India vs WI 2nd T20I: হার্দিক টস জিতে ব্যাটিং নিলেন, ভারতের একাদশে একটি পরিবর্তন, ওয়েস্ট ইন্ডিজ অপরিবর্তিত
India vs West Indies 2nd T20I: পাঁচ ম্যাচের টি ২০ সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি ভারত। প্রথম ম্যাচে ত্রিনিদাদের টারৌবায় ভারত রান তাড়া করতে গিয়ে ৪ রানে পরাস্ত হয়েছিল।
আজ দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিকে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। ভারতীয় একাদশে একটি পরিবর্তন হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ দল অপরিবর্তিত।

এই স্টেডিয়ামে শেষ পাঁচটি টি ২০ আন্তর্জাতিকের দুটি বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল। যে তিনটি ম্যাচ পুরো খেলা হয়েছে তার প্রথম ইনিংসে রান উঠেছে যথাক্রমে ১৪৬, ১৫৭ ও ১৬৩। পরে ব্যাট করা দল জিতেছে ২ বার। আজ যে উইকেটে খেলা হবে তাতে কিছুটা ঘাস রয়েছে। তবে তা উইকেটের বাঁধন ধরে রাখতে। পেসারদের থেকে স্পিনাররাই বেশি সাহায্য পাবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
হার্দিক টসের পর জানান, গতকাল নেটে কুলদীপ চোট পেয়েছেন। যদিও তা সিরিয়াস নয়। তবুও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। রবি বিষ্ণোই আজ খেলবেন। আগের ম্যাচে হার নিয়েও উদ্বিগ্ন নন হার্দিক। তাঁর কথায়, আমরা খুব বেশি ভুল কিছু করিনি। কয়েকটা ভুল হয়েছিল, তা হতেই পারে। ওভারপিছু ১০-১২ রান তাড়া করতে হলে উইকেট ধরে রাখা জরুরি।

কয়েকটি উইকেট দ্রুত হারানোতেই রান তাড়া করতে গিয়ে সমস্যা হয়েছিল বলে দাবি হার্দিকের। তবে দলগতভাবে সকলেই এই ভুলভ্রান্তি থেকে শিখছেন বলে মন্তব্য করেছেন তিনি। প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নেওয়ায় ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রভম্যান পাওয়েলকে ফুরফুরে দেখাচ্ছে। বিশ্বের ১ নম্বর টি ২০ দলের বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখতে বদ্ধপরিকর এই ফরম্যাটে শক্তিশালী ক্যারিবিয়ান ব্রিগেড।
সূর্যকুমার যাদব আজ ৫০তম টি ২০ আন্তর্জাতিক খেলছেন। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক পাওয়েল বলেছেন, উইকেট পরের দিকে ভালো হবে বলে মনে হচ্ছে। দ্রুত উইকেট হারাচ্ছি না, এটা ভালো দিক। আমাদের দলে বাউন্ডারি হিটাররা থাকলেও এক বা দুই রানও গুরুত্বপূর্ণ।
ভারত- ঈশান কিষাণ (উইকেটকিপার), শুভমান গিল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল, মুকেশ কুমার, রবি বিষ্ণোই।
ওয়েস্ট ইন্ডিজ- ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স, জনসন চার্লস, নিকোলাস পুরাণ (উইকেটকিপার), রভম্যান পাওয়েল (অধিনায়ক), শিমরন হেটমায়ার, রোমারিও শেফার্ড, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ওবেদ ম্যাককয়।












Click it and Unblock the Notifications