ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর ফ্যানকোড ছাড়াও কোন চ্যানেলে দেখা যাবে? ম্য়াচগুলি কবে এবং কখন থেকে?
জুলাইয়ে ইংল্যান্ড থেকেই ভারতীয় দল যাবে ওয়েস্ট ইন্ডিজ সফরে। তিনটি একদিনের আন্তর্জাতিক ও পাঁচটি টি ২০ আন্তর্জাতিক খেলতে। কেবল ও স্যাটেলাইট টেলিভিশনের যুগে এই প্রথম ভারতের কোনও সিরিজ দেখা যাবে না বেসরকারি স্পোর্টস চ্যানেলে। ভরসা ওটিটি প্ল্যাটফর্ম এবং দূরদর্শন প্রসার ভারতী।

ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে চুক্তি রয়েছে ফ্যানকোডের। এটির মালিকানা রয়েছে ড্রিম ইলেভেনের। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিদের সিইও জনি গ্রেভ জানিয়েছেন, আমাদের সঙ্গে ফ্যানকোডের চার বছরের চুক্তি রয়েছে। যার ফলে এবার ভারতীয় ক্রিকেটপ্রেমীরা ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ আয়োজিত ম্যাচগুলির লাইভ সম্প্রচার দেখতে পারবেন ডিজিটাল-ফার্স্ট পদ্ধতিতে। যা খেলার দেখার অভিজ্ঞতাই অন্যরকম পর্যায়ে নিয়ে যাবে। ফ্যান ফার্স্ট ডিজিটাল এক্সপিরিয়েন্স উপভোক্তাদের দিতে পারছেন বলে উচ্ছ্বসিত ফ্যানকোডের অন্যতম কর্ণধার প্রসন্ন কৃষ্ণন। পছন্দের ভাষায় খেলার ধারাবিবরণী শুনতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। থাকবে ম্যাচ গ্রাফিক্স, রিয়াল টাইম হাইলাইটস।

ফ্যানকোডের সঙ্গে ডিডিতেও সম্প্রচার
ফ্যানকোডে খেলা দেখতে গেলে সাবস্ক্রাইব করতে হবে ক্রিকেটপ্রেমীদের। তাছাড়া অনেকেই প্রযুক্তির সঙ্গে ততটা সড়গড় নন। ভারতের ক্রিকেটপ্রেমীরা বেশিরভাগ টিভিতেই চোখ রাখেন। ফলে কোনও বেসরকারি চ্যানেলে খেলা দেখানো হবে না জানতে পারার পর অনেকেই মুষড়ে পড়েন। যদিও চিন্তার কোনও কারণ নেই। যারাই খেলা দেখার তাদের ফিড শেয়ার করতে হবে দূরদর্শনকে। ফলে প্রসার ভারতীর ডিডি চ্যানেলগুলিতে সম্প্রচারিত হবে এই সিরিজের ম্যাচগুলি।

একদিনের সিরিজ
ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের একদিনের ম্যাচগুলি হবে পোর্ট অব স্পেনে। জুলাইয়ের ২২, ২৪ ও ২৭ তারিখ। একদিনের সিরিজের ম্যাচগুলি শুরু ভারতীয় সময় সন্ধ্যা ৭টা থেকে।

টি ২০ সিরিজ
পাঁচ ম্যাচের টি ২০ সিরিজের খেলাগুলি শুরু ২৯ জুলাই থেকে। প্রথম টি ২০ আন্তর্জাতিক টারৌবায়। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ সেন্ট কিটস ও নেভিসের বাস্তারে। সিরিজের শেষ দুটি ম্যাচ হবে আমেরিকার ফ্লোরিডার লডারহিলে। টি ২০ সিরিজের খেলাগুলি হবে জুলাইয়ের ২৯ এবং অগাস্টের ১, ২, ৬ ও ৭ তারিখ। টি ২০ ম্যাচগুলি শুরু ভারতীয় সময় রাত ৮টা থেকে। তবে ভারত এই সিরিজে পূর্ণশক্তির দল পাঠাবে, নাকি ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য তারকাদের বিশ্রাম দেবে তা স্পষ্ট নয়।












Click it and Unblock the Notifications