতে এ দেশে আসবে নিউজিল্যান্ড।
ভারতীয় দল আপাতত রয়েছে ওয়েস্ট ইন্ডিজ সফরে। সেখানে দুটি টেস্ট, তিনটি ওডিআই ও পাঁচটি টি ২০ আন্তর্জাতিক খেলবে টিম ইন্ডিয়া।












Click it and Unblock the Notifications