India vs West Indies Tests: মা-বাবাকে সেঞ্চুরি উৎসর্গ, যশস্বীর শতরানে রয়েছে কার অনুপ্রেরণা?
প্রথম টেস্টেই শতরান, স্বপ্নের অভিষেক হয়ত একেই বলে। ঘাত প্রতিঘাত পেরিয়ে সাফল্যের আলোয় উদ্ভাসিত যশস্বী জয়সওয়াল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমেই সেঞ্চুরি হাঁকালেন ভারতের তরুণ ওপেনার। সেইসঙ্গে অভিষেক টেস্টে শতরানকারীদের তালিকায়ও নাম লিখিয়ে ফেললেন যশস্বী। ভারতের সপ্তদশ তথা বিশ্বের ১১৫তম ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টে শতরান করলেন যশস্বী।
টিম ইন্ডিয়ার জার্সিতে অভিষেক ম্যাচেই শতরান হাঁকিয়ে বাড়তি কোনও উচ্ছাস নেই যশস্বীর গলায়। সাফল্য পেয়ে তৃপ্ত কিন্ত বাড়চি আবেগে ভেসে যেতে রাজী নন যশস্বী। জানেন সামনের পথটা অত্যন্ত কঠিন।
দ্বিতীয় দিনের শেষে যশস্বী বলেন, ' অবশ্যই এটা আমার এবং আমার পরিবারের কাছে আবেগের একটা বিষয়। এই সফরটা অনেক লম্বা ছিল। আমার এই সফরে যারা পাশে ছিলেন তাঁদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। অভিষেক টেস্টে এই শতরান আমি আমার মা-বাবাকে উত্সর্গ করতে চাই। ওনাদের বড় অবদান আছে আমার এই জীবনে'

একইসঙ্গে যশস্বী বলেন, 'আমি ঈশ্বরকেও ধন্যবাদ জানাতে চাই। খুব বেশি কিছু বলার নেই। সবেমাত্র শুরু হয়েছে আমার যাত্রাপথ। আমাগীতেও এটা বজায় রাখতে হবে।' দ্বিতীয় দিনের শেষে ১৪৩ রানে অপরাজিত আছেন ভারতীয় এই ওপেনার। দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ২ উইকেটে ৩১২। ব্যাট করছেন যশস্বী ও বিরাট কোহলি।
শতরান করার সময় রোহিত শর্মা তাঁকে অনুপ্রেরণা জুগিয়েছেন তা জানাতে ভুল করলেন না যশস্বী। তাঁর কথায়, 'ব্যাটিং করার সময় বার বারই রোহিত শর্মার সঙ্গে কথা হচ্ছিল, কীভাবে রান করতে হবে সেই বিষয়ে পরামর্শ দেন।’

চার বছর আগে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে সকলের নজরে এসেছিলেন যশস্বী জয়সওয়াল। ভারত ফাইনালে হারলেও পাকিস্তানের বিরুদ্ধে একটি অসাধারণ শতরান সহ টুর্নামেন্টে ৪০০ রান করে সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছিলেন তিনি। এরপর তার প্রতিভা দেখে আইপিএলের রাজস্থান রয়্যালস তাকে সুযোগ দেয়। ২০২০ সালে তার আইপিএল অভিষেক ঘটে। কিন্তু চলতি বছরের আইপিএলে প্রকৃত অর্থে তাঁর প্রতিভার বিকাশ ঘটেছে।
A special dedication after a special start in international cricket! 😊#TeamIndia | #WIvIND | @ybj_19 pic.twitter.com/Dsiwln3rwt
— BCCI (@BCCI) July 14, 2023
আইপিএলে এমারজিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পুরষ্কার পেয়েছেন যশস্বী জয়সওয়াল। টুর্নামেন্টে ১৪ ম্যাচ খেলে তাঁর নামের পাশে ৬২৫ রান। একটি শতরানও করেছেন।গড় ৪৮.০৭, স্ট্রাইকরেট ১৬৩.৬১। সেইসঙ্গে আইপিএলে দ্রুততম অর্ধশতরান তাঁর নামের পাশে। ইডেনে নাইটদের বিরুদ্ধে ১৩ বলে ৫০ রান করে তাক লাগিয়ে দেন রাজস্থানের তরুণ এই ব্যাটসসম্যান।
তবে শুধুমাত্র আইপিএল নয়, প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫ ম্যাচ খেলে ২টি অর্ধশতরান ও ৯টি শতরান সহ ৮০.২১ গড়ে তিনি ১৮৪৫ রান করেছেন। আর এবার অভিষেক টেস্টেই বড় শতরান। ফলে ফের এক বার বলতেই হবে যশস্বী ভব!

ওপেনিং জুটিতে রোহিত ও যশস্বী যোগ করেন ২২৯ রান। যা সর্বাধিক, নতুন রেকর্ড। ওয়স্ট ইন্ডিজের বিরুদ্ধে এর আগে ভারতের মাটিতে ২০০২ সালে ২০১ রান যোগ করেছিলেন সঞ্জয় বাঙ্গার ও বীরেন্দ্র শেহওয়াগ। সেই নজির এদিন ভেঙে গেল।












Click it and Unblock the Notifications