India vs West Indies Tests: পিতার পর পুত্রের উইকেট! অশ্বিন প্রথম ভারতীয় হিসেবে ডমিনিকা টেস্টে গড়লেন নজির
India vs West Indies Tests: ডমিনিকায় আজ থেকে শুরু হলো ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দুই ওপেনারকে প্যাভিলিয়নে পাঠিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।
ত্রয়োদশ ওভারের পঞ্চম বলে তিনি বোল্ড করে দেন ত্যাগনারায়ণ চন্দ্রপলকে (Tagenarine Chanderpaul)। এই উইকেটটি তুলে নিয়েই প্রথম ভারতীয় হিসেবে নয়া নজির গড়লেন ভারতের ১ নম্বর অফ স্পিনার।

শিবনারায়ণ চন্দ্রপলকে টেস্টে অশ্বিন আউট করেছেন চারবার। এবার তুলে নিলেন তাঁর পুত্রের উইকেট। ভারতীয় হিসেবে টেস্টে এমন নজির আর কোনও বোলারের নেই। চন্দ্রপল ৪৪ বল খেলে খেলে ১২ রান করে ফিরলেন অশ্বিনের ম্যাজিক বলে বোল্ড হয়ে। অশ্বিন তৃতীয় ভারতীয় হিসেবে সাতশো আন্তর্জাতিক উইকেটের মাইলস্টোন থেকে আর এক কদম দূরে।
When nothing happened, we 'turned' to Ashwin!
— FanCode (@FanCode) July 12, 2023
.
.#INDvWIonFanCode #WIvIND pic.twitter.com/wwPuS1QZG2

অনিল কুম্বলে আন্তর্জাতিক ক্রিকেটে ৯৫৩ ও হরভজন সিং ৭০৭টি উইকেট নিয়েছেন। এই টেস্ট শুরুর আগে অশ্বিনের উইকেট সংখ্যা ছিল ৬৯৭। ৬৯৮তম শিকার হন জুনিয়র চন্দ্রপল। এরপর অশ্বিন তুলে নেন অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েটের (Kraigg Brathwaite)-এর উইকেট। তিনি ৪৬ বলে ২০ রান করেন।
টস জিতে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করলেও ১৬ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে ধুঁকছে ক্যারিবিয়ানরা। দলের ৩১ রানে চন্দ্রপল ও ৩৮ রানে ব্রাথওয়েট সাজঘরে ফিরেছিলেন। এরপর ১৮ বলে ২ রান করে শার্দুল ঠাকুরের বলে উইকেটকিপার ঈশান কিষাণের হাতে ক্যাচ দিয়েছেন রেমন রেইফার। ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় উইকেট পড়েছে ৪৭ রানের মাথায়।
ভারতের হয়ে এদিন টেস্ট অভিষেক হলো যশস্বী জয়সওয়াল ও ঈশান কিষাণের। ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রথম টেস্ট খেলছেন আলিক আথাঞ্জে। ভারত খেলছে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে। মহম্মদ সিরাজ, জয়দেব উনাদকাট ও শার্দুল ঠাকুরের সঙ্গে রয়েছেন জাদেজা ও অশ্বিন।












Click it and Unblock the Notifications