India vs West Indies ODI: বিশ্রাম দিয়ে দেশে ফেরানো হল, সিরাজকে নিয়ে নতুন জল্পনা
বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ একদিনের সিরিজ। ওডিআই সিরিজ শুরুর আগেই বড় আপডেট ভারতীয় দলে। বিশ্রামে পাঠানো হল মহম্মদ সিরাজকে। অশ্বিন-রাহানে-কেএস ভরতদের সঙ্গে দেশে ফেরানো হল সিরাজকেও। কেন তাঁকে বিশ্রামে পাঠানো হল? এই নিয়ে বেলা গড়াতেই বিসিসিআইয়ের পক্ষ থেকে সরকারিভাবে জানানো হল।
চোটের জন্য বুমরাহ নেই, শামিও এই সিরিজে বিশ্রামে। ফলে সিরাজই ছিলেন ক্যারিবিয়ান সফরে পেস অ্যাটাকের নেতৃত্বে। তবে তাঁকেও এবার বিশ্রামে পাঠানো হচ্ছে। কারণ গোড়ালিতে ব্যাথা অনুভব করছেন সিরাজ। মেডিকেল টিমের পরামর্শ অনুসারেই বিশ্রামে পাঠানো হচ্ছে সিরাজকে। ফলে একদিনের সিরিজে ভারতীয় বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন শার্দূল ঠাকুর। সিরাজের বিকল্প ক্রিকেটার এই সিরিজে নেওয়া হচ্ছে না, বিসিসিআইয়ের পক্ষ থেকে এমনই বিবৃতি এসেছে।

হঠাৎ করে সিরাজকে বিশ্রাম দেওয়া হল তা নিয়ে শুরু হয়েছিল নতুন জল্পনা। এরআগে ক্রিকইনফোর প্রতিবেদন অনুসারে বিশ্বকাপের আগে ধকল কমানোর জন্য সিরাজকে বিশ্রাম দেওয়া হয়েছে। কিন্তু বোর্ডের বার্তা কিছুটা হলেও উদ্বেগজনক। হালকা হলেও চোটের কবলে পড়লেন আরও এক ক্রিকেটার।
আগামী কয়েকমাসে ঠাসা ক্রীড়াসূচি রয়েছে ভারতীয় দলের। সবথেকে গুরুত্বপূর্ণ অক্টোবর-নভেম্বর মাসে ঘরের মাঠে বিশ্বকাপ। তার আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ এবং এশিয়া কাপ রয়েছে। বুমরাহ না থাকায় শামির সঙ্গে ভারতীয় দলের পেস অ্যাটাকে নির্ভরতা দিচ্ছেন সিরাজ। ফলে তাঁর উপর ধকল কমাতেই সম্ভবত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে হায়দরাবাদী পেসারকে বিশ্রামে রাখা হয়েছে, এমনটাই প্রাথমিকভাবে মনে করা হয়েছিল।

ক্যারিবিয়ান সফরে দুটি টেস্ট ম্যাচে সিরাজের নামের পাশে সাত উইকেট। এমনকি ত্রিনিদাদে দ্বিতীয় টেস্টে পাঁচ উইকেট নিয়ে ম্যাচের সেরাও হয়েছেন ভারতীয় দলের এই তারকা পেসার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ থেকে আগেই বিশ্রাম দেওয়া হয়েছিল সিরাজকে। এবার একদিনের সিরিজের আগেই তাঁকে দেশে ফেরানো হল।
সিরাজের অনুপস্থিতিতে ভারতীয় দলের সবথেকে অভিজ্ঞ পেসারের নাম শার্দূল ঠাকুর। ৩৫ ম্যাচে তাঁর নামের পাশে ৫০ উইকেট। এছাড়াও বাকি তিন জন পেসার হলেন উমরান মালিক, জয়দেব উনাদকাট এবং মুকেশ কুমার।এই তিনজনের মিলিত একদিনের ম্যাচের সংখ্যা ১৫। যদিও মুকেশ কুমারের একদিনে সিরিজে অভিষেকই হয়নি। সিরাজের পরিবর্তে এই সিরিজে অন্য কোনও ক্রিকেটার নাও হতে পারে। কারণ হার্দিক পাণ্ডিয়া দলে আছেন।

২০২২ সালের মার্চ মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচ খেলেছিলেন সিরাজ। চলতি বছরে আইপিএলে আরসিবির হয়ে ১৯ উইকেট নেন। এমনকি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিয়েছিলেন ৫ উইকেট।
এখনও বুমরাহের চূড়ান্ত ফিটনেস রিপোর্ট আসেনি। ফলে এশিয়া কাপ হোক বা বিশ্বকাপ শামির সঙ্গী হিসাবে বাড়তি দায়িত্ব নিতে হবে সিরাজকে। তাই তাঁকে তরতাজা রাখার পরিকল্পনা নিয়েছে বিসিসিআই












Click it and Unblock the Notifications