India vs West Indies Tests: ভারতীয় দলে নবজোয়ার! ঈশান কিষাণের আগে ঝাড়খণ্ডের কতজন টেস্ট খেলেছেন?
India vs West Indies Tests: ভারতীয় টেস্ট দলেও এবার নবজোয়ার। ডমিনিকা টেস্টে ভারতীয় দলে অভিষেক হয়েছে ঈশান কিষাণ ও যশস্বী জয়সওয়ালের। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর বাদ কেএস ভরত।
ঈশান কিষাণ আজকের দিনটির অপেক্ষাতেই ছিলেন। টেস্ট অভিষেকের পর শিকারও ঝুলিতে পুরেছেন। অপেক্ষা ব্যাট হাতে দলকে ভরসা দেওয়ার।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উইকেটকিপিং করেছিলেন কেএস ভরত। তবে ব্যাট হাতে ভরসা দিতে পারেননি। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে ভারতের অভিযান শুরু হয়েছে আজ থেকেই। দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচের রাশ শুরু থেকেই নিয়েছে ভারত।
ভরত দলে থাকলেও দুই টেস্টের সিরিজে ঈশান কিষাণকেই সুযোগ দেওয়া হয়েছে। এতে সোশ্যাল মিডিয়ায় টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের কটাক্ষ করছেন নেটিজেনরা। বেশিরভাগেরই মতে, ঋষভ পন্থের অনুপস্থিতিতে ভরতকে খেলানো ভারতের ভুল হয়েছিল। এমনিতেও ঋদ্ধিমান সাহাকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে খেলানোর দাবি উঠেছিল আগেই।

ঈশান কিষাণ দেশের হয়ে ১৪টি একদিনের আন্তর্জাতিক খেলেছেন। টি ২০ আন্তর্জাতিক খেলেছেন ২৭টি। পন্থের মতো উইকেটকিপার হিসেবে আগ্রাসী ব্যাটিং করতে পারেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ৬টি শতরান ও ১৬টি অর্ধশতরান রয়েছে। ওডিআইয়ে খেলেছিলেন ২১০ রানের ইনিংস। টি ২০ আন্তর্জাতিকে সর্বাধিক স্কোর ৮৯।
রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে খেলেন। কিষাণের দক্ষতায় ক্যাপ্টেনের আস্থা ছিলই। এবার সুযোগ পেয়ে জায়গা পাকা করাই লক্ষ্য কিষাণের। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, প্রথম যখন লাল বলে খেলা শুরু করেন, তাঁর বাবা বলেছিলেন এটাই আসল ক্রিকেট। ক্রিকেটারের দক্ষতা মেলে ধরার চ্যালেঞ্জ এখানেই সবচেয়ে বেশি।
উত্তম মজুমদারের ছাত্র ঈশান কিষাণের আগে ঝাড়খণ্ডের মাত্র তিনজন ক্রিকেটার টেস্ট ক্রিকেট খেলেছেন। মহেন্দ্র সিং ধোনির পর কিষাণ ঝাড়খণ্ডের দ্বিতীয় ক্রিকেটার যিনি টেস্ট খেলার সুযোগ পেলেন। ধোনির টেস্ট অভিষেক হয়েছিল ২০০৫ সালে চেন্নাইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে। ধোনি ৯০টি টেস্ট খেলেছেন।
ঝাড়খণ্ডের বরুণ অ্যারনের টেস্ট অভিষেক ২০১১ সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ৯ টেস্টে ১৮টি টেস্ট উইকেট রয়েছে। শাহবাজ নাদিম ঝাড়খণ্ডের তৃতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট খেলেন। ২০১৯ সালে রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট অভিষেক। ২টি টেস্টের মধ্যে আরেকটি খেলেন ২০২১ সালে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে। ৮ উইকেট পেয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজ টস জিতে ব্য়াট করতে নেমে প্রথম দিনের মধ্যাহ্নভোজের বিরতির পর জলপানের বিরতিতে ৪৬ ওভারে ৫ উইকেটে ১০৫ রান তুলেছে। অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েট ২০, ত্যাগনারায়ণ চন্দ্রপল ১২, রেমন রেইফার ২, জার্মেইন ব্ল্যাকউড ১৪ ও জোশুয়া ডি সিলভা ২ রানে আউট হয়েছেন।
অভিষেক টেস্টে দলকে ভরসা দিচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের মিডল অর্ডার ব্যাটার আলিক আথানাজে। রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা দুটি করে ও শার্দুল ঠাকুর একটি উইকেট নেন। ব্ল্যাকউডের ক্যাচ নিতে গিয়ে মাথায় চোট পান মহম্মদ সিরাজ, তবে বড় বিপদ ঘটেনি। রেইফারের পাশাপাশি জোশুয়ার ক্যাচ ধরেছেন কিষাণ।












Click it and Unblock the Notifications