টি ২০ বিশ্বকাপের আগে দেশের মাটিতে দুই তাবড় প্রতিপক্ষের মুখোমুখি ভারত, ম্যাচ পাচ্ছে ইডেন?
টি ২০ বিশ্বকাপের আগে দুই শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে সাদা বলের সিরিজ খেলবে ভারত। এশিয়া কাপের পর দেশের মাটিতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে মেন ইন ব্লু। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি টি ২০ আন্তর্জাতিক হবে। তারপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি করে টি ২০ ও একদিনের আন্তর্জাতিক খেলবে ভারত।

এশিয়া কাপের পরও সাদা বলের সিরিজ
বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে গতকাল বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন, এশিয়া কাপ শ্রীলঙ্কায় হচ্ছে না। যেহেতু ভারত ও বাংলাদেশে বর্ষাকাল চলবে, ফলে এই দুটি দেশেও এশিয়া কাপ হবে না। সে কারণে বেছে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরশাহীকেই। এবারের এশিয়া কাপ হবে টি ২০ ফরম্যাটে। ফলে ভারত ও পাকিস্তান যদি এশিয়া কাপের ফাইনাল খেলে তাহলে টি ২০ বিশ্বকাপের আগেই দুবার বাবর আজমদের মুখোমুখি হওয়ার সুযোগ পাবেন রোহিত শর্মারা। বিশ্বকাপের অভিযানও এবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়েই শুরু করবে ভারত। গত টি ২০ বিশ্বকাপে প্রথম ম্যাচে পাকিস্তান ও দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়াতেই ভারতের বিদায় কার্যত নিশ্চিত হয়ে যায়। সেমিফাইনালেই উঠতে পারেনি বিরাট কোহলির নেতৃত্বাধীন দল।

জোরকদমে প্রস্তুতি
এই পরিস্থিতিতে এবার টি ২০ বিশ্বকাপের আগে যত বেশি সংখ্যক শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচ খেলে প্রস্তুতি সারতে চাইছে ভারত। টি ২০ বিশ্বকাপের আগে বিশেষ শিবির বা প্রস্তুতি ম্যাচ তো থাকবেই, কিন্তু তারও আগে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মতো দুটি শক্তিশালী দলের বিরুদ্ধেও সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। এতে টি ২০ বিশ্বকাপের আগে সেরা কম্বিনেশন বেছে নিতে সুবিধা হবে হেড কোচ রাহুল দ্রাবিড়ের। বিশ্বকাপের আগেই প্রথম একাদশকে দ্রাবিড় কয়েকটি ম্যাচ খেলিয়ে পরিস্থিতি যাচাই করে নিতে পারবেন।

ভারত বনাম অস্ট্রেলিয়া
এখনও বিসিসিআইয়ের তরফে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সফরের সূচি প্রকাশ করা হয়নি। তবে বোর্ডসূত্রে খবর, ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টি ২০ আন্তর্জাতিকটি হবে ২০ সেপ্টেম্বর মোহালিতে। এরপর ২৩ ও ২৫ সেপ্টেম্বর যথাক্রমে নাগপুর ও হায়দরাবাদে হবে দুটি টি ২০ আন্তর্জাতিক।

ম্যাচ পাচ্ছে না ইডেন
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত তিনটি করে টি ২০ ও একদিনের ম্যাচ খেলবে। প্রোটিয়াদের বিরুদ্ধে টি ২০ সিরিজের প্রথম ম্য়াচ ২৮ সেপ্টেম্বর তিরুঅনন্তপুরমে, ১ অক্টোবর দ্বিতীয় ম্যাচ গুয়াহাটিতে, ইন্দোরে তৃতীয় ম্যাচ ৩ অক্টোবর। একদিনের সিরিজের ম্যাচগুলি হবে রঁচি, লখনউ ও দিল্লিতে, যথাক্রমে অক্টোবরের ৬, ৯ ও ১১ তারিখ। যেহেতু দুর্গাপুজোর মধ্যে পড়ছে ম্যাচগুলি, ফলে তখন কলকাতায় ম্যাচ আয়োজন সম্ভব নয়। সে কারণেই টি ২০ বিশ্বকাপের আগে ভারতকে খেলতে দেখা যাবে না ইডেনে।












Click it and Unblock the Notifications