দিল্লি টেস্টের পিচ ব্যাটিং সহায়ক, সুবিধা পাবেন স্পিনাররা, গম্ভীরের বাসভবনে নৈশভোজে আমন্ত্রিত ভারতীয় দল
দিল্লিতে শুক্রবার থেকে শুরু ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট। দুই টেস্টের সিরিজে ভারত এগিয়ে রয়েছে ১-০-তে। আড়াই দিনেই আমেদাবাদ টেস্ট জিতেছেন শুভমান গিলরা।
আজ ভারতীয় দলকে নৈশভোজে নিজের বাসভবনে আমন্ত্রণ জানিয়েছেন হেড কোচ গৌতম গম্ভীর। সূত্রের খবর, বাড়ির বাগানে খোলা আকাশের নীচে ডিনারের পরিকল্পনা রয়েছে। তবে বৃষ্টি হলে তা সম্ভব হবে না।

আজ অরুণ জেটলি স্টেডিয়ামে দুই দলই অনুশীলন সেরেছে। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সিরিজ হার বাঁচানো খুবই কঠিন। ভারত চাইছে সিরিজ হোয়াইটওয়াশ নিশ্চিত করতে। গোটা দলকেই ফুরফুরে মেজাজেই দেখিয়েছে।
সাপোর্ট স্টাফদের নিয়ে পিচের চরিত্র অনুধাবনের চেষ্টা করেছেন গম্ভীর। তাঁর সঙ্গে ছিলেন অধিনায়ক শুভমান গিল, সহ অধিনায়ক রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদবরা। আমেদাবাদে লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা ও ধ্রুব জুরেল শতরান করেছিলেন। আজও পুরোদমে নেট প্র্যাকটিস সারলেন তাঁরা। ক্যাচিং অনুশীলনেও জোর দেওয়া হয়।
দ্বিতীয় টেস্টের জন্য কালো মাটির পিচ বানানো হয়েছে বলে ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে উল্লেখ। উইকেটে কিছু জায়গায় হাল্কা ঘাসের আস্তরণ থাকলেও অনেক জায়গাই ন্যাড়া। ফলে মনে করা হচ্ছে, উইকেট ব্যাটিং সহায়ক হবে। পিচ ভাঙতে শুরু করলে পরের দিকে সাফল্য পাবেন স্পিনাররা।
২০২৩ সালে অরুণ জেটলি স্টেডিয়ামে শেষ টেস্ট হয়েছিল। বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্টে স্লো টার্নারে অস্ট্রেলিয়া টস জিতে ব্যাট নিলেও হেরে গিয়েছিল তিন দিনের মধ্যেই। ভারত জিতেছিল ৬ উইকেটে। আমেদাবাদের সবুজ পিচে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা মোটেই স্বস্তিতে ছিলেন না। প্রথম ইনিংসে ৪৪.১ ওভার ও দ্বিতীয় ইনিংসে ৪৫.১ ওভারেই প্রতিপক্ষের ১০টি করে উইকেট তুলে নেন ভারতীয় বোলাররা। ভারত জয় পায় ইনিংস ও ১৪০ রানে।












Click it and Unblock the Notifications