India vs West Indies: ওয়েস্ট ইন্ডিজে বিমান বিভ্রাট, বিসিসিআইয়ের কাছে নালিশ বিরক্ত বিরাট-রোহিতদের
India vs West Indies: ওয়েস্ট ইন্ডিজ সফরে বিমান বিভ্রাটে অসন্তুষ্ট ভারতীয় দল। দ্বিতীয় টেস্টের পর ত্রিনিদাদ থেকে বার্বাডোজ আসার পথে বিমান বিভ্রাটের মুখে পড়ে ভারতীয় দল। এরফলে দীর্ঘক্ষণ বিমান বন্দরে অপেক্ষা করতে হয় রোহিত বিরাটদের। যা নিয়ে বেজায় অসন্তুষ্ট ভারতীয় দল। ইতিমধ্যেই ভারতীয় দলের পক্ষ থেকে গোটা বিষয়টি নিয়ে বিসিসিআইয়ের কাছে অভিযোগও জানিয়েছে টিম ম্যানেজমেন্ট।
গত সোমবার ত্রিনিদাদে দ্বিতীয় টেস্ট শেষের পরই রাতের বিমানে বার্বাডোজ আসার সূচি ছিল ভারতীয় দলের। রাত ১১টার সময় বিমানের নির্ধারিত সূচি থাকলেও বিমানটি বাতিল হওয়ায় দীর্ঘক্ষণ বিমান বন্দরেই অপেক্ষা করতে হয় ক্রিকেটারদের। রাত তিনটের সময় বার্বাডোজ পৌঁছানোর কথা থাকলেও ভারতীয় দল নির্ধারিত গন্তব্যে পৌঁছায় সকালবেলায়।

গোটা ঘটনায় বেজায় চটেছেন দলের তারকা ক্রিকেটাররা। তাঁরা গোটা বিষয়টি টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন। পরবর্তীকালে রাতের পরিবর্তে সকালের বিমানে সফর সূচি রাখার আবেদন জানানো হয়েছে। পোর্ট অফ স্পেনের দ্বিতীয় টেস্টের পঞ্চমদিনের খেলা বৃষ্টিতে ভেস্তে যায়। ১-০ ফলে সিরিজ জেতে ভারতীয় দল।
কী হয়েছিল শেষদিনে? বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছেন, 'স্থানীয় সময় রাত ৮.৪০ মিনিটে ভারতীয় দল হোটেল থেকে বিমান বন্দরের উদ্দেশ্যে রওনা দেয়। ভারতীয় দলের বিমান ছিল রাত ১১টায় এবং বার্বাডোজ পৌঁছানোর কথা ছিল রাত তিনটেই। কিন্তু নির্ধারিত বিমানটি বাতিল হওয়ায় ক্রিকেটারদের দীর্ঘক্ষণ বিমান বন্দরে অপেক্ষা করতে হয়। রাত তিনটের বিমান ধরে পর দিন সকালে তাঁরা গন্তব্যে পৌঁছান।'

সূত্র আরও জানিয়েছে, 'সফরের আগামী দিনগুলিতে ভারতীয় দলের পক্ষ থেকে রাতে যাত্রা না রাখার আবেদন জানানো হয়েছে। ভারতীয় বোর্ড এই আবেদন মেনে নিয়েছে। আগামী দিনে যাত্রার সময় সূচি দিনের বেলায় রাখা হবে।'
বিমান বিভ্রাটের জেরে অনুশীলনে একদিন ছুটি চেয়ে নেন ক্রিকেটাররা। ২৭ এবং ২৯ জুলাই দুটি একদিনের ম্যাচ খেলার পর ভারতীয় দল আবার ত্রিনিদাদে ফিরবেন শেষ একদিনের ম্যাচ খেলার জন্য। এরপর রয়েছে টি টোয়েন্টি সিরিজ।

দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ ভারতের কাছে অবশ্য অনেক দিক থেকেই গুরুত্বপূর্ণ। সেরা কম্বিনেশন খুঁজে নেওয়া মূল উদ্দেশ্য। ২০১৯ সালে ইংল্যান্ড বিশ্বকাপে ভারত সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে ব্যাটিং পজিশনে চার নম্বর নিয়ে। অনেককেই দেখা হয়েছিল। কেউই দীর্ঘমেয়াদী ভরসা দিতে পারেননি । সূর্যকুমার যাদবকে এই পজিশনে দেখা হতে পারে।












Click it and Unblock the Notifications