India vs West Indies Tests: ডমিনিকা টেস্ট ডমিনেট ভারতের! ওয়েস্ট ইন্ডিজ থামল ১৫০ রানে, অশ্বিনের ৫ উইকেটে নজির
India vs West Indies Tests: ডমিনিকায় প্রথম টেস্টে দাপট ভারতের। ওয়েস্ট ইন্ডিজ টস জিতে ব্যাট করতে নেমে গুটিয়ে গেল মাত্র দেড়শো রানে। ভারতের স্পিনারদের কাছেই আত্মসমর্পণ ক্যারিবিয়ান বাহিনীর।
রবিচন্দ্রন অশ্বিন নিলেন পাঁচ উইকেট। সেই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর উইকেট-সংখ্যা হলো ৭০২। হরভজন সিংকে টপকাতে চাই আর ৬ উইকেট। যা চলতি সিরিজেই হয়ে যেতে পারে।

২০১৫ সাল থেকে ধরলে কোনও টেস্টের প্রথম দিনেই পাঁচ উইকেট নেওয়ার নজির তিনবার করে রয়েছে পাঁচ বোলারের। তাঁদের মধ্যে দুজন স্পিনার- অস্ট্রেলিয়ার নাথান লিয়ঁ ও রবিচন্দ্রন অশ্বিন। টেস্টে ৩৩ বার পাঁচ উইকেট নিয়ে অশ্বিন এদিন টপকে গেলেন জেমস অ্যান্ডারসনের নজির।
অশ্বিনের চেয়ে বেশিবার টেস্টে ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন এমন বোলাররা হলেন রঙ্গনা হেরাথ (৩৪), অনিল কুম্বলে (৩৫), রিচার্ড হ্যাডলি (৩৬), শেন ওয়ার্ন (৩৭) ও মুথাইয়া মুরলীধরন (৬৭)। মুরলীর কীর্তি ধরাছোঁয়ার বাইরে হলেও ওয়ার্নের নজির টপকাতেই পারেন অশ্বিন।

ব্যাটিং সহায়ক পিচে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েট টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। কিন্তু চা বিরতির পর ৬৪.৩ ওভারেই ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে যবনিকা পতন ঘটে। অভিষেক টেস্টে ৯৯ বলে সর্বাধিক ৪৭ রান করেন অ্যালিক আথানাজে। দীর্ঘদেহী রাহকিম কর্নওয়াল ৩৪ বলে ১৯ রানে অপরাজিত থাকেন।

ত্যাগনারায়ণ চন্দ্রপল ১২, রেমন রেইফার ২, জার্মেইন ব্ল্যাকউড ১৪, জোশুয়া দ্য সিলভা ২, জেসন হোল্ডার ১৮, আলজারি জোসেফ ৪, কেমার রোচ ১ ও জোমেল ওয়ারিয়াকান ১ রান করেন। চন্দ্রপলকে বোল্ড করে এদিন অনন্য নজির গড়েন অশ্বিন। প্রথম ভারতীয় বোলার হিসেবে টেস্টে পিতা ও পুত্রের উইকেট ঝুলিতে পুরলেন ভারতীয় অফ স্পিনার।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রে ভারতের হয়ে সর্বাধিক উইকেট নিলেও অশ্বিনকে ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলায়নি ভারত। কিন্তু তাঁকে এদিন দলে ফেরানো হয়। ২৪.৩ ওভারে ৬টি মেডেন-সহ ৬০ রানে পাঁচ উইকেট নিলেন অশ্বিন। রবীন্দ্র জাদেজা ৭টি মেডেন-সহ ১৪ ওভারে ২৬ রান দিয়ে নিলেন ৩ উইকেট।

মহম্মদ সিরাজের ১২ ওভারে ২টি মেডেন ২৫ রান দিয়ে তিনি একটি উইকেট পেলেন। তিনটি মেডেন-সহ ৭ ওভারে ১৫ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন শার্দুল ঠাকুর। ৭ ওভারে ২টি মেডেন-সহ ১৭ রান খরচ করলেও উইকেট পাননি জয়দেব উনাদকাট।












Click it and Unblock the Notifications