India vs West Indies 1st Test: ভারত ডমিনিকায় ইনিংস জয়ের সন্ধানে, বিরাটের শতরান হাতছাড়া, ব্যর্থ রাহানে
India vs West Indies 1st Test: ডমিনিকা টেস্ট বড় অঘটন না ঘটলে চতুর্থ দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত প্রথম ইনিংসে ২৭১ রানের লিড নিয়েছে।
প্রথম ইনিংসে ক্রেগ ব্রাথওয়েটের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয়ে গিয়েছিল দেড়শো রানে। আজ চা বিরতির আগে এক ঘণ্টার কিছুটা বেশি সময় খেলতে হবে ক্যারিবিয়ানদের। আজ ৪৮ ওভার খেলা হাতে রেখে ৫ উইকেটে ৪২১ তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করেছে ভারত।

দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ছিল ১১৩ ওভারে ২ উইকেটে ৩১২। মধ্যাহ্নভোজের বিরতিতে তা গিয়ে দাঁড়ায় ১৪২ ওভারে ৪ উইকেটে ৪০০। যশস্বী জয়সওয়াল অভিষেক টেস্টে ৫০১ মিনিট ক্রিজে কাটিয়ে ১৬টি চার ও একটি ছয়ের সাহায্যে করেন ৩৮৭ বলে ১৭১। যশস্বী আউট হলে ভারতের স্কোর হয় ১২৬ ওভারে ৩ উইকেটে ৩৫০।
এরপর বিরাট কোহলির সঙ্গে জুটি বাঁধতে আসেন সহ অধিনায়ক অজিঙ্ক রাহানে। তিনি ১১ বল খেলে ৩ রান করে কেমার রোচের শিকার। ১২৯.১ ওভারে ৩৫৬ রানে পড়ে ভারতের চতুর্থ উইকেট। মধ্যাহ্নভোজের বিরতির পর বিরাট কোহলির উইকেটটি তুলে নেন রাহকিম কর্নওয়াল। আপাতনিরীহ বলে বিরাট ক্যাচ দিয়ে ফেরেন ১৮২ বলে ৭৬ রান করে।

কোহলি টেস্ট কেরিয়ারের ২৯তম অর্ধশতরানটি করেন ১৪৭ বল খেলে। তবে ২৯তম টেস্ট শতরানটি এদিন মাঠেই ফেলে এলেন। কোহলির ইনিংসে রয়েছে ৫টি বাউন্ডারি। বিরাট আউট হলে ভারতের স্কোর হয় ১৪৫.২ ওভারে ৫ উইকেটে ৪০৫।

এরপর আর বেশিক্ষণ ব্যাটিংয়ের পথে হাঁটেনি ভারত। ১৫২.২ ওভারে ৫ উইকেটে ৪২১ রানের মাথায় ইনিংস ডিক্লেয়ার করে দেন অধিনায়ক রোহিত শর্মা। তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে ৮২ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা। ২০ বলে ১ রান করে অপরাজিত থাকেন ঈশান কিষাণ, এই টেস্টেই তাঁরও অভিষেক হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের কেমার রোচ, আলজারি জোসেফ, রাহকিম কর্নওয়াল, জোমেল ওয়ারিকান ও অ্যালিক আথানাজে একটি করে উইকেট দখল করেন। মোট ৯ জন বোলার ব্যবহার করেছেন ক্যারিবিয়ান অধিনায়ক ব্রাথওয়েট।












Click it and Unblock the Notifications