India vs West Indies Tests: ঐতিহাসিক টেস্টেই অভিষেক মুকেশ কুমারের! কী জানালেন অধিনায়ক রোহিত?
ডমিনিকায় প্রথম টেস্টে অনায়াস জয় এসেছে। পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে বৃহস্পতিবার থেকে শুরু দ্বিতীয় টেস্ট। দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই নামছে টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ যতই দুর্বল হোক, প্রতিরোধ গড়তে না পারুক। ঐতিহাসিকভাবে ম্যাচটার গুরুত্ব কম নয়। দুই দলের এটি শততম টেস্ট ম্যাচ।
প্রথম টেস্টে যশস্বী জয়সওয়াল এবং ঈশান কিষনের অভিষেক হয়েছিল। তিন নম্বরে নেমেছিলেন শুভমন গিল। দ্বিতীয় টেস্টেও পূর্ণশক্তি নিয়েই নামতে চান রোহিত। খুব বেশি যে পরীক্ষা নীরীক্ষা হবে না তা জানিয়ে দিয়েছেন ভারত অধিনায়ক। তবে দুই-একটি পরিবর্তন হতে পারে ভারতীয় দলে।

শেষ ম্যাচের দলে জয়দেব উনাদকাট ছাড়া সকলকেই ভালো পারফরম্যান্স করেছেন। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ততটা অভিজ্ঞতা নেই সৌরাষ্ট্রের পেসারের। ডমিনিকায় নতুন বলে মহম্মদ সিরাজের বোলিং সঙ্গী ছিলেন উনাদকাট। তবে ভরসা দিতে পারেননি। রোহিত শর্মাও তাঁকে খুব বেশি ব্যবহার করেননি। দ্বিতীয় ম্যাচে জয়দেব উনাদকাটের পরিবর্তে টেস্ট অভিষেক হতে পারে মুকেশ কুমারের।
বঙ্গ পেসার শুরু থেকেই দলের সঙ্গে আছেন। ঋদ্ধিমান সাহা ডাক পান না, সাম্প্রতিককালে ভারতীয় দলে বাংলার প্রতিনিধি মহম্মদ শামি। কিন্তু এই সিরিজে শামি না থাকায় মুকেশের দিকেই তাকিয়ে বঙ্গ ক্রিকেট মহল। অবশ্যই তৃতীয় স্পিনার হিসেবে অক্ষর প্যাটেলকেও খেলানো হতে পারে।

ম্যাচের আগে রোহিত শর্মা বলেন, 'ডমিনিকায় পিচ এবং পরিস্থিতি সম্পর্কে আমাদের পরিষ্কার ধারনা ছিল। এখানকার পরিস্থিতি সম্পর্কে এখনও অবধি পরিষ্কার কিছু জানা নেই। তবে আমার মনে হয় না একাদশে বেশি কিছু পরিবর্তন হবে। পরিস্থিতি বুঝে ম্যাচের আগেই সিদ্ধান্ত নেব।'
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ভারতের ১০০তম টেস্টে দলকে নেতৃত্ব দেবেন রোহিত। দুই দলের কাছেই এই টেস্ট ঐতিহাসিক। ভারত অধিনায়কের বক্তব্য, 'এই টেস্টে দলকে নেতৃত্ব দেওয়া বিরাট সম্মানের। আশা করি, সকলকে গর্বিত করতে পারব।'

পোর্ট অব স্পেনে দ্বিতীয় টেস্ট। ডমিনিকায় এক পেশে ম্যাচ হয়েছে। ওয়েস্ট টিমের যা হাল এমন ফলই প্রত্যাশিত ছিল। যদিও তাঁদের অসহায় আত্মসমর্পণ অবাক করেছে অনেককেই। ভারত অধিনায়ক রোহিত শর্মা মনে করছেন, দ্বিতীয় টেস্টে প্রতিরোধ গড়বে ওয়েস্ট ইন্ডিজ।
প্রতিপক্ষ দলের শক্তি দুর্বলতা নিয়ে খুব একটা ভাবতে নারাজ টিম ইন্ডিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের শুরুতেই পয়েন্ট বাড়িয়ে রাখাই লক্ষ্য ভারতীয় দলের।












Click it and Unblock the Notifications