India vs West Indies Tests: স্বপ্নের অভিষেক, ম্যাচ সেরা হয়ে কাকে কৃতিত্ব দিলেন যশস্বী?
স্বপ্নের অভিষেক বোধহয় একেই বলে। টিম ইন্ডিয়ার জার্সিতে প্রথম টেস্ট খেলতে নেমেই শতরান। তারউপর ম্যান অফ দ্য ম্যাচের শিরোপাও পেলেন যশস্বী জয়সওয়াল। দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন দিনে অনায়াস জয়ের থেকেও এই ম্যাচে বড় প্রাপ্তি যশস্বী জয়সওয়াল। দীর্ঘদিন ধরেই টেস্ট ক্রিকেটে ভারতীয় দল ওপেনিংয়ের সমস্যায় ভুগছিল। ডমিনিকাতে সেই সমস্যার সমাধান করলেন তরুণ বাঁ হাতি ব্যাটসম্যান।
টিম ম্যানেজমেন্ট তাঁর উপর আস্থা রেখেছিল, যশস্বীও বোঝালেন তিনি লম্বা রেসে ঘোড়া। ম্যাচ শেষে ভারতীয় ওপেনার বলেছেন, 'আমি অনেকবার দ্রাবিড় স্যারের সঙ্গে কথা বলেছি, তিনি আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছেন। আমি ধন্যবাদ জানাতে চাই রোহিত ভাই এবং নির্বাচকদের, ওনারা আমার উপর আস্থা রেখেছিলেন। আমি শুধুমাত্র প্রস্তুতি নিয়েই ভেবেছিলাম এবং আমার শৃঙ্খলা ও প্রক্রিয়াতে আস্থা রেখেছিলাম।'

ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন টিম ইন্ডিয়ার জার্সিতে খেলার। অনেক কঠিন পথ পেরিয়ে অবশ্য সেই স্বপ্নপূরণ হল যশস্বীর। ফলে কিছুটা আবেগতাড়িত তরুণ এই ক্রিকেটার। তাঁর কথায়, 'এটা আমার কাছে বিশেষ একটা মুহূর্ত। ছোটবেলা থেকেই আমি ভাবতাম দেশের হয়ে খেলার কথা। এটা আমার কাছে আবেগের, তবে সবেমাত্র সূচনা হয়েছে।'
তাঁর এই কঠিন যাত্রাপথে যাঁরা সাহায্য করেছেন সাফল্যের দিনে প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন যশস্বী। তাঁর কথায়, 'সিনিয়র ক্রিকেটার সহ প্রত্যেকে আমি ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে রোহিত ভাই এবং বিরাট ভাইয়ের কথা বলব, যাদের থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি।'

যশস্বীর উচ্ছসিত প্রশংসা করেন রোহিত শর্মাও। ভারত অধিনায়কের কথায়, 'ওর মধ্যে প্রতিভা আছে, আমরা সেটা প্রত্যেকেই জানি।বিগত কয়েক বছর ধরেই ও বুঝিয়েছে বড় মঞ্চে খেলার জন্য তৈরি সে। ধৈর্য্যশীল ব্যাটিং করেছে।আমি ওকে বলব সময়টা উপভোগ করতে।'
ডমিনিকার উইন্ডসর পার্কে আগাগোড়াই ব্যাটে-বলে দাপট দেখিয়েছে ভারত। ভারতের সামনে নখদন্তহীন ক্যারিবিয়ান টিম কার্যত অসহায়। প্রথম দিন থেকে পিছিয়ে ছিল ক্যারিবিয়ান টিম। প্রথম ইনিংসে ১৫০ রানে গুটিয়ে গিয়েছিল। দ্বিতীয় ইনিংসেও খারাপ সূচনাটা। ফলে জয় পেতে সমস্যা হয়নি ভারতীয় দলের। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০-তে এগিয়ে গেল ভারত।

এই নিয়ে বিদেশের মাটিতে পাঁচবার এক ইনিংসে জয় পেল ভারত। ১৯৭৮ সালে সিডনিতে অজিদের বিরুদ্ধে ইনিংস ও ২ রান প্রথম এই জয় পায় ভারত।হেডিংলিতে ২০০২ সালে ইনিংস এবং ৪৬ রান ইংল্যান্ডের বিরুদ্ধে জেতে সৌরভের দল। বুলাওয়ে ২০০৫ সালে জিম্বাবোয়েকে ইনিংস এবং ৯০ রানে হারায় ভারত।২০১৬সালে ইনিংস ও ৯২ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারায় টিম ইন্ডিয়া।এবার ডমিনিকাতে জয় এল ইনিংসে।












Click it and Unblock the Notifications