India vs WI Test: আবেগপ্রবণ বঙ্গ পেসার, অভিষেক করেই মা-কে ফোন মুকেশের, দেখুন ভিডিও
দারিদ্রের সঙ্গে অসম লড়াই ছিল। কিন্তু কখনই স্বপ্নকে পিছেন ফেলে আসেননি। সিএবির ভিশন ২০-২০ ক্যাম্প থেকে ভারতীয় টেস্ট দলের জার্সি। রূপকথার এক গল্পকেও হার মানাবে মুকেশ কুমারের লড়াইয়ের কাহিনি। অবশেষে স্বপ্ন সত্যি হয়েছে মুকেশের। টিম ইন্ডিয়ার জার্সিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক হয়েছে বাংলা দলের পেসারের। মুহূর্তটা যতটা খুশির তার থেকে বেশি আবেগের মুকেশের কাছে।
বিসিসিআইয়ের পক্ষ থেকে সম্প্রতি নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে মুকেশ কুমারের একটি ভিডিও পোস্ট করেছে, যাতে বাংলার বোলারের আবেগ ধরা পড়েছে। মায়ের সঙ্গেই খুশি এবং আবেগের মুহূর্তটা ভাগ করে নিয়েছেন ভারতীয় দলের পেসার।

আসলে অশ্বিনের হাত থেকে টেস্টের ডেবিউ ক্যাপ পাওয়ার পর নিজের মায়ের সঙ্গে ফোনে কথা বলেছেন মুকেশ কুমার। বাংলা দলের পেসার ফোনে তাঁর মা-কে বলেন, 'মা তুমি আনার প্রণাম নিও, এতদিন ধরে তোমার ঈশ্বর সাধনার ফল পেয়েছি, আমি ভারতীয় দলে খেলার সুযোগ পেয়েছি।'
ভারতীয় বোর্ডের পোস্ট করা ভিডিওতে মুকেশ কুমারকে বলেন, 'আমার মা আমাকে সব সময় খুশি থাকতে বলেছিলেন। তিনি বলেন, এগিয়ে যান। তাঁর আশীর্বাদ সবসময় আমার সঙ্গে আছে। মা চান আমি উন্নতি করতে থাকি এবং আরও ভালো করি।'
No Dream Too Small! 🫡
— BCCI (@BCCI) July 21, 2023
Mukesh Kumar's phone call to his mother after his Test debut is all heart ❤️#TeamIndia | #WIvIND pic.twitter.com/Sns4SDZmi2
একইসঙ্গে মুকেশ বলেন, 'এই মুহূর্তটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি কতটা খুশি তা বলতে পারব না। সকালে অভিষেক করলাম আর সন্ধ্যায় মায়ের সঙ্গে কথা বলছি। এই সময়ে কি বলতে হবে সেটা আমি জানি না।'
আশা করা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম টেস্টেই ভারতীয় দলে সুযোগ পাবেন তিনি। কিন্তু প্রথম একাদশে জায়গা পাননি মুকেশ কুমার। অবশেষে দ্বিতীয় টেস্টে ভারতের প্রথম একাদশে সুযোগ পেয়েছেন বাংলার পেসার। শার্দূল ঠাকুর চোটে থাকায় সুযোগ পেয়েছেন তিনি।

বিহারের গোপালগঞ্জের কাকরকুণ্ডে জন্ম মুকেশের। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে বিহারের হয়ে প্রতিনিধিত্বও করেছেন। কলকাতায় এসে কাজ করার পাশাপাশি ক্রিকেট খেলাও চালিয়ে যান মুকেশ। সেখান থেকেই স্বপ্ন দেখা শুরু করেছিলেন। গত দুই বছর ভারতের ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে ভাল বল করেছেন মুকেশ।
বাংলাকে গত বার রঞ্জির ফাইনালে তোলার নেপথ্যে বড় ভূমিকা ছিল তাঁর। শুধু রঞ্জি নয়, আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়েও ভাল খেলেছেন তিনি। আইপিএলে নিয়েছেন ২২ উইকেট।
A day to remember! 😊
— BCCI (@BCCI) July 20, 2023
A moment to cherish for #TeamIndia's newest debutant - Mukesh Kumar 👏#WIvIND pic.twitter.com/mULZ0Ro3PH
ছেলে বড় ক্রিকেটার হতে পারে, ভারতীয় দলে সুযোগ পেতে পারে, কখনও এমনটা মনে করতেন না মুকেশের প্রয়াত বাবা কাশীনাথ সিং। গতবছর ব্রেন স্ট্রোকে মারা যান মুকেশের বাবা কাশীনাথ। নিজে ট্যাক্সি চালালেও, ছেলেকে সরকারি চাকরির জন্য পড়াশোনা করার কথা বলতেন। সেই ছেলেই এবার জাতীয় দলে সুযোগ পেয়েই টেস্ট অভিষেক ঘটালেন।












Click it and Unblock the Notifications